আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার (আইএইএ) উপ-মহাপরিচালক সোমবার তেহরান সফরে যাচ্ছেন। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি রোববার এ কথা জানিয়েছেন। তবে উপ-মহাপরিচালকের কোনো পারমাণবিক স্থাপনা পরিদর্শনের পরিকল্পনা নেই বলে জানিয়েছেন তিনি। খবর প্রেস টিভির।
সংবাদিকদের সাথে আলাপকালে আরাগচি বলেন, ‘সোমবার আইএইএর সঙ্গে আলোচনা হবে সহযোগিতার কাঠামো নির্ধারণের জন্য।’
তিনি আরো বলেন, ‘উপ-মহাপরিচালকের কোনো পারমাণবিক স্থাপনা পরিদর্শনের পরিকল্পনা নেই। আমরা সহযোগিতার জন্য এখনো একটি নতুন কাঠামোর বিষয়ে কোনো চুক্তিতে পৌঁছাইনি। যতক্ষণ না আমরা এই নতুন কাঠামোতে পৌঁছাই, ততক্ষণ কোনো সহযোগিতা শুরু হবে না।’
তিনি জোর দিয়ে বলেন, নতুন কাঠামোটি একটি সংসদীয় আইনের ওপর ভিত্তি করে তৈরি হবে যা জাতিসংঘের পারমাণবিক পর্যবেক্ষণ সংস্থার সঙ্গে তেহরানের পূর্ণ সহযোগিতা স্থগিত করবে।
এর আগে গত ২৫ জুন ইরানের পার্লামেন্ট জাতিসংঘের এই পারমাণবিক সংস্থার সঙ্গে সহযোগিতা স্থগিত করার আইন পাস করে। তখন তেহরান অভিযোগ করে, সাম্প্রতিক হামলার ঘটনায় আইএইএ ইসরাইল ও যুক্তরাষ্ট্রের প্রতি পক্ষপাতমূলক আচরণ করেছে।
ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে নতুন করে আলোচনা শুরু হওয়ার বিষয়ে এক প্রশ্নের জবাবে আরাগচি বলেন, পরবর্তী দফার আলোচনা এখনো চূড়ান্ত হয়নি।
তিনি উল্লেখ করেন, তেহরান-ওয়াশিংটন পরোক্ষ আলোচনা এখনো চূড়ান্ত হয়নি।
১৩ জুন ইসরাইলি আগ্রাসন শুরু হওয়ার আগে ইরান ও মার্কিন যুক্তরাষ্ট্র তেহরানের শান্তিপূর্ণ পারমাণবিক কর্মসূচি নিয়ে পাঁচ দফা পরোক্ষ আলোচনা করেছে।
২০১৫ সালের পারমাণবিক চুক্তির ইউরোপীয় স্বাক্ষরকারীরা সতর্ক করেছিল, তেহরান আলোচনায় না ফিরলে জাতিসংঘের নিষেধাজ্ঞা পুনর্বহাল করা হবে।
আরএ
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন


ইকুয়েডরে নাইটক্লাবে গুলিতে ৮ জনের মৃত্যু