মেক্সিকোর সেনাবাহিনী শীর্ষ মাদক সম্রাট নেমেসিও ওসেগুয়েরা সার্ভান্তেস ওরফে এল মেনচোকে হত্যা করার পর দেশটির কিছু এলাকায় সহিংসতা, সড়ক অবরোধ এবং ফ্লাইট বাতিলের ঘটনা ঘটেছে। এই পরিস্থিতিতে মার্কিন পররাষ্ট্র দপ্তর মেক্সিকোতে অবস্থানরত মার্কিন নাগরিকদের নিরাপদ স্থানে অবস্থান করতে নির্দেশ দিয়েছে।
সংবাদ সংস্থা এজেন্স ফ্রান্স-প্রেস জানিয়েছে, মার্কিন কনস্যুলার অ্যাফেয়ার্স বিভাগ সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ উল্লেখ করেছে, “মেক্সিকোর অনেক এলাকায় চলমান নিরাপত্তা অভিযান, সড়ক অবরোধ এবং অপরাধমূলক কার্যকলাপের কারণে পরিস্থিতি অস্থির।” পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত মার্কিন নাগরিকদের নিজ নিজ অবস্থান স্থলে নিরাপদে থাকার পরামর্শ দেওয়া হয়েছে।
সড়ক অবরোধের কারণে বিমান চলাচলও ব্যাহত হয়েছে। গুয়াদালাজারা এবং পুয়ের্তো ভাল্লার্তা শহরে কিছু অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক ফ্লাইট বাতিল করা হয়েছে।
মেক্সিকান সেনাবাহিনীর এক বিবৃতিতে বলা হয়েছে, জালিস্কো নিউ জেনারেশন কার্টেলের ৫৯ বছর বয়সী নেতা নেমেসিও ওসেগুয়েরা তাপালপা শহরে সেনাদের সঙ্গে বন্দুকযুদ্ধে আহত হন। পরে তাকে বিমানযোগে মেক্সিকো সিটিতে নেওয়ার সময় মৃত্যু হয়। তার মাথার দাম হিসেবে ১ কোটি ৫০ লাখ ডলার পুরস্কার ঘোষণা করেছিল যুক্তরাষ্ট্র।
কানাডা জানিয়েছে, তারা পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে এবং মেক্সিকোতে অবস্থানরত কানাডিয়ান নাগরিকদের স্থানীয় কর্তৃপক্ষের নির্দেশনা মেনে চলার পরামর্শ দিয়েছে।
নিরাপত্তা বাহিনীর সঙ্গে গোলাগুলি ও বিস্ফোরণের ঘটনার প্রেক্ষাপটে মিচোয়াকান, গুয়েরেরো এবং জালিস্কো রাজ্যের নাগরিকদের নিরাপদ আশ্রয়ে থাকার আহ্বান জানানো হয়েছে।
অস্থিরতার পর রোববার বেশ কয়েকটি মার্কিন ও কানাডিয়ান বিমান সংস্থা মেক্সিকোর বিভিন্ন এলাকায় ফ্লাইট বাতিল করেছে। এর মধ্যে রয়েছে ইউনাইটেড এয়ারলাইন্স, আমেরিকান এয়ারলাইন্স, সাউথওয়েস্ট এয়ারলাইন্স, আলাস্কা এয়ারলাইন্স, এয়ার কানাডা এবং ওয়েস্টজেট/সানউইং।
বেশ কয়েকটি বিমান সংস্থা জানিয়েছে, কিছু ফ্লাইট মেক্সিকোর উদ্দেশ্যে রওনা দেওয়ার পর মাঝপথেই ফিরে আসতে বাধ্য হয়েছে। এর মধ্যে সাউথওয়েস্টের চারটি ফ্লাইট অন্তর্ভুক্ত। পরিস্থিতি স্বাভাবিক হলে আটকে পড়া যাত্রী ও কর্মীদের ফিরিয়ে আনতে মেক্সিকোতে বিমান পাঠানোর পরিকল্পনা করছে সংস্থা।
এসআর
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

