কক্সবাজারের রামুতে যাত্রীবাহী মিনিবাস ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে মাইক্রোবাসের চালক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত চার থেকে পাঁচজন যাত্রী।
শুক্রবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের রামু উপজেলার জোয়ারিয়ানালা ইউনিয়নের নতুন মুরাপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত জাফর আলম (৪০) কক্সবাজার উখিয়া উপজেলার হলদিয়াপালং ইউনিয়নের বাসিন্দা। তিনি দুর্ঘটনাকবলিত মাইক্রোবাসটির চালক ছিলেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, ঈদগাহমুখী একটি মিনিবাসের সঙ্গে কক্সবাজারগামী একটি মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষ হলে বিকট শব্দে দুটি গাড়ি দুমড়ে-মুচড়ে যায়। এতে ঘটনাস্থলেই মাইক্রোবাসের চালক জাফর আলমের মৃত্যু হয়। দুর্ঘটনার পর স্থানীয়রা আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠান।
রামু ক্রসিং হাইওয়ে থানার ওসি সুকান্ত চক্রবর্তী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, দুর্ঘটনায় একজন নিহত হয়েছেন। আহত চার-পাঁচজনকে হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেওয়া হচ্ছে। দুর্ঘটনার কারণ অনুসন্ধান করা হচ্ছে এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
দুর্ঘটনার পর কিছু সময় মহাসড়কে যান চলাচল ব্যাহত হলেও পরে দুর্ঘটনাকবলিত যানবাহন সরিয়ে স্বাভাবিক হয় যান চলাচল।
এমএইচ
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

