পাঁচ শর্তে নির্ধারিত হবে স্থানীয় নির্বাচনের প্রার্থী: নাসিক প্রশাসক

উপজেলা প্রতিনিধি, ফতুল্লা (নারায়ণগঞ্জ)

পাঁচ শর্তে নির্ধারিত হবে স্থানীয় নির্বাচনের প্রার্থী: নাসিক প্রশাসক

আগামী স্থানীয় সরকার নির্বাচনে বিএনপির জনপ্রতিনিধি ও প্রার্থী বাছাইয়ে পাঁচটি শর্তকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হবে বলে জানিয়েছেন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের প্রশাসক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান।

বিজ্ঞাপন

শনিবার সকালে সদর উপজেলার আলীরটেকের ক্রোকেরচর এলাকায় শাহজাহান মেম্বারের বাড়িতে ফ্রি মেডিকেল ক্যাম্পে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনা অনুযায়ী এসব মানদণ্ডের ভিত্তিতেই প্রার্থীদের মূল্যায়ন করা হবে। স্থানীয় নির্বাচনে প্রার্থী হিসেবে তাদেরই মূল্যায়ন করা হবে, যারা গত ১৫ বছর বিএনপির রাজনীতিতে সক্রিয় থেকেছেন, জেল-জুলুম ও নির্যাতনের শিকার হয়েছেন, মামলা-মোকদ্দমা মোকাবিলা করেছেন, দলীয় নেতা-কর্মীদের সুখে-দুঃখে পাশে থেকেছেন, এলাকায় গ্রহণযোগ্যতা অর্জন করেছেন এবং যাদের বিরুদ্ধে মাদক কিংবা চাঁদাবাজির কোনো অভিযোগ বা মামলা নেই। এই পাঁচটি বিষয়কে ভিত্তি করেই তারেক রহমান স্থানীয় সরকারের জনপ্রতিনিধি ও প্রার্থী নির্বাচন করবেন।

নেতাকর্মীদের উদ্দেশে নাসিক প্রশাসক বলেন, কোনো সুবিধাবাদীকে সুযোগ দেওয়া কিংবা ভোট দেওয়া উচিত নয়। এমন ব্যক্তিকেই জনপ্রতিনিধি হিসেবে নির্বাচিত করতে হবে, যিনি এলাকার উন্নয়নের স্বার্থে জেলা ও কেন্দ্রীয় নেতৃত্বের কাছে কার্যকরভাবে দাবি উত্থাপন করতে পারবেন এবং জনগণের প্রত্যাশা বাস্তবায়নে ভূমিকা রাখবেন।

দলীয় শৃঙ্খলার প্রসঙ্গ তুলে সাখাওয়াত হোসেন খান বলেন, অতীতে যারা দলের সিদ্ধান্ত অমান্য করে নির্বাচনে অংশ নিয়েছেন, তাদের রাজনৈতিক পরিণতি সবারই জানা। দলের বাইরে থেকে দলবিরোধী অবস্থান নেওয়া ব্যক্তিদের ভবিষ্যতে আর মূল্যায়ন করা হবে না বলেও তিনি সতর্ক করেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন মহানগর বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট আবু আল ইউসুফ খান টিপু, শাহীন হোসেন সরকারসহ স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, সমাজসেবক ও গণ্যমান্য ব্যক্তিরা।

ফ্রি মেডিকেল ক্যাম্পে প্রায় ৩০০ জন ছানি আক্রান্ত রোগীর চিকিৎসা ও প্রাথমিক স্বাস্থ্যসেবা প্রদান করা হয়।

জেডএম

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
Loading...