যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শুল্কনীতি নিয়ে জনগণের মধ্যে বিরূপ প্রতিক্রিয়া দেখা দিয়েছে। অধিকাংশ নাগরিক তার শুল্কনীতি নিয়ে ক্ষুব্ধ । সুপ্রিম কোর্ট তার শুল্কনীতি বাতিল করলেও ট্রাম্প ভিন্ন আইনের দোহাই দিয়ে ১৫ শতাংশ শুল্ক আরোপ করেছেন। শুল্ক নিয়ে আন্তর্জাতিক পর্যায়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে মতবিরোধ বাড়ার মধ্যে মার্কিন সমীক্ষা জানাচ্ছে, অধিকাংশ মার্কিনি প্রেসিডেন্ট পদ থেকে ট্রাম্পের অপসারণ চান।
মার্কিন সংবাদমাধ্যম এবিসি নিউজ এবং ওয়াশিংটন পোস্ট ইপসোস নলেজ প্যানেলের মাধ্যমে আমেরিকাজুড়ে সমীক্ষা পরিচালনা করেছে। সমীক্ষায় দেখা গেছে, দেশের বৃহত্তর অংশ ট্রাম্পের শুল্কনীতি, বৈদেশিক সম্পর্ক, অভিবাসননীতি এবং সামগ্রিক অর্থনীতির ওপর অসন্তুষ্ট।
প্রায় দুই-তৃতীয়াংশ মানুষ (৬৫ শতাংশ) মুদ্রাস্ফীতি রোধে ট্রাম্পের নীতির বিরুদ্ধে। আমদানি করা পণ্যে উচ্চ শুল্ক আরোপের বিরোধিতায় ৬৪ শতাংশ, ৬২ শতাংশ মানুষ ট্রাম্পের বৈদেশিক নীতিকে ভুল বলে মনে করেন।
৫৮ শতাংশ মানুষ ট্রাম্পের অভিবাসননীতির বিরোধী, আর ৫৭ শতাংশ মনে করেন তিনি দেশের সামগ্রিক অর্থনীতিকে ক্ষতিগ্রস্ত করছেন। তবে ট্রাম্পের ওপর বিরক্ত থাকলেও মার্কিনিরা ডেমোক্র্যাটদের ওপর আস্থা রাখছেন না। জনগণের ৩৩ শতাংশ ট্রাম্পকে বিশ্বাস করেন, ৩১ শতাংশ ডেমোক্র্যাটদের এবং ৩১ শতাংশ কারো ওপরই আস্থা রাখেন না।
এসআর
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

