ফেনী থেকে উদ্বোধন হচ্ছে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলীয় জুলাই পদযাত্রা। ‘দেশ গড়তে জুলাই জাগরণ’ শিরোনাম সামনে রেখে বৃহস্পতিবার বিকেল ৫টায় জেলার সোনাগাজী উপজেলা চত্বর থেকে এ পদযাত্রার উদ্বোধন করবেন এনসিপির কেন্দ্রীয় নেতারা।
এতে জুলাই গণঅভ্যূত্থানের নায়ক এনসিপির আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম এমপি, দক্ষিণাঞ্চলীয় মুখ্য সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ এমপি, কেন্দ্রীয় মুখপাত্র ও অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঞা, যুগ্ম আহ্বায়ক আবদুল্লাহ আল আমিন এমপি, সাংগঠনিক সম্পাদক সুজা উদ্দিন সজীব ও ছাত্রবিষয়ক সম্পাদক আলী আহসান জুনায়েদসহ কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা উপস্থিত থাকার কথা রয়েছে।
এনসিপির ফেনী জেলা সদস্যসচিব শাহ ওয়ালিউল্লাহ মানিক বলেন, ঐতিহাসিক, রক্তস্নাত জুলাই ফিরে এসেছে নতুন প্রত্যাশা ও প্রেরণার বার্তা নিয়ে। হাজারো শহীদের আত্মত্যাগ এবং ছাত্র-জনতার অভ্যুত্থানের মধ্য দিয়ে অর্জিত নতুন গণতান্ত্রিক বাংলাদেশের ইতিহাসে জুলাই একটি অনন্য অধ্যায়। এই ঐতিহাসিক মাসকে যথাযথ মর্যাদায় স্মরণ এবং গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষা নতুন প্রজন্ম ও দেশের সর্বস্তরের মানুষের কাছে পৌঁছে দিতে ‘দেশ গড়তে জুলাই জাগরণ’ শীর্ষক মাসব্যাপী কর্মসূচি ঘোষণা করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।
জুলাই মাসজুড়ে আলোচনা, সাংস্কৃতিক অনুষ্ঠান, পদযাত্রা, গণসংযোগ, শহীদদের স্মরণ, সাংস্কৃতিক ও ক্রীড়া প্রতিযোগিতা, পেশাজীবী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের অংশগ্রহণে বিশেষ কর্মসূচির মাধ্যমে জুলাই গণঅভ্যুত্থানের প্রতিটি গুরুত্বপূর্ণ দিন ও ঘটনাকে জাতির সামনে তুলে ধরা হবে। এছাড়া পদযাত্রায় গণভোট বাস্তবায়ন, কর্মসংস্থান বৃদ্ধি, বিদ্যুৎ সংকট নিরসন, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ ও সীমান্ত সুরক্ষার দাবিতে জনগণকে সোচ্চার করা হবে।
এমএইচ
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

