ইসরাইলের অর্থনীতি নিয়ে দুঃসংবাদ দিল আইএমএফ

আমার দেশ অনলাইন
আমার দেশ অনলাইন

ইসরাইলের অর্থনীতি নিয়ে দুঃসংবাদ দিল আইএমএফ

আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) ২০২৬ সালে ইসরাইলের অর্থনৈতিক প্রবৃদ্ধির পূর্বাভাস কমিয়ে ৩ দশমিক ৫ শতাংশ করেছে। এর আগে সংস্থাটি ৪ দশমিক ৮ শতাংশ প্রবৃদ্ধির পূর্বাভাস দিয়েছিল। মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনা ও ভূরাজনৈতিক অনিশ্চয়তার কারণে এ পূর্বাভাস কমানো হয়েছে বলে বুধবার প্রকাশিত আইএমএফের প্রতিবেদনে জানানো হয়।

বিজ্ঞাপন

আইএমএফের সর্বশেষ মূল্যায়নে বলা হয়, গাজা, লেবানন ও ইরানে চলমান যুদ্ধ ইসরাইলের অর্থনীতির ওপর নেতিবাচক প্রভাব ফেলছে। সংস্থাটি বলেছে, বারবার ধাক্কা সামলেও ইসরাইলের অর্থনীতি এখন পর্যন্ত স্থিতিশীলতা দেখিয়েছে। তবে আঞ্চলিক অস্থিরতা এবং দীর্ঘদিনের কাঠামোগত সমস্যার কারণে আগামী সময়ে অর্থনৈতিক প্রবৃদ্ধি চাপে থাকবে।

প্রতিবেদনে আইএমএফ বলেছে, ‘উচ্চমাত্রার আঞ্চলিক উত্তেজনা ইসরাইলের অর্থনীতির ওপর ছায়া ফেলছে।’ একই সঙ্গে সতর্ক করে বলা হয়, আঞ্চলিক উত্তেজনা আবারও বেড়ে গেলে অর্থনীতির জন্য তা বড় ঝুঁকি হয়ে দাঁড়াতে পারে।

আইএমএফের পূর্বাভাস অনুযায়ী, জ্বালানির দাম বৃদ্ধি এবং সরবরাহ ব্যবস্থার সীমাবদ্ধতার কারণে মূল্যস্ফীতি বাড়তে পারে। যদিও মার্কিন ডলারের বিপরীতে ইসরাইলি মুদ্রা শেকেল তিন দশকেরও বেশি সময়ের মধ্যে সর্বোচ্চ অবস্থানে পৌঁছেছে, যা সাধারণত আমদানি ব্যয় কমাতে সহায়তা করে।

এর আগে মার্চ-এপ্রিল মাসে ইরানের সঙ্গে সংঘাতের পর ইসরাইলের কেন্দ্রীয় ব্যাংকও ২০২৬ সালের প্রবৃদ্ধির পূর্বাভাস কমিয়ে ৩ দশমিক ৮ শতাংশে নামিয়ে আনে। অন্যদিকে দেশটির অর্থ মন্ত্রণালয়ের আশা, চলতি বছরে অর্থনীতি প্রায় ৪ শতাংশ পর্যন্ত সম্প্রসারিত হতে পারে।

২০২৬ সালের প্রথম প্রান্তিকে ইসরাইলের অর্থনীতি বার্ষিক হিসাবে ৩ দশমিক ৮ শতাংশ সংকুচিত হয়েছে। এর আগের বছর ২০২৫ সালে দেশটির অর্থনীতি ২ দশমিক ৯ শতাংশ প্রবৃদ্ধি অর্জন করেছিল।

আইএমএফের পূর্বাভাস অনুযায়ী, ২০২৭ সালে ইসরাইলের অর্থনৈতিক প্রবৃদ্ধি আবার বেড়ে ৪ দশমিক ৪ শতাংশে পৌঁছাতে পারে। এছাড়া ২০২৬ ও ২০২৭ সালে মূল্যস্ফীতি প্রায় ২ শতাংশের মধ্যে স্থিতিশীল থাকবে বলে ধারণা করা হয়েছে। সংস্থাটি জানিয়েছে, এই পূর্বাভাস ১০ জুন পর্যন্ত পাওয়া তথ্যের ভিত্তিতে তৈরি করা হয়েছে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন