কক্সবাজারের টেকনাফ-সেন্টমার্টিন রুটে টানা ছয় দিন ধরে যাত্রীবাহী নৌ চলাচল বন্ধ রয়েছে। বৈরী আবহাওয়ার কারণে গত বৃহস্পতিবার থেকে আজ বুধবার দুপুর পর্যন্ত কোনো ধরনের সার্ভিস ট্রলার চলাচল করেনি।
কক্সবাজার সমুদ্রবন্দরে সতর্কসংকেত থাকায় এই নৌপথে যাত্রী পরিবহনসহ সব নৌযান বন্ধ রয়েছে। সেন্টমার্টিন রুটের নৌযানের টিকিট বিক্রেতা ফারুক আহমেদ বলেন, ‘সংকেত কেটে গেলে নৌযান চলাচল স্বাভাবিক হবে। টেকনাফ-সেন্টমার্টিনের উভয় পাড়ে অনেক যাত্রী আটকা পড়েছেন।’
সেন্টমার্টিন সার্ভিস ট্রলার মালিক সমিতির সভাপতি আব্দুর রশিদ বলেন, ‘এই নৌপথে ২৬টি ট্রলার চলাচল করে। দৈনিক রোটেশনে দুই থেকে তিনটি ট্রলার চলাচল করে থাকে। সেগুলোও এখন বন্ধ রয়েছে।’
সেন্টমার্টিন ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ফয়েজুল ইসলাম বলেন, ‘প্রতি বছর জুন-জুলাই মাসে এরকম পরিস্থিতি সৃষ্টি হয়। এ সময়ে কেউ অসুস্থ হয়ে পড়লে তার মৃত্যু ছাড়া কোনো উপায় থাকে না। উপজেলা নির্বাহী কর্মকর্তার সঙ্গে কথা হয়েছে। পাশাপাশি শাহপরীর দ্বীপে অবস্থানরত কোস্ট গার্ডের একটি বড় ট্রলার সেন্টমার্টিনে এলে সেটিতে করে পরীক্ষার্থীদের টেকনাফে আনার ব্যবস্থা করা যায় কি না, সে বিষয়েও আলোচনা হয়েছে।’
উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম অনীক চৌধুরী বলেন, ‘বৈরী আবহাওয়ার কারণে টেকনাফ–সেন্টমার্টিন নৌপথে ট্রলার চলাচল বন্ধ রয়েছে। তবে সেন্টমার্টিন দ্বীপে অবস্থানরত এইচএসসি পরীক্ষার্থীদের বিষয়টি সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে অবহিত করা হয়েছে। নির্দেশনা পেলে পরীক্ষার্থীদের বিষয়ে প্রয়োজনীয় সিদ্ধান্ত নেওয়া হবে।’
জেডএম
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

