চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার সোনাইছড়ি ইউনিয়নের জোড়ামতল এলাকায় এক ইমামের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার দিবাগত রাত প্রায় ১২টার দিকে জোড়ামতল বাংলাবাজার রাজা মিয়া সওদাগার জামে মসজিদের দোতলায় নিজ কক্ষ থেকে তার লাশ উদ্ধার করা হয়।
মৃত মাওলানা মোহাম্মদ আমির দীর্ঘদিন ধরে মসজিদটিতে মুয়াজ্জিনের দায়িত্ব পালনের পাশাপাশি ইমামতির দায়িত্বও পালন করে আসছিলেন। তার গ্রামের বাড়ি চট্টগ্রামের বাঁশখালী উপজেলায়।
স্থানীয়দের ভাষ্যমতে, ধর্মীয় দায়িত্ব পালনে তিনি ছিলেন অত্যন্ত আন্তরিক, বিনয়ী ও দায়িত্বশীল। তবে ঘটনার দিন মাগরিব ও এশার নামাজে তার অনুপস্থিতি প্রথমে মুসল্লিদের দৃষ্টি আকর্ষণ করে। একই সঙ্গে তার ব্যবহৃত মোবাইল ফোন বন্ধ পাওয়া গেলে উদ্বেগ আরও বাড়তে থাকে।
একপর্যায়ে মুসল্লিরা খোঁজাখুঁজি শুরু করে মসজিদের দোতলায় গিয়ে ফ্যানের হুকের সঙ্গে ঝুলন্ত অবস্থায় তাকে দেখতে পান। পরে বিষয়টি তাৎক্ষণিকভাবে সীতাকুণ্ড মডেল থানায় জানানো হয়।
সোনাইছড়ি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান নুরুদ্দিন মোহাম্মদ জাহাঙ্গীর বলেন, ‘তিনি দীর্ঘ বছর ধরে মসজিদে মুয়াজ্জিন ও ইমামের দায়িত্ব পালন করছিলেন। মাগরিব ও এশার নামাজে তাকে না দেখে এবং মোবাইল ফোন বন্ধ পাওয়ায় মুসল্লিরা উদ্বিগ্ন হয়ে পড়েন। পরে দোতলায় তার কক্ষে ঝুলন্ত অবস্থায় দেখতে পাই। এরপর পুলিশকে খবর দিলে তারা লাশ উদ্ধার করে। পরে সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়। এ সময় ঘটনাস্থল থেকে একটি হাতে লেখা চিরকুট, ব্যবহৃত মোবাইল ফোন এবং কিছু ব্যক্তিগত কাগজপত্র আলামত হিসেবে জব্দ করা হয়।’
সীতাকুণ্ড মডেল থানার এসআই রফিকুল ইসলাম বলেন, ঘটনাস্থল থেকে গুরুত্বপূর্ণ আলামত সংগ্রহ করা হয়েছে। একটি চিরকুট উদ্ধার করা হয়েছে এবং পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলা হচ্ছে। ময়নাতদন্তের প্রতিবেদন ও তদন্ত শেষ হওয়ার আগে মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিতভাবে কিছু বলা সম্ভব নয়।
জেডএম
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

