মিরসরাইয়ে সড়ক দুর্ঘটনায় আনসার ভিডিপি কর্মকর্তা নিহত

উপজেলা প্রতিনিধি, মিরসরাই (চট্টগ্রাম)

মিরসরাইয়ে সড়ক দুর্ঘটনায় আনসার ভিডিপি কর্মকর্তা নিহত

চট্টগ্রামের মিরসরাইয়ে মোটরসাইকেল ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে উপজেলা আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর (ভিডিপি) কর্মকর্তা আলাউদ্দিন (৩৮) নিহত হয়েছেন। রোববার দুপুর ১২টার দিকে মিরসরাই জাতীয় বিশেষ অর্থনৈতিক অঞ্চলে সরকারি কাজ পরিদর্শনে যাওয়ার পথে আবুতোরাব রাস্তার মাথা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত আলাউদ্দিন লক্ষ্মীপুরের রামগতি উপজেলার কাশেম মিয়া বাড়ির বাসিন্দা আবুল কাশেমের ছেলে। তিনি চলতি বছরের শুরুতে মিরসরাই উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা হিসেবে দায়িত্ব গ্রহণ করেন।

বিজ্ঞাপন

স্থানীয় সূত্রে জানা গেছে, রোববার দুপুরে সরকারি দায়িত্ব পালনকালে মিরসরাই জাতীয় বিশেষ অর্থনৈতিক অঞ্চলের দিকে মোটরসাইকেলে করে যাওয়ার সময় আবুতোরাব এলাকায় একটি অটোরিকশার সঙ্গে তার মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে তিনি গুরুতর আহত হন। স্থানীয়রা দ্রুত উদ্ধার করে প্রথমে মিরসরাই সদরের সেবা আধুনিক হাসপাতালে নিয়ে যান। পরে উন্নত চিকিৎসার জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে জরুরি বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

দুর্ঘটনার খবর পেয়ে হাসপাতালে ছুটে যান মিরসরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা সোমাইয়া আক্তার, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আলাউদ্দিন কাদেরসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আলাউদ্দিন কাদের জানান, সকালে একটি তদন্ত-সংক্রান্ত সরকারি কাজে বিশেষ অর্থনৈতিক অঞ্চলে যাওয়ার পথে দুর্ঘটনাটি ঘটে। হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহত কর্মকর্তার পরিবারের সদস্যরা হাসপাতালে আসছেন। পরবর্তী প্রয়োজনীয় প্রশাসনিক কার্যক্রম সম্পন্ন করা হবে।

মিরসরাই থানার ওসি ফরিদা ইয়াসমিন বলেন, দুর্ঘটনায় জড়িত মোটরসাইকেল ও অটোরিকশা জব্দ করা হয়েছে। নিহত কর্মকর্তার লাশ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক শুভ্রা দাশ জানান, সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত অবস্থায় একজন আনসার কর্মকর্তাকে হাসপাতালে আনা হয়। হাসপাতালে পৌঁছানোর আগেই তার মৃত্যু হয়েছে। প্রয়োজনীয় আইনগত কার্যক্রম পুলিশ সম্পন্ন করছে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
Loading...