ভোলার লালমোহনে বালুভর্তি ট্রাক আয়রন ব্রিজ দিয়ে পারাপারের সময় ব্রিজ ভেঙে নিচে পড়ে ট্রাকের চালক মো. নাইম (২৫) নিহত হয়েছেন।
নিহত নাঈম ধলীগৌর নগর ইউনিয়নের চতলা গ্রামের সালাউদ্দিন মাস্টার বাড়ির ফরিদ মিয়ার ছেলে। এ ঘটনায় গুরুতর আহত হয়ে লালমোহন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে থেকে প্রাথমিক চিকিৎসা দিয়ে রেফার করা হয়েছে ট্রাকের হেলপার আল আমিনকে (১২)।
উপজেলার রমাগঞ্জ ইউনিয়নের ৮নং ওয়ার্ডের আজহার রোডের পূর্ব মাথায় বেতুয়া খালের উপরের ব্রিজে এ দুর্ঘটনা ঘটে। উল্লেখ্য, জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রমের গ্রামের বাড়ি সংলগ্ন খালের উপর ব্রিজটি অবস্থিত।
প্রত্যক্ষদর্শী শাহে আলম জানান, মঙ্গলবার দুপুর ১২.৪০ মিনিটে বালুভর্তি ট্রাকটি ব্রিজের পশ্চিম দিক থেকে পূর্ব দিকে যাওয়ার পথে খুব জোরে শব্দ শুনতে পাই। শব্দ শুনে দৌড়ে গিয়ে দেখি বালুভর্তি ট্রাকটি ব্রিজ ভেঙে খালের পানিতে পড়ে গেছে। আমরা সকলে দ্রুত ট্রাকের ড্রাইভার ও হেলপারকে উদ্ধার করে লালমোহন হাসপাতালে পাঠায়।
লালমোহন হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক নাইমকে মৃত ঘোষণা করেন। অন্য দিকে গুরুতর আহত আল আমিনকে প্রাথমিক চিকিৎসা শেষে অবস্থার অবনতি দেখে লালমোহন হাসপাতালের কর্তব্যরত ডাক্তার উন্নত চিকিৎসার জন্য রেফার্ড করেন।
স্থানীয় চৌকিদার মো. মহিউদ্দিন মার্শাল, মো. ইব্রাহিম, মাকসুদসহ আরো অনেকে জানান, দীর্ঘদিন ধরে ব্রিজটি ঝুঁকিপূর্ণ অবস্থায় ছিলে। বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে একাধিকবার জানানো হলেও কার্যকর কোনো পদক্ষেপ নেওয়া হয়নি।
এ ব্যাপারে লালমোহন থানার অফিসার ইনচার্জ অলিউল ইসলাম বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশের একটি টিম প্রেরণ করা হয়েছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।
এমএইচ
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

