উদ্বোধনের আগেই বৃষ্টিতে ভেঙে গেল সংযোগ সড়ক

সেলিম উদ্দীন, লোহাগাড়া (চট্টগ্রাম)

উদ্বোধনের আগেই বৃষ্টিতে ভেঙে গেল সংযোগ সড়ক

চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার চুনতি ইউনিয়নের ফারেঙ্গা সড়কে নবনির্মিত একটি সেতু উদ্বোধনের আগেই সংযোগ সড়কের বিভিন্ন স্থানে দেবে যাওয়ার অভিযোগ উঠেছে। নির্মাণকাজে নিম্নমানের সামগ্রী ও কাজের গুণগত মান সঠিক না থাকায়, সংযোগ সড়কটির এ অবস্থা হয়েছে বলে মনে করছেন স্থানীয়য়া। তাই স্থানীয়দের মাঝে ক্ষোভ ও উদ্বেগ দেখা দিয়েছে। এই সড়ক দিয়ে প্রতিনিয়ত কয়েক হাজার মানুষ, শিক্ষার্থী ও যানবাহন চলাচল করে। সেতুটি নির্মাণের ফলে এলাকার যোগাযোগব্যবস্থা আরো সহজ হয়েছে। স্বল্প সময়ে সংযোগ সড়কের এমন পরিস্থিতিতে স্থানীয়দের মধ্যে উদ্বেগ ও শঙ্কা দেখা দিয়েছে।

এলাকাবাসী সূত্রে জানা গেছে, নবনির্মিত এ সেতুর বিভিন্ন স্থানের মাটি সরে গিয়ে গর্ত তৈরি হয়েছে এবং সড়কের পার্শ্ববর্তী অংশ ভেঙে নিচে নেমে গেছে। উদ্বোধনের আগেই এ সড়ক দিয়ে যান চলাচল করায়, এমন হয়েছে বলে জানান এলাকাবাসী।

বিজ্ঞাপন

স্থানীয়রা অভিযোগ করে বলেন, ঢাল সুরক্ষা, নিষ্কাশন ব্যবস্থা ও সড়কের পার্শ্ববর্তী স্থানে মাটি সংরক্ষণের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ না করায় সামান্য বৃষ্টিতে সড়কের বিভিন্ন অংশ ঝুঁকিপূর্ণ হয়ে পড়ছে।

উপজেলা এলজিইডি সূত্রে জানা যায়, ২০২৩-২৪ অর্থবছরে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের অধীনে বৃহত্তর চট্টগ্রাম পল্লি অবকাঠামো উন্নয়ন প্রকল্প-৩ এর অধীনে চুনতি ফারেঙ্গা সড়কে ১৮ ও ১৬ মিটার দৈর্ঘ্যের দুটি আরসিসি গার্ডার সেতু বাস্তবায়নের দায়িত্ব পায় কনসুলেন্ট ইঞ্জিনিয়ারিং বিল্ডার্স নামে একটি ঠিকাদারি প্রতিষ্ঠান। যার মোট বরাদ্দ ছিল ৩ কোটি ৪৯ লাখ টাকা। স্থানীয় জামাল উদ্দীন বলেন, এ সেতুটি এলাকাবাসীর দীর্ঘদিনের দাবি ছিল। কিন্তু সেতুটি নির্মাণের সময় ঢাল সুরক্ষা, নিষ্কাশন ব্যবস্থা ও সড়কের পার্শ্ববর্তী স্থানে মাটি সংরক্ষণের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ না করায় সড়কের বিভিন্ন স্থানে ভাঙন ও গর্তের সৃষ্টি হয়েছে।

ঠিকাদারি প্রতিষ্ঠানের প্রতিনিধি আল আমিন বলেন, ‘সংযোগ সড়ক দেবে যাওয়ার বিষয়টি ইউপি সদস্যের মাধ্যমে জেনেছি। দ্রুত সংস্কার করে দেওয়া হবে।’

লোহাগাড়া উপজেলা স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের উপজেলা প্রকৌশলী কাজি ফাহাদ বিন মাহমুদ আমার দেশকে বলেন, বৃষ্টির পানির কারণে ভাঙনের সৃষ্টি হয়েছে। বৃষ্টি কমলে দ্রুত সংস্কার করার জন্য নির্দেশ দেওয়া হয়েছে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন