রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সেরগেই ল্যাভরভ সতর্ক করে বলেছেন, ইরানের ওপর যেকোনো মার্কিন হামলার পরিণতি বিপজ্জনক হবে। তিনি বলেন, ইরানে হামলা হবে আগুন নিয়ে খেলার শামিল। সৌদি আরবের সম্প্রচারমাধ্যম আল-আরাবিয়াকে দেওয়া সাক্ষাৎকারে তিনি এসব কথা বলেন। কূটনৈতিক উপায়ে সমস্যা সমাধানের ওপর জোর দিয়েছেন তিনি। খবর টিআরটি ওয়ার্ল্ডের।
তেহরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে অচলাবস্থা নিরসনের লক্ষ্যে জেনেভায় দুই পক্ষের আলোচকদের পরোক্ষ আলোচনার এক দিন পর তিনি এসব কথা বললেন।
ল্যাভরভ বলেন, আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থার তত্ত্বাবধান করা ইরানের পারমাণবিক স্থাপনাগুলোতে হামলা চালানো হয়েছিল। যেভাবে হামলা পরিচালনা করা হয়েছিল, তাতে বড় ধরনের পরমাণু দুর্ঘটনার ঝুঁকি ছিল।
তিনি আরো বলেন, ‘ইরানে সম্ভাব্য হামলার বিষয়ে আমি সতর্কভাবে আরব ও উপসাগরীয় দেশগুলোর সরকারের মনোভাব পর্যবেক্ষণ করেছি। কেউই উত্তেজনা বাড়াতে রাজি নয়। সবাই বুঝতে পারছে যে এটা হলো আগুন নিয়ে খেলা করার শামিল।’
তার মতে, উত্তেজনা বাড়লে সাম্প্রতিক অনেক ইতিবাচক পদক্ষেপ বাতিল হতে পারে। এসবের মধ্যে ইরান এবং প্রতিবেশী দেশগুলোর মধ্যে, বিশেষ করে সৌদি আরবের সঙ্গে যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক স্থাপিত হয়েছে, তা-ও ক্ষতিগ্রস্ত হতে পারে।
আরএ
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন


ইরানে হামলার জন্য যুক্তরাষ্ট্রের সবুজ সংকেতের অপেক্ষায় ইসরাইল
ভারতের এআই সম্মেলনে ভাষণ বাতিল করলেন বিল গেটস