আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

আফগানিস্তানের ২৭৪ জনকে হত্যার দাবি পাকিস্তানের

আমার দেশ অনলাইন

আফগানিস্তানের ২৭৪ জনকে হত্যার দাবি পাকিস্তানের
তোরখাম সীমান্তে পাকিস্তানের হামলায় ক্ষতিগ্রস্ত আফগান সেনা চৌকি। ছবি: সংগৃহীত

আফগানিস্তানে পাকিস্তানের ‘অপারেশন গজব-লিল হক’-এ এখন পর্যন্ত ২৭৪ জন তালেবান সদস্য ও অন্যান্য সশস্ত্র গোষ্ঠীর সদস্য নিহত হয়েছেন। একই সঙ্গে ৪০০ জনেরও বেশি আহত হয়েছেন।

শুক্রবার এক সংবাদ সম্মেলনে পাকিস্তান আইএসপিআরের মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ চৌধুরী এ তথ্য নিশ্চিত করেন। খবর ডনের।

বিজ্ঞাপন

তিনি জানান, তালেবানের ৭৩টি সামরিক পোস্ট ধ্বংস করার পাশাপাশি ১৮টি দখলে নিয়েছে পাকিস্তানের সশস্ত্র বাহিনী। তাছাড়া প্রাথমিক হিসাব অনুযায়ী, আফগান তালেবানের ১১৫টি ট্যাংক, সাঁজোয়া যান (আরমর্ড পার্সোনেল ক্যারিয়ার) ও আর্টিলারি অস্ত্র ধ্বংস করা হয়েছে।

গতকাল বৃহস্পতিবার রাত ১০টার দিকে পাকিস্তানের খাইবার পাখতুনখোয়ায় পাক-আফগান সীমান্তবর্তী ডুরান্ড লাইন এলাকায় পাক সেনাচৌকি লক্ষ্য করে অতর্কিত হামলা চালিয়ে অন্তত ৫৫ জন পাকিস্তানি সেনাকে হত্যা করে আফগানিস্তানের সেনাবাহিনী। সেই সঙ্গে আরো কয়েকজন সেনাকে ধরে নিয়ে যায়।

তালেবান সরকারের মুখপাত্র জাবিহুল্লাহ মুজাহিদ জানান, ২১ ফেব্রুয়ারি আফগানিস্তানের নানগারহার ও পাকতিয়া প্রদেশে যে বিমান অভিযান চালিয়েছিল পাকিস্তানের বিমানবাহিনী, তার বদলা হিসেবে এই হামলা করা হয়েছে। পাকিস্তান বাহিনীর সেই অভিযানে নানগারহার ও পাকতিয়ায় নিহত হয়েছিলেন ৮০ জনেরও বেশি মানুষ।

হামলা শেষে রাত ১২টার দিকে আফগানিস্তান সেনাবাহিনী ফিরে যায়। তার মাত্র কয়েক ঘণ্টা পর রাত ৩টা ৪৫ মিনিটে আফগানিস্তানের বিরুদ্ধে ‘অপারেশন গজব-লিল হক’ শুরু করে পাকিস্তানের প্রতিরক্ষা বাহিনী। সেই অভিযানের অংশ হিসেবে রাজধানী কাবুল এবং পাকতিয়া ও কান্দাহার প্রদেশে ব্যাপক বিমান হামলা শুরু করে পাকিস্তান।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন