সিরাজগঞ্জের কামারখন্দে ক্লাস বন্ধ করে শিক্ষার্থীদের নিয়ে গ্রাম আদালতের ক্যাম্পেইনে র্যালী ও আলোচনা সভা করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ড.বিপাশা হোসাইন।
বুধবার বিকেল ৩টার দিকে উপজেলার ভদ্রঘাট শামছুন মহসীন উচ্চ বিদ্যালয়ে গ্রাম আদালতের ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে। বিদ্যালয়ের পাঠদান কার্যক্রম বিকেল ৪টা পর্যন্ত চলার কথা থাকলেও বেলা ৩টার দিকে ষষ্ঠ থেকে দশম শ্রেণির অধিকাংশ শিক্ষার্থীকে নিয়ে প্রথমে একটি র্যালি বের করা হয়। পরে বিদ্যালয় প্রাঙ্গণে গ্রাম আদালত বিষয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে অংশগ্রহণকারিদের প্রায় ৯০ শতাংশই ছিল স্কুলের শিক্ষার্থী।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) কাছিদা খাতুন বলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা নিজেই স্কুলে এসেছিলেন। আগে থেকেই বলা হয়েছিল স্কুলে পোগ্রাম হবে। আমি তাদের আদেশ পালন করেছি শুধুমাত্র।
সিরাজগঞ্জ জেলা জজ আদালতের অ্যাডভোকেট আমিনুল ইসলাম মল্লিক বলেন, গ্রাম আদালতে যেসব বিষয় মীমাংসা করা হয়, সেটি তো শিশু কেন্দ্রীক নয় ৷ এটি প্রাপ্ত বয়স্কদের বিষয়।
কামারখন্দের উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ড. বিপাশা হোসাইন বলেন, স্কুল ছুটির বিষয়টি আমাকে জানায়নি কিংবা আমার জানা ছিল না । তাহলে ছুটি দিতে বলতাম না। এক ঘণ্টা আগে ছুটি দিয়েছে, এটা বড় কোনো ত্রুটি নয়।
সিরাজগঞ্জের জেলা প্রশাসক মো. আমিনুল ইসলাম বলেন, বিদ্যালয় চলাকালীন সময়ে এটি না করে ছুটির পরে করলে ঠিক হতো। এর পরে যেনো এভাবে পোগ্রাম না করে, আমি বলে দেবো।
এমই
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

