বরগুনায় স্থানীয়দের তৎপরতায় ব্যর্থ ডাকাতির চেষ্টা, আটক ১

উপজেলা প্রতিনিধি, আমতলী (বরগুনা)

বরগুনায় স্থানীয়দের তৎপরতায় ব্যর্থ ডাকাতির চেষ্টা, আটক ১
ডাকাতির অভিযোগে গ্রেপ্তার মো. আলহাজ্ব ফকির।

বরগুনার আমতলী উপজেলার মহিষকাটা বাজার এলাকায় স্থানীয়দের তৎপরতায় ডাকাতির একটি চেষ্টা ভেস্তে গেছে। এ সময় মো. আলহাজ্ব ফকির (২৭) নামে এক সন্দেহভাজনকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেন স্থানীয়রা।

শনিবার (২৮ জুন) দিবাগত গভীর রাতে উপজেলার মহিষকাটা বাজার এলাকায় এ ঘটনা ঘটে।

বিজ্ঞাপন

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, কয়েকদিন ধরে আমতলী উপজেলার বিভিন্ন এলাকায় ধারাবাহিকভাবে চুরি ও ডাকাতির ঘটনা ঘটছিল। এরই ধারাবাহিকতায় শনিবার গভীর রাতে ৭-৮ সদস্যের একটি দল মহিষকাটা বাজারে ডাকাতির প্রস্তুতি নেয়। বিষয়টি টের পেয়ে স্থানীয়রা তাদের ধাওয়া করলে ডাকাতির চেষ্টা ব্যর্থ হয়। একপর্যায়ে মো. আলহাজ্ব ফকিরকে আটক করা হলেও তার সহযোগীরা পালিয়ে যেতে সক্ষম হয়।

খবর পেয়ে আমতলী থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে স্থানীয়দের হাতে আটক আলহাজ্ব ফকিরকে থানায় নিয়ে যায়। রোববার জিজ্ঞাসাবাদে তিনি ডাকাতির প্রস্তুতির সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন এবং তার সহযোগীদের সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন বলে পুলিশ জানিয়েছে।

আটক আলহাজ্ব ফকিরের বাড়ি শরীয়তপুর জেলার ডামুড্যা উপজেলার শম্বুকাঠি গ্রামে। তার বাবার নাম মো. রাসেল ফকির।

আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইয়াকুব আলী বলেন, জিজ্ঞাসাবাদে আলহাজ্ব ফকির ডাকাতির প্রস্তুতি এবং তার সঙ্গে জড়িতদের বিষয়ে তথ্য দিয়েছেন। এ ঘটনায় ডাকাতির প্রস্তুতির অভিযোগে তার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। সোমবার তাকে আমতলী সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে পাঠানো হবে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ

এলাকার খবর
Loading...