খাগড়াছড়ির মাটিরাঙ্গার গহীন জঙ্গলে অভিযান চালিয়ে ইউপিডিএফের (মূল) তিন সদস্যকে আটক করেছে আইনশৃঙ্খলা বাহিনী। অভিযানকালে তল্লাশি চালিয়ে অস্ত্র, গুলিসহ বিভিন্ন সরঞ্জামাদি উদ্ধার করা হয়।
বৃহস্পতিবার (২৫ জুন) ভোরের দিকে মাটিরাঙ্গা উপজেলার সদর ইউনিয়নের রেখুং পাড়ায় এ অভিযান চালানো হয়।
আটককৃতরা হলেন গুইমারা উপজেলার লক্ষ্যসিপাড়া গ্রামের থোয়াইগ্য মারমা ছেলে হ্লাপ্রুসাই মারমা (৩০) গুইমারা সদর ইউনিয়নের কলাপাড়া গ্রামের সুমইল্লা চাকমার ছেলে তেজেন্দ্র চাকমা (২৭),মাটিরাঙ্গা সদর মানসিপাড়া গ্রামের দূর্গ মোহন ত্রিপুরার ছেলে বিশ্ব ত্রিপুরা (২৮)।
আইনশৃঙ্খলা বাহিনীর সূত্রে জানা যায়, হ্লাপ্রুসাই মারমা, তেজেন্দ্র চাকমা ও বিশ্ব ত্রিপুরা সাংগঠনিক কাজ শেষে মাটিরাঙ্গার বাইল্যাছড়ি এলাকার রেখুং পাড়ায় এক ব্যক্তির বাড়িতে রাতযাপন কালে গোপন তথ্যে ভিত্তিতে অভিযান পরিচালনা করে ভোররাতের দিকে তদের আটক করা হয়।
অভিযান পরিচালনাকালে তল্লাশি চালিয়ে ১টি দেশী তৈরি একনলা বন্দুক, ২ রাউন্ড গুলি, ১টি বিদেশী পিস্তল , ১টি গুলি, ১টি চাকু ,১ টি পিস্তলের ম্যাগজিন, ৩টি ব্যাগ ,১ জোড়া জুতা ও ১১ হাজার নগদ টাকা জব্দ করা হয়।
মাটিরাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহেদ উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আটককৃতদের থানায় রাখা হয়েছে। তাদের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়ের প্রস্তুতি চলছে।
এছাড়াও আরো কয়েকটি স্থানে আইনশৃঙ্খলা বাহিনীর অভিযান চলছে বলে জানিয়েছেন ওসি।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

