আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

পরমাণু কর্মসূচি

ইরানের সঙ্গে আলোচনায় প্রস্তুত যুক্তরাষ্ট্র: রুবিও

আতিকুর রহমান নগরী

ইরানের সঙ্গে আলোচনায় প্রস্তুত যুক্তরাষ্ট্র: রুবিও
ছবি: বার্তা সংস্থা তাস

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বলেছেন, পারমাণবিক কর্মসূচি নিয়ে মতপার্থক্য দূর করতে ইরানের সঙ্গে সরাসরি আলোচনায় বসতে প্রস্তুত মার্কিন প্রশাসন। বৃহস্পতিবার এক বিবৃতিতে একথা জানান মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। খবর বার্তা সংস্থা তাসের।

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী বিবৃতিতে বলেন, ‘ইরানের পারমাণু কর্মসূচি নিয়ে সমস্যার শান্তিপূর্ণ ও স্থায়ী সমাধানের লক্ষ্যে দেশটির সঙ্গে সরাসরি যোগাযোগের জন্য মার্কিন যুক্তরাষ্ট্র এখনো প্রস্তুত।’

বিজ্ঞাপন

ফ্রান্স, জার্মানি ও যুক্তরাজ্য ইরানের বিরুদ্ধে নিষেধাজ্ঞা পুনর্বহালের প্রক্রিয়া শুরু করেছে, একথাও স্মরণ করিয়ে দেন তিনি।

রুবিও বলেন, ‘নিষেধাজ্ঞা পুনর্বহালের প্রক্রিয়া আমাদের আন্তরিক কূটনৈতিক প্রস্তুতির সঙ্গে সাংঘর্ষিক নয়, বরং এটিকে আরো জোরদার করে। আমি ইরানি নেতাদের আহ্বান জানাই যেন তারা অবিলম্বে প্রয়োজনীয় পদক্ষেপ নেয়, যাতে দেশটি কখনো পারমাণবিক অস্ত্র তৈরি করতে না পারে। শান্তির পথে হাঁটে এবং ইরানি জনগণের সমৃদ্ধি নিশ্চিত করে।’

এদিকে, ইরানের ওপর জাতিসংঘের নিষেধাজ্ঞা পুনর্বহালের প্রক্রিয়া শুরু করেছে যুক্তরাজ্য, ফ্রান্স ও জার্মানি। ২০১৫ সালের চুক্তির অনুযায়ী এই নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হয়েছিল। এই পদক্ষেপের ফলে আগামী ৩০ দিনের মধ্যে নিষেধাজ্ঞা ফিরিয়ে আনা হতে পারে। ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে কোনো আলোচনা ফলপ্রসু না হওয়ায় এ সিদ্ধান্ত নিচ্ছে দেশ তিনটি।

ইউরোপীয় ইউনিয়নের নীতি বিষয়ক প্রধানের কাছে লেখা একটি চিঠিতে, ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি বলেছেন, নিষেধাজ্ঞা পুনরায় সক্রিয় করার জন্য এই তিনটি দেশের কোনো আইনি এখতিয়ার নেই। রাশিয়া এবং চীন উভয়ই ইরানের অবস্থানকে সমর্থন করছে।

ইরানি পররাষ্ট্রমন্ত্রী লিখেছেন, অন্য পক্ষগুলো সদিচ্ছা দেখালে ইরান পরমাণু কর্মসূচি নিয়ে ‘ন্যায্য এবং ভারসাম্যপূর্ণ’ আলোচনা পুনরায় শুরু করতে প্রস্তুত।

আরএ

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন