আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

ইরানের হামলা নিয়ে কঠোর বার্তা সৌদির

আমার দেশ অনলাইন

ইরানের হামলা নিয়ে কঠোর বার্তা সৌদির

ইরানের সাম্প্রতিক হামলা নিয়ে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে সৌদি আরব। রিয়াদ বলেছে, এ ধরনের হামলা অব্যাহত থাকলে আঞ্চলিক উত্তেজনা আরো বাড়বে এবং শেষ পর্যন্ত সবচেয়ে বড় ক্ষতির মুখে পড়বে ইরানই।

সৌদি আরবের পররাষ্ট্র মন্ত্রণালয় সৌদি আরবসহ উপসাগরীয় দেশ এবং অন্যান্য আরব, মুসলিম এবং বন্ধুত্বপূর্ণ দেশগুলোর বিরুদ্ধে হামলার নিন্দা জানায়। এক বিবৃতিতে বলা হয়, এসব হামলা কোনোভাবেই গ্রহণযোগ্য বা ন্যায্য হতে পারে না।

বিজ্ঞাপন

বিবৃতিতে বলা হয়, ‘সৌদি আরব জোর দিয়ে বলছে, তার নিরাপত্তা, সার্বভৌমত্ব, তার জনগণ ও বাসিন্দাদের নিরাপত্তা রক্ষা এবং আগ্রাসন প্রতিহত করার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের পূর্ণ অধিকার সংরক্ষণ করে।’

মন্ত্রণালয়ের বক্তব্য, বিমানবন্দর, তেল স্থাপনাসহ বেসামরিক স্থাপনায় হামলা চালানো থেকে স্পষ্ট যে নিরাপত্তা ও স্থিতিশীলতাকে হুমকির মুখে ফেলাই এর উদ্দেশ্য। এটি আন্তর্জাতিক সনদ ও আন্তর্জাতিক আইনের স্পষ্ট লঙ্ঘন।

ইরান হামলার যে ব্যাখ্যা দিয়েছে, তা-ও নাকচ করেছে সৌদি আরব। তেহরান দাবি করেছিল, সৌদি ভূখণ্ড থেকে যুদ্ধের জন্য যুদ্ধবিমান ও জ্বালানি সরবরাহকারী বিমান পরিচালনার অনুমতি দেওয়া হয়েছিল। এই দাবি মিথ্যা বলে জানিয়েছে সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয়। তারা বলেছে, সংশ্লিষ্ট বিমানগুলো ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা থেকে সৌদি আরব এবং গালফ কো-অপারেশন কাউন্সিল (জিসিসি) অঞ্চলের আকাশসীমা রক্ষায় টহল দিচ্ছিল।

মন্ত্রণালয় আরো সতর্ক করে বলেছে, ইরান যদি হামলা চালিয়ে যায়, তাহলে তা উত্তেজনা আরো বাড়াবে এবং বর্তমান ও ভবিষ্যৎ সম্পর্কের ওপর গভীর প্রভাব ফেলবে।

সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, ‘আমরা জোর দিয়ে বলতে চাই, আমাদের দেশগুলোর বিরুদ্ধে ইরানের বর্তমান কর্মকাণ্ডে প্রজ্ঞার প্রতিফলন নেই এবং এটি উত্তেজনার চক্র বিস্তার ঠেকানোর কোনো আগ্রহও দেখায় না। এমন পরিস্থিতিতে সবচেয়ে বড় ক্ষতির মুখে পড়বে ইরানই।’

সূত্র: আল আরাবিয়া

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন