স্কুল ফিডিংয়ের ডিম-রুটি মিলল প্রধান শিক্ষিকার ব্যাগে

উপজেলা প্রতিনিধি, বাকেরগঞ্জ (বরিশাল)

স্কুল ফিডিংয়ের ডিম-রুটি মিলল প্রধান শিক্ষিকার ব্যাগে
ছবি: আমার দেশ

বরিশালের বাকেরগঞ্জ উপজেলার একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকার বিরুদ্ধে শিক্ষার্থীদের জন্য বরাদ্দকৃত স্কুল ফিডিং কর্মসূচির খাবার আত্মসাতের অভিযোগ উঠেছে। এ ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

বৃহস্পতিবার বেলা সাড়ে ৩টার দিকে উপজেলার চরাদি ইউনিয়নের ১০ নং রাণীরহাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ ঘটনা ঘটে।

বিজ্ঞাপন

স্থানীয়দের অভিযোগ, বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা রেশমা আক্তার মিষ্টি দীর্ঘদিন ধরে শিক্ষার্থীদের জন্য বরাদ্দকৃত খাবার নিয়মিত আত্মসাৎ করে আসছিলেন। বিষয়টি নিয়ে অভিভাবক ও এলাকাবাসীর মধ্যে ক্ষোভ বিরাজ করছিল।

প্রত্যক্ষদর্শীদের দাবি, বিদ্যালয় ছুটির পর প্রধান শিক্ষিকা স্কুল ত্যাগের সময় স্থানীয় কয়েকজন তার ব্যাগ তল্লাশির দাবি জানান। প্রথমে তিনি আপত্তি করলেও পরে ব্যাগ খুলে দেখালে সেখান থেকে ২৪টি ডিম ও ২২ পিস রুটি উদ্ধার করা হয় বলে অভিযোগ করেন উপস্থিত ব্যক্তিরা। খবর ছড়িয়ে পড়লে বিদ্যালয় প্রাঙ্গণে স্থানীয়দের ভিড় জমে যায়।

এলাকাবাসীর ভাষ্য, শিক্ষার্থীদের পুষ্টি নিশ্চিত করতে সরকারের দেওয়া খাবার আত্মসাতের অভিযোগ অত্যন্ত দুঃখজনক। তারা ঘটনার সুষ্ঠু তদন্ত এবং অভিযোগ প্রমাণিত হলে সংশ্লিষ্ট প্রধান শিক্ষিকার বিরুদ্ধে বিভাগীয় ও আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানান।

এ বিষয়ে প্রধান শিক্ষিকা রেশমা আক্তার মিষ্টির বক্তব্য জানতে চেষ্টা করা হলেও তার কোনো মন্তব্য পাওয়া যায়নি।

উপজেলা শিক্ষা কর্মকর্তা রুহুল আমিন বলেন, অভিযোগের বিষয়টি জানা গেছে। তদন্তের মাধ্যমে সত্যতা যাচাই করা হবে। অভিযোগ প্রমাণিত হলে বিধি অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

এমএইচ

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন