আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

চুয়েটে নিষিদ্ধ ছাত্র রাজনীতি: ছাত্র দলের কমিটি গঠনের খবরে বিক্ষোভ

চট্টগ্রাম ব্যুরো

চুয়েটে নিষিদ্ধ ছাত্র রাজনীতি: ছাত্র দলের কমিটি গঠনের খবরে বিক্ষোভ
চুয়েটে বিক্ষোভ

ক্যাম্পাসে রাজনীতি নিষিদ্ধ থাকার পরও চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (চুয়েট) শাখা ছাত্রদলের কমিটি ঘোষণাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়ে পড়েছে ক্যাম্পাসজুড়ে।

বৃহস্পতিবার রাত থেকে এই উত্তেজনা চলছে।

বিজ্ঞাপন

এর আগে বৃহস্পতিবার (১০ জুলাই) সন্ধ্যায় ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সভাপতি ও সাধারণ সম্পাদক স্বাক্ষরিত ৯ সদস্যের একটি কমিটির তালিকা ফেসবুকে ছড়িয়ে পড়ে। ওই কমিটি গঠনের প্রতিবাদে রাত ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের স্বাধীনতা চত্বরে জড়ো হয়ে বিক্ষোভ করেন সাধারণ শিক্ষার্থীরা। পরে তারা মিছিল নিয়ে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করেন।

জানা যায়, চুয়েটে ছাত্র রাজনীতি নিষিদ্ধ থাকা সত্ত্বেও বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল শাখা কমিটি প্রকাশের খবর সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। এমন উদ্ভুত পরিস্থিতিতে বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা ক্যাম্পাসে যেকোনো ধরনের ছাত্ররাজনীতির প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশের ঘোষণা দেন। পরবর্তীতে রাত ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের স্বাধীনতা চত্বরে জড়ো হয়ে মিছিল শুরু করেন। মিছিলটি সবগুলো ছাত্র-ছাত্রী হল এবং উপাচার্য ভবন প্রদেক্ষিন করে। এসময় তারা “ছাত্র রাজনীতির ঠিকানা, এই চুয়েটে হবে না”; লাল কার্ড লাল কার্ড-ছাত্র দল লাল কার্ড, ছাত্র শিবির লালকার্ড, ছাত্র ইউনিয়ন লাল কার্ড”; “চুয়েটের মাটি, চুয়েটিয়ানদের ঘাটি” ইত্যাদি স্লোগান দিতে থাকেন।

আন্দোলনে সক্রিয় থাকা মিনহাজুল ইসলাম নামে এক শিক্ষার্থী জানান, বিভিন্ন সময়ে ছাত্র রাজনীতির কারণে ক্যাম্পাসে অনেক শিক্ষার্থীকে নির্যাতনের সম্মুখীন হতে হয়েছে। বর্তমানে চুয়েটে ছাত্র রাজনীতি নিষিদ্ধ রয়েছে। এ অবস্থায় ক্যাম্পাসে কোনোভাবেই ছাত্রদলের কমিটি মেনে নেয়া হবে না। শুধু ছাত্র দল নয়, ছাত্র শিবির কিংবা ছাত্র ইউনিয়সহ অন্য কোন রাজনৈতিক দলের ছাত্র সংগঠনের কমিটিও মেনে নেয়া হবে না। সুজন নামে অপর এক ছাত্র জানান, যাদের ছাত্র দলের কমিটিতে নাম আছে তাদের প্রত্যেকের বিরুদ্ধে যাতে চুয়েট কর্তৃপক্ষ বিধি অনুযায়ী  ব্যবস্থা গ্রহণ করে এ জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে দাবি জানিয়েছে সাধারণ শিক্ষার্থীরা। 

ফেসবুকে ছড়িয়ে পড়া তালিকা অনুযায়ী, ছাত্রদলের ঘোষিত কমিটির সভাপতি তড়িৎকৌশল বিভাগের ২০১৫-১৬ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ওয়াসিফ রাশেদ এবং সাধারণ সম্পাদক জৈব চিকিৎসা প্রকৌশল বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মোহাম্মদ তৌফিক হাসান চৌধুরী। কমিটির অন্য সদস্যরা হলেন সিনিয়র সহসভাপতি মোহাম্মদ মিনহাজ উদ্দিন, সহসভাপতি চন্দন কুমার দাশ, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ তৌসিফ, যুগ্ম সাধারণ সম্পাদক আবু সুফিয়ান আল সাবিত ও সাখাওয়াত হোসেন, সাংগঠনিক সম্পাদক বিপ্লব হোসাইন এবং প্রচার সম্পাদক আহমেদ ইনতিসার।

উল্লেখ্য, চুয়েটে গত বছরের আগস্টে সিন্ডিকেটের ১৩৬ তম (জরুরী) সভায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তা, কর্মচারীদের সকল ধরনের রাজনৈতিক সংগঠন এবং এর কার্যক্রমের সঙ্গে সম্পৃক্ততা নিষিদ্ধ করা হয়। এ আদেশ অমান্য কারীদের বিশ্ববিদ্যালয়ের বিধি অনুসারে ব্যবস্থা নেয়ার কথাও বলা হয়েছে। 

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন