কলম্বিয়ায় বোমা হামলায় নিহত ১৪

আমার দেশ অনলাইন
আমার দেশ অনলাইন

কলম্বিয়ায় বোমা হামলায় নিহত ১৪

দক্ষিণ আমেরিকার দেশ কলম্বিয়ায় ভয়াবহ বোমা বিস্ফোরণে অন্তত ১৪ জন নিহত হয়েছে। মহাসড়কে চালানো এই হামলায় আহত হয়েছে আরও ৩৮ জনের বেশি, যাদের মধ্যে পাঁচজন শিশু। একের পর এক বিস্ফোরণ ও সহিংস ঘটনায় পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

বিজ্ঞাপন

আলজাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, দেশটির দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় কাউকা অঞ্চলে প্যান-আমেরিকান মহাসড়কের কাজিবিওর এল টুনেল এলাকায় স্থানীয় সময় শনিবার বিস্ফোরণটি ঘটে। আঞ্চলিক গভর্নর অক্টাভিও গুজমান এক্সে জানান, ঘটনাস্থলে এখন পর্যন্ত ১৪ জনের মৃত্যু নিশ্চিত হয়েছে এবং বহু মানুষ আহত হয়েছে।

তিনি এই হামলাকে ‘বেসামরিক জনগণের ওপর নির্বিচার সন্ত্রাসী আক্রমণ’ বলে উল্লেখ করে এর নিন্দা জানান। পাশাপাশি তিনি সরকারের কাছে সন্ত্রাসী কর্মকাণ্ড মোকাবিলায় আরও কঠোর ও ধারাবাহিক পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান।

গভর্নর আরও জানান, এল তাম্বো, কালোতো, পোপায়ান, গুয়াচেনে, মেরকাদেরেস ও মিরান্ডা এলাকায়ও একই সময়ে সহিংস ঘটনা ঘটেছে। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত ভিডিওতে দেখা যায়, বিস্ফোরণের পর সড়কে ছিন্নভিন্ন গাড়ি ও ধ্বংসাবশেষ পড়ে আছে।

কলম্বিয়ার সশস্ত্র বাহিনীর কমান্ডার জেনারেল হুগো লোপেজ এ ঘটনাকে সন্ত্রাসী হামলা হিসেবে অভিহিত করে বলেন, এর পেছনে ইভান মোরদিস্কো নামের এক ব্যক্তির নেটওয়ার্ক এবং জাইমে মার্টিনেজ গোষ্ঠীর সংশ্লিষ্টতা রয়েছে।

দেশটির প্রেসিডেন্ট গুস্তাভো পেত্রো হামলার তীব্র নিন্দা জানিয়ে হামলাকারীদের ‘সন্ত্রাসী, ফ্যাসিস্ট ও মাদক পাচারকারী’ হিসেবে আখ্যা দেন।

এদিকে ভায়ে দেল কাউকা অঞ্চলের গভর্নর ফ্রান্সিসকা তোরো কেন্দ্রীয় সরকারের কাছে জরুরি সহায়তা চেয়ে অতিরিক্ত নিরাপত্তা বাহিনী মোতায়েন, গোয়েন্দা নজরদারি বৃদ্ধি এবং অপরাধ দমনে কঠোর ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছেন।

কর্তৃপক্ষের মতে, কাউকা ও ভায়ে দেল কাউকা অঞ্চল দীর্ঘদিন ধরে অবৈধ সশস্ত্র গোষ্ঠীর সক্রিয় ঘাঁটি হিসেবে ব্যবহৃত হচ্ছে, যারা বুয়েনাভেন্তুরা বন্দরের মাধ্যমে মাদক পাচারের গুরুত্বপূর্ণ রুট নিয়ন্ত্রণের জন্য প্রতিযোগিতায় লিপ্ত।

এসআর

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
Loading...