ঢাকায় স্থগিত হলো অনুপম রায়ের কনসার্ট

বিনোদন রিপোর্টার

ঢাকায় স্থগিত হলো অনুপম রায়ের কনসার্ট

আগামীকাল, ২৬ জুন, ঢাকায় অনুষ্ঠিত হওয়ার কথা ছিল পশ্চিমবঙ্গের জনপ্রিয় কণ্ঠশিল্পী, গীতিকার ও সুরকার অনুপম রায় এবং তার ব্যান্ডের বিশেষ কনসার্ট। ইয়ামাহা মিউজিক বাংলাদেশ ও ট্রিপল টাইম কমিউনিকেশনসের যৌথ উদ্যোগে ‘ওয়ান ট্রু সাউন্ড’ শিরোনামের এই কনসার্ট অনুষ্ঠিত হওয়ার কথা ছিল রাজধানীর ইউনাইটেড কনভেনশন সেন্টারে।

তবে আয়োজনের একদিন আগে স্থগিত করা হয়েছে অনুষ্ঠানটি। বিষয়টি নিশ্চিত করেছে কনসার্টের আয়োজক প্রতিষ্ঠান ইয়ামাহা মিউজিক বাংলাদেশ। আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, অনুষ্ঠান আয়োজনের জন্য আয়োজক প্রতিষ্ঠান প্রয়োজনীয় সকল প্রস্তুতি সম্পন্ন করে। এবং সরকার নির্ধারিত যথাযথ অনুমোদন নেয়। তবে অনিবার্য পরিস্থিতির পরিপ্রেক্ষিতে সরকার থেকে অনুষ্ঠানটি আয়োজন না করার নির্দেশনা প্রদান করা হয়। ফলে কনসার্টটি আপাতত স্থগিত করা হয়েছে।

বিজ্ঞাপন

ইয়ামাহা মিউজিক কর্তৃপক্ষ এবং ট্রিপল টাইম জানায়, সকল টিকিটধারীকে তাদের ক্রয়কৃত টিকিটের সম্পূর্ণ মূল্য অফিসিয়াল টিকিটিং প্ল্যাটফর্মের মাধ্যমে ফেরত প্রদান করা হবে। পরবর্তী তারিখ খুব শীঘ্রই জানানো হবে, তবে টিকিট রিফান্ড প্রক্রিয়া আগামী ২৪ ঘণ্টার মধ্যে শুরু করা হবে।

এদিকে কনসার্ট স্থগিত হওয়ার বিষয়টি নিশ্চিত করেন অনুপম রায় নিজে। তিনি জানান, বৃহস্পতিবার সকালে আয়োজকদের কাছ থেকে এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে অবহিত করা হয়েছে।

আয়োজিত এ অনুষ্ঠানে দেশের জনপ্রিয় সংগীতদল বেঙ্গল সিম্ফনি-এরও পারফর্ম করার কথা ছিল।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন