আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

‘ইরান যুদ্ধ বাইবেলের ভবিষ্যদ্বাণী’

আমার দেশ অনলাইন

‘ইরান যুদ্ধ বাইবেলের ভবিষ্যদ্বাণী’

যুক্তরাষ্ট্রের প্রায় ৩০ জন ডেমোক্র্যাট কংগ্রেস সদস্য অভিযোগ করেছেন, ইরান যুদ্ধের ন্যায্যতা দিতে একে বাইবেলের ভবিষ্যদ্বাণী হিসেবে মার্কিন সেনাদের কাছে তুলে ধরা হয়েছে। এ ধরনের শত শত অভিযোগ জমা দিয়েছেন মার্কিন সেনারা। এসব অভিযোগের অভ্যন্তরীণ তদন্তের দাবি জানিয়ে যুক্তরাষ্ট্রের যুদ্ধ বিভাগের মহাপরিদর্শকের কাছে চিঠি লিখেছেন ডেমোক্র্যাট কংগ্রেস সদস্যরা।

চিঠিতে সই করেছেন মিশিগানের কংগ্রেস সদস্য রাশিদা তালিব, মিনেসোটার কংগ্রেস সদস্য ইলহান ওমর ও ওয়াশিংটনের কংগ্রেস প্রমিলা জয়পালসহ বেশ কয়েকজন প্রগতিশীল ডেমোক্র্যাট। সাবেক হাউস স্পিকার ন্যান্সি পেলোসিও চিঠিতে স্বাক্ষর করেছেন।

বিজ্ঞাপন

এতে বলা হয়েছে, ‘কমান্ডাররা ইরানে মার্কিন যুক্তরাষ্ট্রের সামরিক পদক্ষেপকে ন্যায্যতা দেওয়ার জন্য ধর্মীয় ভবিষ্যদ্বাণীকে ব্যবহার করেছেন।’

চিঠিতে আরো বলা হয়, ‘বাইবেলের ভবিষ্যদ্বাণীর ব্যাখ্যার ওপর ভিত্তি করে যুদ্ধকে ন্যায্যতা দেওয়া এবং সেনাদের জানানো যে তারা একটি নির্দিষ্ট ধর্মীয় দৃষ্টিভঙ্গিকে এগিয়ে নিতে তাদের জীবনের ঝুঁকি নিচ্ছে – এটা কেবল স্পষ্ট সাংবিধানিক উদ্বেগই উত্থাপন করে না, বরং ধর্মীয় নিরপেক্ষতা এবং সামরিক নেতৃত্বের কাছ থেকে প্রত্যাশিত পেশাদারিত্বের বাধ্যবাধকতা সম্পর্কিত বিধির সম্ভাব্য লঙ্ঘনও তুলে ধরে।’

মার্কিন সেনাবাহিনীর সকল সদস্যের ধর্মীয় স্বাধীনতা নিশ্চিত করতে কাজ করে মিলিটারি রিলিজিয়াস ফ্রিডম ফাউন্ডেশন। তারা গত সপ্তাহে মিডল ইস্ট আইকে জানিয়েছে যে সেনাবাহিনী, নৌবাহিনী, বিমানবাহিনী, মেরিন কর্পস এবং মহাকাশ বাহিনীর কর্মীদের কাছ থেকে তারা ২০০ টিরও বেশি অভিযোগ পেয়েছে।

সূত্র: মিডল ইস্ট আই

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন