আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

বিহারে মুসলিম নারী চিকিৎসকের হিজাব খোলার ঘটনা

নিতীশ কুমারের পদত্যাগ দাবি বিভিন্ন দলের নেতাদের

আতিকুর রহমান নগরী

নিতীশ কুমারের পদত্যাগ দাবি বিভিন্ন দলের নেতাদের
ভারতের বিহারের মুখ্যমন্ত্রী নিতীশ কুমার।

ভারতের বিহার রাজ্যের মুখ্যমন্ত্রী নিতীশ কুমার গত সোমবার (১৫ ডিসেম্বর) একটি সরকারি অনুষ্ঠানে একজন মুসলিম নারী চিকিৎসকের হিজাব টেনে নামিয়ে ফেলেন। এ ঘটনায় ভারতজুড়ে সৃষ্টি হয়েছে তীব্র প্রতিক্রিয়া। বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা মঙ্গলবার কঠোরভাবে নিন্দা জানিয়ে বিহারের মুখ্যমন্ত্রী নিতীশ কুমারকে ক্ষমা চাইতে বলেছেন এবং পদত্যাগের আহ্বান জানিয়েছেন।

বিজ্ঞাপন

ভিডিওতে দেখা যায়, আয়ুষ (আয়ুর্বেদ, যোগ ও ন্যাচারোপ্যাথি, ইউনানি, সিদ্ধা ও হোমিওপ্যাথি) চিকিৎসকের হাতে নিয়োগপত্র তুলে দেওয়ার সময় মুখ্যমন্ত্রী ওই নারী চিকিৎসকের হিজাব টান দিয়ে খুলে দেন। ঘটনাটি প্রকাশ্যে আসার পর বিরোধী দলগুলো মুখ্যমন্ত্রীর মানসিক অবস্থা নিয়ে প্রশ্ন তুলেছে। কংগ্রেস দল এই ঘটনাকে ‘লজ্জাজনক’ ও ‘ঘৃণ্য’ আখ্যায়িত করে নীতিশ কুমারের পদত্যাগের দাবি করেছে।

বিভিন্ন দলের প্রতিক্রিয়া:

পিডিএফ সভাপতি ও প্রাক্তন মুখ্যমন্ত্রী মেহবুবা মুফতি লিখেছেন, “এক যুবতী মুসলিম নারীর নিকাব টেনে নামাতে দেখে আমি স্তম্ভিত। এটা কি বয়সজনিত কারণে, নাকি মুসলিমদের জনসম্মুখে অপমান করার ক্রমবর্ধমান স্বাভাবিকীকরণের অংশ? নিতীশ সাহেব, সম্ভবত পদত্যাগের সময় এসেছে।”

ন্যাশনাল কনফারেন্সের সাংসদ আগা রুহুল্লাহ বলেন, “মুখ্যমন্ত্রী নিতীশ কুমারের এই আচরণ অযৌক্তিক এবং গভীরভাবে উদ্বেগজনক। তিনি ওই নারী এবং জনগণের কাছে নিঃশর্ত ক্ষমা প্রার্থনা করা উচিত।” তিনি আরও লিখেছেন, “এ ধরনের আচরণ একজন সাংবিধানিক পদে থাকা ব্যক্তির জন্য গ্রহণযোগ্য নয়। তিনি যদি অসুস্থ বোধ করেন, পদত্যাগ এবং চিকিৎসা গ্রহণ জরুরি।”

ন্যাশনাল কনফারেন্সের রাজ্য মুখপাত্র ইমরান নবি দার এই ঘটনাকে ব্যক্তিগত মর্যাদা, ধর্মীয় স্বাধীনতা এবং সাংবিধানিক অধিকার লঙ্ঘনের চরম উদাহরণ উল্লেখ করেছেন। তিনি বলেন, “এই আচরণ কোনো সরকারি কর্মকর্তার পক্ষে গ্রহণযোগ্য নয়। মুখ্যমন্ত্রীকে অবিলম্বে নিঃশর্ত ক্ষমা চাওয়া উচিত এবং নিশ্চিত করতে হবে যে ভবিষ্যতে কোনো নাগরিক, বিশেষ করে নারী ও সংখ্যালঘু সম্প্রদায়ের সদস্যরা এমন অপমানের শিকার হবেন না।”

পিডিএফ নেতা ইলতিজা মুফতি বলেন, “কেবল মুখ্যমন্ত্রী হওয়ার কারণে আপনি কোনো নারীর হিজাব টানতে পারেন না। ক্ষমতা আপনাকে মুসলিমদের অপমান করার অধিকার দেয় না। যদি সুস্থ না হন, পদত্যাগ করুন।”

পিপলস কনফারেন্সের সাধারণ সম্পাদক ও শিয়া নেতা ইমরান আনসারি নিতীশ কুমারের কাছে চিঠি লিখে এই ঘটনার গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। তিনি উল্লেখ করেন, বিহারে প্রায় ১৭% মুসলিম বসবাস করে, যা দুই কোটিরও বেশি মানুষ। তিনি বলেন, “মুখ্যমন্ত্রী রাষ্ট্রের সমস্ত নাগরিকের প্রতিনিধিত্ব করেন, ধর্ম, লিঙ্গ বা রাজনৈতিক পরিচয় নির্বিশেষে। জোরপূর্বক নারীর হিজাব খুলে দেওয়া তার ধর্ম ও ব্যক্তিগত পছন্দের উপর আঘাত এবং ভারতের গণতন্ত্রের নীতির সাথে সম্পূর্ণ বিরোধী।”

আনসারি এবং অন্যান্য নেতারা মুখ্যমন্ত্রীর পক্ষ থেকে নিঃশর্ত ক্ষমা দাবি করেছেন এবং পুনরায় এমন লঙ্ঘন না ঘটানোর গুরুত্বের ওপর জোর দিয়েছেন।

এই ঘটনা ইতিমধ্যেই রাজনৈতিক ও সামাজিক বিতর্ককে উত্তপ্ত করেছে এবং নিতীশ কুমারের পদত্যাগের দাবি জোরালো হচ্ছে।

এসআর

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন