সরাসরি

ইসরাইলে হামলা স্থগিতের ঘোষণা ইরানের

২০: ০৮, জুন ৮

ইরানের হামলা বন্ধের ঘোষণার পরো বন্ধ থাকছে ইসরাইলের স্কুল

ইরানের পক্ষ থেকে হামলা বন্ধের ঘোষণা এলেও নিরাপত্তাজনিত কারণে ইসরাইলজুড়ে স্কুল-কলেজ আরো একদিন বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে দেশটির সরকার। ফলে টানা দ্বিতীয় দিনের মতো মঙ্গলবারও শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে পাঠদান কার্যক্রম স্থগিত থাকবে।

ইসরাইলের শিক্ষা মন্ত্রী ইয়োভ কিশ জানিয়েছেন, বর্তমান পরিস্থিতি বিবেচনায় মঙ্গলবার দেশের কোনো স্কুল খুলবে না। শিক্ষার্থীদের নিরাপত্তাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এর আগে রোববার ইসরাইলি সামরিক বাহিনী দেশজুড়ে বেসামরিক নাগরিকদের জন্য নতুন নিরাপত্তা নির্দেশনা জারি করে। নির্দেশনায় বড় ধরনের জনসমাগম সীমিত করা হয় এবং দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষা কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়। চলতি বছরে এপ্রিল মাসে ইরানের সঙ্গে সংঘাতের পর এটিই প্রথমবারের মতো সারা দেশে স্কুল কার্যক্রম স্থগিত করা হলো।

শিক্ষামন্ত্রী কিশ বলেন, শিক্ষা মন্ত্রণালয় বুধবার থেকে শ্রেণিকক্ষ পুনরায় চালুর লক্ষ্য নিয়ে কাজ করছে। তবে শিক্ষাপ্রতিষ্ঠান খোলার ক্ষেত্রে এমন নির্দেশনা অনুসরণ করা হবে, যাতে শিক্ষার্থীরা প্রয়োজন হলে দ্রুত নিকটস্থ আশ্রয়কেন্দ্রে যেতে পারে।

নিরাপত্তা পরিস্থিতির ধারাবাহিক মূল্যায়নের ভিত্তিতে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে বলেও ইসরাইলি কর্তৃপক্ষ জানিয়েছে।

সূত্র: আল জাজিরা

১৯: ৫৬, জুন ৮

ট্রাম্পের অনুরোধে ইরানে হামলা স্থগিত করেছে তেল আবিব: ইসরাইলি কর্মকর্তা

ইরানে হামলা সাময়িকভাবে স্থগিত করেছে ইসরাইল। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অনুরোধে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে দাবি করেছেন এক জ্যেষ্ঠ ইসরাইলি কর্মকর্তা। ইসরাইলের টেলিভিশন চ্যানেল ১২-এর এক প্রতিবেদনে ওই কর্মকর্তার বরাত দিয়ে এ তথ্য জানানো হয়।

প্রতিবেদনে বলা হয়, সংশ্লিষ্ট কর্মকর্তা জানিয়েছেন ট্রাম্পের অনুরোধের পরিপ্রেক্ষিতে ইসরাইল আপাতত ইরানে সামরিক হামলা বন্ধ রেখেছে। তবে তিনি সতর্ক করে বলেন, লেবাননের হিজবুল্লাহ যদি ইসরাইলের শহর ও জনবসতিতে হামলা অব্যাহত রাখে, তাহলে ইসরাইল বৈরুতের দক্ষিণাঞ্চলীয় উপশহরগুলোতে হামলা চালাবে।

চ্যানেল ১২-এর প্রতিবেদনে আরো বলা হয়েছে, দক্ষিণ লেবাননে ইসরাইলি সামরিক অভিযান আগামী কয়েক দিন পূর্ণ শক্তিতে অব্যাহত থাকবে। বিশেষ করে হিজবুল্লাহর অবস্থান লক্ষ্য করে হামলার তীব্রতা কমানোর কোনো পরিকল্পনা বর্তমানে নেই বলে ইঙ্গিত দেওয়া হয়েছে।

তবে ইসরাইলি কর্মকর্তার এই দাবিগুলো স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি। ফলে ইরানে হামলা স্থগিতের বিষয়ে এখনো কোনো আনুষ্ঠানিক নিশ্চিতকরণ পাওয়া যায়নি।

সূত্র: আল জাজিরা

১৯: ২৩, জুন ৮

লেবাননে ইসরাইলি সেনাদের ওপর হিজবুল্লাহর রকেট হামলা

দক্ষিণ লেবাননে অবস্থানরত ইসরাইলি সেনা ও সামরিক যানবাহনের একটি সমাবেশকে লক্ষ্য করে রকেট হামলা চালিয়েছে বলে দাবি করেছে হিজবুল্লাহ।

সোমবার সকালে টেলিগ্রামে প্রকাশিত এক বিবৃতিতে হিজবুল্লাহ জানায়, দক্ষিণ লেবাননের বেইত ইয়াহুন এলাকার উপকণ্ঠে অবস্থানরত ইসরাইলি সেনাদের একটি ‘জমায়েত’ লক্ষ্য করে রকেটের ব্যারাজ ছোড়া হয়েছে। সংগঠনটি বলেছে, দক্ষিণ লেবাননের বিভিন্ন গ্রামে ইসরাইলের হামলা এবং যুদ্ধবিরতি লঙ্ঘনের জবাব হিসেবে এ হামলা চালানো হয়েছে।

তবে এ বিষয়ে এখন পর্যন্ত কোনো মন্তব্য করেনি ইসরাইল। হামলায় কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের ঘটনা ঘটেছে কি না, তাও তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।

বিয়ের আগে শারীরিক সম্পর্ক থাকলেই চরিত্র নিয়ে প্রশ্ন তোলা যাবে নাবিয়ের আগে শারীরিক সম্পর্ক থাকলেই চরিত্র নিয়ে প্রশ্ন তোলা যাবে না

এদিকে ইসরাইলি সেনাবাহিনী দক্ষিণ লেবাননে স্থল অভিযান চালিয়ে যাচ্ছে। তাদের দাবি, উত্তর ইসরাইলের দিকে হিজবুল্লাহর রকেট হামলা ঠেকানোর উদ্দেশ্যেই এই অভিযান পরিচালনা করা হচ্ছে।

সাম্প্রতিক সময়ে সীমান্ত এলাকায় উভয় পক্ষের মধ্যে উত্তেজনা অব্যাহত থাকায় সংঘাত আরো বিস্তৃত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে।

সূত্র: বিবিসি

১৮: ০১, জুন ৮

পরিস্থিতি নিয়ন্ত্রণে লেবাননে ‘প্রকৃত’ যুদ্ধবিরতি নিশ্চিত করতে হবে

ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপের জ্যেষ্ঠ বিশ্লেষক ডেভিড উডস বলেছেন, ইরান ও ইসরাইলের মধ্যে সাম্প্রতিক হামলা-পাল্টা হামলার পরও যুদ্ধবিরতিকে এখনই পুরোপুরি শেষ হয়ে গেছে বলা যাবে না। তবে এক্ষেত্রে যুক্তরাষ্ট্রকে পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করতে হবে এবং লেবাননে প্রকৃত যুদ্ধবিরতি নিশ্চিত করতে হবে বলে জানান উডস।

আল জাজিরাকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, ইসরাইল, যুক্তরাষ্ট্র ও লেবাননের মধ্যে যে যুদ্ধবিরতি প্রস্তাব হয়েছিল, সেটি মূলত হিজবুল্লাহর পক্ষ থেকে তাৎক্ষণিক যুদ্ধবিরতির বিষয়টি বিবেচনায় নিয়েছিল। তবে সেখানে ইসরাইলের হামলা বন্ধের বিষয়টি স্পষ্টভাবে অন্তর্ভুক্ত ছিল না।

ডেভিড উডসের মতে, দক্ষিণ লেবাননে ইসরাইল হামলা চালিয়ে যাবে আর একই সময়ে হিজবুল্লাহ পুরোপুরি নীরব থাকবে—এমন পরিস্থিতি বাস্তবে কল্পনা করাই কঠিন।

তিনি বলেন, `গত ২৪ ঘণ্টায় আমরা দেখেছি পরিস্থিতি পুরোপুরি নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে। এখন শুধু হিজবুল্লাহ ও ইসরাইল নয়, বরং সরাসরি ইরান ও ইসরাইলের মধ্যেও সংঘর্ষ দেখা যাচ্ছে।'

তার মতে, প্রথমে যুক্তরাষ্ট্রকে দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে হবে। এরপর লেবাননে প্রকৃত অর্থে যুদ্ধ বন্ধ নিশ্চিত করাকে জরুরি অগ্রাধিকার দিতে হবে।

উডস সতর্ক করে বলেন, লেবাননের সংঘাত যদি কার্যকরভাবে বন্ধ না করা যায়, তাহলে এটি ভবিষ্যতে আবারও বৃহত্তর আঞ্চলিক যুদ্ধের সূত্রপাত ঘটাতে পারে।

সূত্র: আল-জাজিরা।

১৭: ৪৯, জুন ৮

ইসরাইলে হামলা স্থগিতের ঘোষণা ইরানের, তবে হুঁশিয়ারি বহাল

ইরানের শীর্ষ সামরিক কমান্ড খাতাম আল-আম্বিয়া সেন্ট্রাল হেডকোয়ার্টার্স এক বিবৃতিতে জানিয়েছে, সশস্ত্র বাহিনীর সামরিক অভিযান স্থগিত করা হচ্ছে। তবে একই সঙ্গে তারা সতর্ক করে বলেছে, যদি হামলা অব্যাহত থাকে—বিশেষ করে দক্ষিণ লেবাননে—তাহলে ইরান আগের চেয়েও আরও কঠোর ও শক্তিশালী জবাব দেবে।

দক্ষিণ বৈরুতে ইসরাইলি হামলার জবাবে ইরান গতকাল সামরিক অভিযান শুরু করে বলে জানিয়েছে তেহরান। এরপর পাল্টা প্রতিক্রিয়ায় ইরানের বিভিন্ন স্থানে হামলা চালায় ইসরাইল।

এর আগে মঙ্গলবার সন্ধ্যায় ইরানের জ্যেষ্ঠ রাজনৈতিক ও সামরিক কর্মকর্তারাও সতর্কবার্তা দিয়ে বলেছিলেন, যুদ্ধবিরতি লঙ্ঘন করা হলে ইরান সামরিক জবাব দিতে দ্বিধা করবে না।

ইরান বরাবরই বলে আসছে, লেবাননে কার্যকর হওয়া যুদ্ধবিরতিকেও তারা ইরানের সঙ্গে সম্পৃক্ত বৃহত্তর যুদ্ধবিরতির অংশ হিসেবে বিবেচনা করে।

সূত্র: বিবিসি।

১৬: ৫৬, জুন ৮

ইসরাইল-ইরানকে অবিলম্বে পাল্টাপাল্টি হামলা বন্ধ করতে হবে: ট্রাম্প

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মধ্যপ্রাচ্যে ইসরাইল ও ইরানের মধ্যকার চলমান নতুন সংঘাত দ্রুত বন্ধের আহ্বান জানিয়েছেন।

সোমবার নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প লেখেন, ইসরাইল ও ইরানকে অবিলম্বে পরস্পরের বিরুদ্ধে হামলা চালানো বন্ধ করতে হবে।

একই পোস্টে তিনি জানান, চূড়ান্ত কোনো সমঝোতা না হওয়া পর্যন্ত বিদ্যমান অবরোধ ব্যবস্থা বহাল থাকবে। ট্রাম্প বলেন, “চূড়ান্ত চুক্তি না হওয়া পর্যন্ত অবরোধ সম্পূর্ণ কার্যকর থাকবে। তবে বিষয়গুলো দ্রুত এগোবে বলে আশা করছি।

ট্রাম্পের এই মন্তব্য এমন এক সময়ে এলো, যখন সাম্প্রতিক যুদ্ধবিরতির পর প্রথমবারের মতো ইসরাইল ও ইরানের মধ্যে আবারও হামলা-পাল্টা হামলার ঘটনা ঘটেছে।

সূত্র: আল-জাজিরা

১৬: ৪৮, জুন ৮

মার্চের পর ইসরাইলি হামলায় লেবাননের ২৯ সেনা সদস্য নিহত

লেবাননে গত ২ মার্চের পর থেকে ইসরাইলি হামলায় অন্তত ২৯ জন লেবাননের সামরিক ও নিরাপত্তা বাহিনীর সদস্য নিহত হয়েছেন বলে জানিয়েছেন দেশটির তথ্যমন্ত্রী পল মরকোস।

নিহতদের মধ্যে রয়েছেন তিনজন পুলিশ সদস্য, জেনারেল সিকিউরিটি ডিরেক্টরেটের একজন সদস্য এবং স্টেট সিকিউরিটি বাহিনীর ১৩ সদস্য।

এই তথ্য প্রকাশ করা হয় এমন এক সময়, যখন দুই দিন আগে দক্ষিণ লেবাননে একটি গাড়িতে ইসরাইলি বিমান হামলায় লেবানন সেনাবাহিনীর তিন সদস্য নিহত হন। নিহতদের মধ্যে একজন ব্রিগেডিয়ার জেনারেল ও একজন ক্যাপ্টেন ছিলেন। এছাড়া দেশটির পার্লামেন্টের নিরাপত্তা টিমের একজন সদস্যও ওই হামলায় প্রাণ হারান।

লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, চলমান সংঘাতে এখন পর্যন্ত দেশটিতে মোট ৩ হাজার ৬১৩ জন নিহত হয়েছেন।

সূত্র: আল-জাজিরা

১৬: ০৬, জুন ৮

ইরানে ইসরাইলের সর্বশেষ হামলার জন্য দায়ী যুক্তরাষ্ট্র: বাঘাই

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই বলেছেন, সাম্প্রতিক যুদ্ধবিরতি লঙ্ঘনের জন্য যুক্তরাষ্ট্র সরাসরি দায়ী। তিনি বলেন, ইসরাইলের সামরিক পদক্ষেপকে যুক্তরাষ্ট্রের নীতি থেকে আলাদা করা যায় না।

বাঘাই বলেন, ‘কেউই বিশ্বাস করে না যে ইসরাইলি সরকার যুক্তরাষ্ট্রের সঙ্গে সমন্বয় ছাড়া কোনো পদক্ষেপ নেবে। ইসরাইলি সরকারের আগ্রাসনের জন্য যুক্তরাষ্ট্র দায়ী এবং উত্তেজনা বৃদ্ধির যেকোনো পরিণতির জন্যও ওয়াশিংটনই দায়ী থাকবে।’

রোববার ইসরাইল বৈরুতের দক্ষিণাঞ্চলীয় উপশহরগুলোতে হামলা চালায়। একে যুদ্ধবিরতির লঙ্ঘন হিসেবে দেখছে তেহরান। লেবাননের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা জানিয়েছে, ইসরাইলি হামলায় দুটি পৃথক ভবনের দুটি অ্যাপার্টমেন্ট ক্ষতিগ্রস্ত হয়েছে। হামলায় দুজন নিহত হন।

সূত্র: সিএনএন

১৪: ০৯, জুন ৮

পরমাণু সংস্থার প্রধানের বিরুদ্ধে ক্ষুব্ধ ইরান

জাতিসংঘের পরমাণু পর্যবেক্ষণ সংস্থার (আইএইএ) প্রধান রাফায়েল মারিয়ানো গ্রোসির বিরুদ্ধে ‘পক্ষপাতিত্বের’ অভিযোগ তুলেছে ইরান।

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই বলেছেন, গ্রোসি চলমান সংঘাতের বাস্তবতাগুলোকে ক্রমাগত উপেক্ষা করছেন এবং ‘পক্ষপাতদুষ্ট’ দৃষ্টিভঙ্গি পোষণ করছেন, যা আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার (আইএইএ) বৈধতা ক্ষুণ্ন করছে।

এক মন্তব্য বাঘাই বলেন, ‘সংস্থার মহাপরিচালক পক্ষপাতমূলক আচরণ করছেন। তিনি ইরান এবং ইরানের পরমাণু ইস্যুতে উদ্দেশ্যপ্রণোদিত পক্ষপাতিত্ব নিয়ে কাজ করছেন।’

সূত্র: আল-জাজিরা

১৪: ০৯, জুন ৮

ইসরাইলের রাসায়নিক কারখানায় ইরানের পাল্টা হামলা

ইরানের একটি পেট্রোকেমিক্যাল স্থাপনায় ‘আমেরিকান-ইসরাইলি’ হামলার জবাবে ইসরাইলের হাইফা শহরের একটি অনুরূপ রাসায়নিক কারখানায় ক্ষেপণাস্ত্রের ঝাঁক ছুড়েছে ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি)।

আইআরজিসির পক্ষ থেকে এই তথ্য জানানো হয়েছে।

একই সঙ্গে আইআরজিসি সতর্ক করে বলেছে, এই অঞ্চলের বেসামরিক এবং জ্বালানি স্থাপনাগুলোতে আরো হামলা চালানো হলে তার বৈশ্বিক পরিণতি ভোগ করতে হবে।

এক বিবৃতিতে আইআরজিসি জানিয়েছে, ‘বেসামরিক লক্ষ্যবস্তুতে আঘাত হেনে এবং তেল শিল্পকে লক্ষ্যবস্তু করার মাধ্যমে জায়নবাদী শত্রু একটি বিপজ্জনক খেলা শুরু করেছে। এর পরিধি অঞ্চলের সব জ্বালানি লক্ষ্যবস্তুকে গ্রাস করবে এবং বিশ্ব অর্থনীতির ওপর এর যে পরিণতি আসবে, তার দায় এই ক্ষেত্রের মূল উসকানিদাতা মার্কিন যুক্তরাষ্ট্রের।’

সূত্র: আল-জাজিরা

১৪: ০২, জুন ৮

যুদ্ধবিরতি লঙ্ঘনের জন্য যুক্তরাষ্ট্র ‘সরাসরি দায়ী’: ইরান

চলমান যুদ্ধবিরতি লঙ্ঘনের জন্য মার্কিন যুক্তরাষ্ট্র সরাসরি দায়ী বলে উল্লেখ করেছে ইরান।

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই বলেছেন, ইসরাইলের কর্মকাণ্ডকে আমেরিকার নীতি থেকে আলাদা করে দেখার সুযোগ নেই।

এক সংবাদ সম্মেলনে বাঘাই বলেন, ‘এই অঞ্চলে জায়নবাদী সত্তার (ইসরাইল) কর্মকাণ্ডকে মার্কিন যুক্তরাষ্ট্র থেকে বিচ্ছিন্ন করে দেখার কোনো সুযোগ নেই।’

সূত্র: আল-জাজিরা

১৪: ০২, জুন ৮

তেহরান ও কেরমানশাহর সব ফ্লাইট বাতিল

রাজধানী তেহরানের মেহরাবাদ আন্তর্জাতিক বিমানবন্দর এবং দেশটির পশ্চিমাঞ্চলীয় শহর কেরমানশাহর আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সব ফ্লাইট ‘পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত’ বাতিল ঘোষণা করা হয়েছে।

ইরানের সংবাদমাধ্যমের প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

আজ সকালে তেহরান, ইসফাহান ও তাবরিজ শহর লক্ষ্য করে ইসরাইলের চালানো বিমান হামলার পরই বিমানবন্দর দুটি থেকে ফ্লাইট বাতিলের এই ঘোষণা এল।

সূত্র: আল-জাজিরা

১৪: ০২, জুন ৮

ইরানের হামলায় ইসরাইলে কোনো হতাহত নেই, দাবির এমডিএ’র

ইসরাইলে ইরানের চালানো সর্বশেষ হামলার ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

ইসরাইলের জাতীয় জরুরি চিকিৎসাসেবা সংস্থা মাগেন ডেভিড আদোম (এমডিএ) এই তথ্য জানিয়েছে।

টেলিগ্রামে দেওয়া এক পোস্টে সংস্থাটি বলেছে, ‘যেসব এলাকা থেকে হামলার খবর পাওয়া গেছে, সেখানে তল্লাশি চালাতে এমডিএর চিকিৎসক ও প্যারামেডিকসরা রওনা হয়েছেন। প্রয়োজন হলে পরে এ বিষয়ে বিস্তারিত তথ্য জানানো হবে।’

সূত্র: আল-জাজিরা

১৪: ০২, জুন ৮

ইসরাইলে হামলার কারণ জানাল ইরান

লেবাননে ইসরাইলি হামলা চরম সীমার অতিক্রম করেছে বলে জানিয়েছে ইরান।

লেবাননে হামলার কারণেই ইসরাইলকে লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ছুড়া হচ্ছে বলেও দাবি করেছে দেশটি।

সূত্র: আল-জাজিরা

১৩: ১৯, জুন ৮

তেহরান, কেরমানশাহ বিমানবন্দরে সব ফ্লাইট বাতিল

তেহরানের মেহরাবাদ আন্তর্জাতিক বিমানবন্দর ও কেরমানশাহ আন্তর্জাতিক বিমানবন্দরে সকল ফ্লাইট বাতিল ঘোষণা করা হয়েছে। পরবর্তী নির্দেশ দেওয়ার আগ পর্যন্ত ফ্লাইট চলাচল বন্ধ থাকবে।

সোমবার সকালে তেহরান, ইস্পাহান ও তাবরিজে ইসরাইলের ধারাবাহিক হামলার পর এই ঘোষণা এলো।

সূত্র: আর জাজিরা

১২: ৫৪, জুন ৮

ইসরাইলে দফায় দফায় ইরানের ক্ষেপণাস্ত্র হামলা

ইসরাইলি ভূখণ্ড লক্ষ্য করে ইরান দফায় দফায় ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে বলে জানিয়েছে ইসরাইলের সামরিক বাহিনী।

ইসরাইলি সেনাবাহিনী জানিয়েছে, তেহরান ইসরাইলি ভূখণ্ডের দিকে নতুন করে ক্ষেপণাস্ত্রের ঢেউ ছুড়েছে।

সামরিক বাহিনীর পক্ষ থেকে আরো বলা হয়েছে, ‘আগত এই হুমকি প্রতিহত করার জন্য আমাদের প্রতিরক্ষা ব্যবস্থাগুলো কাজ করছে।’

সূত্র: আল-জাজিরা

১২: ৪৭, জুন ৮

‘ইরানের সঙ্গে ইসরাইলের সংঘাত ‘কয়েক দিন চলতে পারে’

ইসরাইলি সেনা রেডিওর প্রতিবেদনে বলা হয়েছে, দেশটির সামরিক বাহিনীর মূল্যায়ন অনুযায়ী, ইরানের বিরুদ্ধে চলমান অভিযান কয়েক দিন পর্যন্ত স্থায়ী হতে পারে।

ইসরাইলি সেনা রেডিওর সাংবাদিক ডোরন কাদোশের তথ্যমতে, ইসরাইলি সামরিক বাহিনী ‘বৃহৎ পরিসরে রিজার্ভ সেনা সক্রিয় করার প্রস্তুতি নিচ্ছে। একাধিক রিজার্ভ ব্যাটালিয়ন ডাকা হতে পারে।

টেলিগ্রামে দেওয়া এক পোস্টে কাদোশ আরো জানান, ইসরাইল সীমান্ত এলাকায় অতিরিক্ত বাহিনী মোতায়েন করবে। বিশেষ করে অধিকৃত পশ্চিম তীর–জর্ডান সীমান্তে। ইসরাইলি হোম ফ্রন্ট কমান্ডও আজ সকালে বড় পরিসরে রিজার্ভ সেনা সক্রিয় করা শুরু করেছে।

সূত্র: আল-জাজিরা

১২: ৪৭, জুন ৮

মধ্যপ্রাচ্যে যুদ্ধ বন্ধের আহ্বান ইইউর শীর্ষ কূটনীতিকের

ইরান ও ইসরাইলের একে অপরের ওপর পাল্টা হামলার পর সব পক্ষকে শান্ত থাকার আহ্বান জানিয়েছেন ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) শীর্ষ কূটনীতিক কাজা কালাস। এই পাল্টাপাল্টি হামলা মধ্যপ্রাচ্য যুদ্ধ অবসানের চুক্তি এবং ভঙ্গুর যুদ্ধবিরতির আশাকে হুমকির মুখে ফেলেছে।

বার্তা সংস্থা এএফপির প্রতিবেদন অনুযায়ী কাজা কালাস বলেন, ‘গত রাতে আমরা আবারো উত্তেজনা বৃদ্ধি পেতে দেখেছি। আমি মনে করি, এই অঞ্চলের আর কোনো উত্তেজনা বৃদ্ধির প্রয়োজন নেই, বরং দলগুলোর এখন আলোচনার টেবিলে বসা এবং একটি চুক্তিতে পৌঁছানো উচিত।’

সূত্র: আল-জাজিরা

১২: ৪৭, জুন ৮

বিমান প্রতিরক্ষা ব্যবস্থা চালু করল ইরান

ইরানের পশ্চিমাঞ্চলীয় শহর কেরমানশাহের চারপাশে আজ সকালে ‘শত্রুভাবাপন্ন লক্ষ্যবস্তু’ প্রতিহত করতে বিমান প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় করা হয়েছে।

ইরানের মেহর নিউজ এজেন্সির এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

সূত্র: আল-জাজিরা

১২: ২১, জুন ৮

লোহিত সাগরে ইসরাইলি নৌযান নিষিদ্ধ করল হুথিরা

লোহিত সাগরে ইসরাইলি নৌযান নিষিদ্ধ করল হুথিরা

লোহিত সাগরে ইসরাইলি নৌযান চলাচলের ওপর নিষেধাজ্ঞা আরোপের ঘোষণা দিয়েছে ইয়েমেনের ইরান-সমর্থিত গোষ্ঠী হুথি।

এই সমুদ্রপথে ইসরাইল-সংশ্লিষ্ট যেকোনো জাহাজকে আবারো লক্ষ্যবস্তু করা হবে বলে তাদের পক্ষ থেকে জানানো হয়েছে।

এক বিবৃতিতে হুথিরা জানিয়েছে, তারা ইতোমধ্যে ইসরাইলে একটি হামলাও চালিয়েছে।

যেকোনো ধরনের উত্তেজনা বৃদ্ধির জবাবে পাল্টা পদক্ষেপ নেওয়া হবে উল্লেখ করে হুথিরা আরো যোগ করেছে, তারা যেকোনো আগ্রাসনের কঠোর জবাব দেবে।

সূত্র: আল-জাজিরা

১১: ৫৫, জুন ৮

ইরানের পেট্রোকেমিক্যাল স্থাপনায় হামলা, সরিয়ে নেওয়া হলো কর্মীদের

ইরানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের মাহশহরে পেট্রোকেমিক্যাল কমপ্লেক্সে ইসরাইলি বিমান হামলা পর তাদের কর্মীদের নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে।

মাহশাহর পেট্রোকেমিক্যাল বিশেষ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে এই ঘোষণা দেওয়া হয়েছে।

সূত্র: আল-জাজিরা

১১: ৩৩, জুন ৮

ইসরাইলের দুই বিমান ঘাঁটিতে আইআরজিসির হামলা

কয়েক মিনিট আগে ইসরাইলের নেভাতিম ও তেল নোফ বিমান ঘাঁটিতে হামলা চালিয়েছে ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি)।

আইআরজিসি জানিয়েছে, ইরানের তিনটি অঞ্চলের বেশ কয়েকটি রাডার সাইটে ইসরাইলের চালানো হামলার জবাবে এই পাল্টা হামলা চালানো হয়েছে।

সূত্র: আল-জাজিরা

১১: ২৮, জুন ৮

ইরানের পেট্রোকেমিক্যাল কারখানায় হামলা, দায় স্বীকার ইসরাইলের

ইরানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে অবস্থিত মাহশাহরের একটি পেট্রোকেমিক্যাল কারখানায় বিমান হামলা চালানোর খবর নিশ্চিত করেছে ইসরাইলি সামরিক বাহিনী।

সংক্ষিপ্ত এক সামরিক আপডেটে ইসরাইলি বিমান বাহিনী জানিয়েছে, তারা সম্প্রতি ইরানের দক্ষিণ-পশ্চিমে অবস্থিত মাহশাহরের ‘পেত্রোকেমিক্যাল কমপ্লেক্সের বেশ কয়েকটি লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে।’

এই হামলার বিষয়ে শিগগিরই আরো বিস্তারিত তথ্য শেয়ার করা হবে বলেও জানানো হয়েছে।

এর আগে ইরানি গণমাধ্যমও কর্মকর্তাদের বরাত দিয়ে এই হামলার খবর প্রকাশ করেছিল।

সূত্র: আল-জাজিরা

১১: ২৪, জুন ৮

নিরাপত্তা পরিষদের জরুরি বৈঠক ডাকলেন নেতানিয়াহু

ইরানের সঙ্গে চলমান উত্তেজনা ও শত্রুতা বৃদ্ধির মধ্যে নিরাপত্তা পরিষদের জরুরি বৈঠক ডেকেছেন ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু।

একাধিক ইসরাইলি গণমাধ্যমের প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, ইসরাইলের স্থানীয় সময় সকাল ১১টায় এই নিরাপত্তা পরিষদের বৈঠকটি অনুষ্ঠিত হবে।

ইসরাইলি সংবাদমাধ্যম দ্য টাইমস অব ইসরাইল একজন নাম প্রকাশে অনিচ্ছুক কর্মকর্তার বরাত দিয়ে জানিয়েছে, এটি একটি সীমিত বা সংক্ষিপ্ত বৈঠক হবে, যেখানে কেবল নির্দিষ্ট কয়েকজন গুরুত্বপূর্ণ মন্ত্রী অংশ নেবেন।

সূত্র: আল-জাজিরা

১১: ০৮, জুন ৮

জেরুজালেমে মার্কিন দূতাবাস বন্ধ ঘোষণা

জেরুজালেমে মার্কিন দূতাবাস বন্ধ ঘোষণা

ইসরাইলের ‘বর্তমান নিরাপত্তা পরিস্থিতির’ কারণে জেরুজালেমে যুক্তরাষ্ট্রের দূতাবাস বন্ধ ঘোষণা করা হয়েছে।

আজ সোমবার এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।

বিবৃতিতে দূতাবাস জানিয়েছে, সব মার্কিন সরকারি কর্মীকে নিজ নিজ স্থানে আশ্রয় নিতে এবং সুরক্ষিত আশ্রয়কেন্দ্রে যাওয়ার জন্য প্রস্তুত থাকতে নির্দেশ দেওয়া হয়েছে।

সূত্র: বিবিসি

১০: ৫৭, জুন ৮

ইসরাইলে আরেক দফা ক্ষেপণাস্ত্র হামলা চালাল ইরান

ইসরাইলে আরেক দফা ক্ষেপণাস্ত্র হামলা চালাল ইরান

ইসরাইলের প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) জানিয়েছে, ইরান থেকে ইসরাইলের ভূখণ্ড লক্ষ্য করে আরেক দফায় ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছে। তারা এই ক্ষেপণাস্ত্র শনাক্ত করেছে।

এক বিবৃতিতে আইডিএফ বলেছে, এই হুমকি প্রতিহত করতে ইসরাইলের আকাশ প্রতিরক্ষাব্যবস্থা কাজ করছে।

সতর্কবার্তা পেলে নিরাপদ স্থানে আশ্রয় নিতে জনসাধারণের প্রতি আহ্বান জানিয়েছে আইডিএফ।

সূত্র: রয়টার্স

১০: ১৫, জুন ৮

ইরানে হামলার সপক্ষে ইসরাইলি রাষ্ট্রদূতের সাফাই

ইসরাইলের ওপর ইরানের ক্ষেপণাস্ত্র হামলার পর কোনো ‘আত্মমর্যাদাশীল দেশ’ চুপ করে বসে থাকবে না বলে মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রে নিযুক্ত ইসরাইলি রাষ্ট্রদূত ইয়েচিয়েল লেইটার।

ইরানে চালানো ইসরাইলি বিমান হামলার সপক্ষে সাফাই গেয়ে তিনি এই মন্তব্য করেন।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ দেওয়া এক পোস্টে ইয়েচিয়েল লেইটার জানান, ইরানে ইসরাইলের এই বিমান হামলা মূলত দেশটির ভূমি থেকে ভূমিতে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ কেন্দ্র এবং অ-জ্বালানি অবকাঠামো লক্ষ্য করে চালানো হয়েছে।

লেবানন পরিস্থিতি নিয়ে ইসরাইলি রাষ্ট্রদূত বলেন, ‘লেবাননের জনগণ ইরানের প্রক্সি হিজবুল্লাহকে প্রত্যাখ্যান করেছে এবং ইরানকে তাদের দেশ থেকে চলে যেতে বলেছে।’

বৈরুতের দক্ষিণাঞ্চলীয় জেলা এবং হিজবুল্লাহর শক্তিশালী ঘাঁটি হিসেবে পরিচিত দাহিয়াহ-র প্রসঙ্গ টেনে তিনি আরো বলেন, ‘হিজবুল্লাহ যদি ইসরাইলে গুলি চালায়, তবে দাহিয়াহ-তে অবস্থিত তাদের কমান্ড সেন্টারগুলোতে কঠোর আঘাত হানা হবে।’

লেইটার দাবি করেন, ‘এর সঙ্গে ইরানের কোনো সম্পর্ক নেই। এই উগ্র ইরানি সরকারের কর্মকাণ্ডে সবাই এখন অতিষ্ঠ হয়ে উঠেছে।’

সূত্র: আল–জাজিরা

০৯: ৪১, জুন ৮

খোমেনি বিমানবন্দরের আকাশসীমা বন্ধ করল ইরান

ইসরাইলি হামলার পর ইমাম খোমেনি আন্তর্জাতিক বিমানবন্দরের চারপাশের আকাশসীমা বন্ধ করে দিয়েছে ইরান । ইসরাইল ও ইরানের মধ্যে উত্তেজনা বৃদ্ধির প্রেক্ষাপটে আকাশসীমা বন্ধ করে দেয় দেশটি। বার্তা সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেস এ তথ্য জানিয়েছে।

ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম তেহরানসহ বেশ কয়েকটি শহরে বিস্ফোরণের খবর দিয়েছে।

পরিস্থিতি আরো অবনতির আশঙ্কায় সৌদি সিভিল ডিফেন্স দেশটির আল-খারজ গভর্নরেট অঞ্চলের বাসিন্দাদের জন্য জাতীয় জরুরি সতর্কতা প্ল্যাটফর্মের মাধ্যমে সতর্কবার্তা জারি করেছে। সম্ভাব্য ঝুঁকির বিষয়ে সবাইকে সতর্ক থাকতে বলা হয়েছে।

এই সতর্কতা এমন এক সময়ে এসেছে যখন আঞ্চলিক কর্তৃপক্ষ সতর্কতামূলক ব্যবস্থা জোরদার করেছে। কারণ আশঙ্কা করা হচ্ছে যে সাম্প্রতিক সামরিক সংঘাত অঞ্চলজুড়ে উত্তেজনা আরো বাড়িয়ে তুলতে পারে।

সূত্র: মিডল ইস্ট আই

০৯: ২৬, জুন ৮

‘সৌদি বিমান ঘাঁটিতে কোনো হামলা চালায়নি ইরান’

সৌদি আরবের আল-খারজ বিমান ঘাঁটিতে ইরান কোনো ধরনের হামলা চালায়নি বলে দাবি করেছে তেহরান।

ইরানের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম আইআরআইবি একজন সামরিক কর্মকর্তার বরাত দিয়ে এই তথ্য জানিয়েছে।

আইআরআইবি-র প্রতিবেদনে বলা হয়েছে, ওই সৌদি বিমান ঘাঁটিতে বিস্ফোরণের খবরের প্রতিক্রিয়া জানাতে গিয়ে ইরানি সামরিক কর্মকর্তা এই দাবি করেন।

এর আগে সৌদি আরবের আল-খারজ গভর্নরেটে সম্ভাব্য বিপদের সতর্কতা জারি করেছিল দেশটির সিভিল ডিফেন্স। সেই সতর্কতার পরিপ্রেক্ষিতেই ইরানের পক্ষ থেকে এই বক্তব্য এল।

সূত্র: আল–জাজিরা

০৯: ২৬, জুন ৮

হামলার পর জরুরি সেবায় প্রস্তুত ইরানের রেড ক্রিসেন্ট

আজ সকালে দেশজুড়ে চালানো ইসরাইলি বিমান হামলার পর যেকোনো পরিস্থিতি মোকাবিলা ও জরুরি সেবা দিতে প্রস্তুত রয়েছে ইরানের রেড ক্রিসেন্ট সোসাইটি।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ দেওয়া এক বিবৃতিতে সংস্থাটি জানিয়েছে, ‘আজ সকালে ইরানে ইসরাইলি বিমান হামলার পর ইরানের রেড ক্রিসেন্টের র‌্যাপিড রেসপন্স টিমগুলোর পাশাপাশি লজিস্টিক, ত্রাণ এবং ফার্মেসিসহ সব ধরনের চিকিৎসা সুবিধা প্রস্তুত (স্ট্যান্ডবাই) রাখা হয়েছে এবং তারা জনগণকে সেবা দিয়ে যাচ্ছে।’

বিবৃতিতে সংস্থাটি সাধারণ জনগণকে প্রাথমিক চিকিৎসা সামগ্রী প্রস্তুত রাখার আহ্বান জানিয়েছে। একই সঙ্গে যেকোনো ‘ক্ষতিগ্রস্ত এলাকা’ থেকে অন্তত ১০০ মিটার দূরে অবস্থান করার জন্য অনুরোধ করেছে।

সূত্র: আল–জাজিরা

০৯: ১৩, জুন ৮

ইসরাইলে আবার বাজছে সাইরেন, আকাশসীমা বন্ধ

গুশ দান ও জেরুজালেমসহ মধ্য ইসরাইলজুড়ে সতর্কতামূলক সাইরেন বেজে উঠেছে।

ইসরাইলি সংবাদমাধ্যম চ্যানেল ১২-এর এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, সাইরেন বেজে ওঠার পর পরই ইসরাইলের আকাশসীমা সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়েছে।

সূত্র: আল–জাজিরা

০৯: ০৯, জুন ৮

ইয়েমেন থেকে ইসরাইলে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ

ইয়েমেনের দিক থেকে ইসরাইলি ভূখণ্ড লক্ষ্য করে একটি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে বলে জানিয়েছে ইসরাইলের সামরিক বাহিনী।

ইসরাইলি সেনাবাহিনীর পক্ষ থেকে বলা হয়েছে, ইয়েমেনের দিক থেকে ইসরাইলি ভূখণ্ডের দিকে ধেয়ে আসা একটি ক্ষেপণাস্ত্র তারা শনাক্ত করেছে।

সামরিক বাহিনী আরো জানিয়েছে, উদ্ভূত এই হুমকি মোকাবিলা ও ক্ষেপণাস্ত্রটি আকাশেই ধ্বংস করতে তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাগুলো সক্রিয়ভাবে কাজ করছে।

সূত্র: আল–জাজিরা

০৯: ০৬, জুন ৮

তেহরানের শহর এলাকায় হামলা হয়নি, দাবি ইরানের ফায়ার সার্ভিসের

ইরানের রাজধানী তেহরানে হওয়া হামলায় কোনো শহরাঞ্চল বা আবাসিক এলাকাকে লক্ষ্যবস্তু করা হয়নি বলে জানিয়েছে শহরের ফায়ার সার্ভিস বিভাগ।

ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ইরনা এই তথ্য নিশ্চিত করেছে।

ইরনার প্রতিবেদনে বলা হয়েছে, স্থানীয় সময় ভোর ৪টা ৪৩ মিনিট এবং ৪টা ৪৫ মিনিটে পশ্চিম তেহরানে দুটি বিস্ফোরণের শব্দ শোনা যায়।

এরপর তেহরানের ফায়ার সার্ভিস বিভাগের একজন মুখপাত্র ঘোষণা করেন, ‘শহরাঞ্চলগুলো লক্ষ্য করে কোনো হামলা চালানো হয়নি।’

তবে যেকোনো পরিস্থিতি মোকাবিলায় ফায়ার সার্ভিস বিভাগ সতর্ক অবস্থানে রয়েছে বলেও জানান ওই মুখপাত্র।

সূত্র: আল–জাজিরা

০৮: ৫৩, জুন ৮

ইরানের ৩ শহরে শক্তিশালী বিস্ফোরণ

ইরানের তিনটি শহরে ‘শক্তিশালী’ বিস্ফোরণের খবর পাওয়া গেছে। তেহরান, তাবরিজ ও ইস্পাহানে বেশ কয়েকটি বিস্ফোরণ হয়েছে। মধ্যাঞ্চলের কারাজ শহরের পাশেও বিস্ফোরণ হয়েছে।

দেশটির রাষ্ট্রীয় টেলিভিশন টেলিগ্রামে জানা গেছে।

ইরনা–এর খবর, তেহরানে অন্তত দুটি ‘শক্তিশালী’ বিস্ফোরণের শব্দ শোনা গেছে। আর ইস্পাহানে অন্তত তিনটি বিস্ফোরণ হয়েছে।

ইসরাইল জানিয়েছে, ইরানের পশ্চিম ও মধ্যাঞ্চলজুড়ে সামরিক লক্ষ্যবস্তুগুলোয় বিমান হামলা চালানো হচ্ছে।

সূত্র: আল–জাজিরা

০৮: ৫৩, জুন ৮

ইরানের সামরিক লক্ষ্যবস্তুতে হামলা চালানোর দাবি ইসরাইলের

ইরানের মধ্যাঞ্চল ও পশ্চিমাঞ্চলে সামরিক লক্ষ্যবস্তুতে হামলা চালানোর দাবি করেছে ইসরাইল।

সামাজিক মাধ্যম টেলিগ্রামে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) জানিয়েছে, কিছুক্ষণ আগে ইসরায়েলি বিমানবাহিনী ইরানের পশ্চিমাঞ্চল ও মধ্যাঞ্চলে সামরিক লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে।

তবে হামলায় ক্ষয়ক্ষতির কোনো তথ্য জানানো হয়নি। ঠিক কোথায় এই হামলা চালানো হয়েছে তাও ওই পোস্টে জানানো হয়নি।

এদিকে ইরানের স্থানীয় গণমাধ্যমের খবরে রোববার জানা গেছে, তেহরান আন্তর্জাতিক বিমানবন্দরে বাইরে থেকে আসা সব ফ্লাইট বাতিল করা হয়েছে।

ইরানের বার্তা সংস্থা মেহরের খবর বলছে, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত খামেনি আন্তর্জাতিক বিমানবন্দরে সব ফ্লাইট চলাচল বাতিল করা হয়েছে। মধ্যপ্রাচ্যে অস্থিরতার কারণে কয়েক সপ্তাহ বন্ধ থাকার পর গত এপ্রিল মাসে এই বিমানবন্দরটি চালু করা হয়।

গত এপ্রিলের শুরুর দিকে হওয়া যুদ্ধবিরতি চুক্তির মধ্যেই রোববার ইসরাইলে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান।

সূত্র:এএফপি

০৮: ৪৩, জুন ৮

ইরানে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালাল ইসরাইল

ইরানের বিভিন্ন লক্ষ্যবস্তুতে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করে হামলা চালিয়েছে ইসরাইল।

ইরানে ইসলামিক বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি) এই তথ্য জানিয়েছে।

আইআরজিসির এই বক্তব্য ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা আইআরএনএ প্রকাশ করেছে। আইআরজিসি জানিয়েছে, আকাশ থেকে নিক্ষেপযোগ্য ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করে ইরানের ভূখণ্ডে বিভিন্ন লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে ইসরায়েল।

সূত্র: আল–জাজিরা