সীতাকুণ্ডে মরণফাঁদ ‘নামার বাজার’ আন্ডারপাস

জহিরুল ইসলাম, সীতাকুণ্ড (চট্টগ্রাম)

সীতাকুণ্ডে মরণফাঁদ ‘নামার বাজার’ আন্ডারপাস

ঢাকা–চট্টগ্রাম মহাসড়কে সীতাকুণ্ড উপজেলায় মরণফাঁদে পরিণত হয়েছে ‘নামার বাজার’ আন্ডারপাস। লক্ষাধিক স্থানীয় বাসিন্দার কাছে যা এখন চরম ঝুঁকিপূর্ণ, দীর্ঘস্থায়ী দুর্ভোগ ও আতঙ্কের প্রতীকে পরিণত হয়েছে।

বিজ্ঞাপন

স্থানীয় সূত্রে জানা যায়, ২০১০ সালে চার লেন মহাসড়ক উন্নয়ন প্রকল্পের আওতায় চীনা ঠিকাদারি প্রতিষ্ঠান সিনোহাইড্রো কর্পোরেশনের ৯ নম্বর প্যাকেজের অধীনে এ আন্ডারপাসটি নির্মিত হয়। স্থানীয় জনগণের নিরাপদ যাতায়াত নিশ্চিত করার লক্ষ্য থাকলেও শুরু থেকেই পরিকল্পনাগত দুর্বলতা ও তদারকির ঘাটতি রয়েছে। আন্ডারপাসটির ক্লিয়ারেন্স ও উচ্চতা এতটাই সীমিত যে ফায়ার সার্ভিসসহ জরুরি সেবার গাড়ি কিংবা ভারী উদ্ধারযান সহজে চলাচল করতে পারে না। ফলে পৌরসভার নামার বাজার ঘনবসতিপূর্ণ এলাকায় কোনো বড় দুর্ঘটনা বা অগ্নিকাণ্ড ঘটলে জরুরি সেবা পৌঁছাতে বিকল্প দীর্ঘ পথ ব্যবহার করতে হয়। যা সময়ক্ষেপণের কারণে জীবন ও সম্পদের ঝুঁকি বহুগুণ বাড়িয়ে দিচ্ছে।

নামার বাজার এলাকার বাসিন্দা নুরুল গনি বলেন, এটি কোনো উন্নয়ন নয়। আমাদের জন্য প্রতিদিনের আতঙ্ক। কোথাও আগুন লাগলে বা বড় ধরনের কোনো প্রাকৃতিক দুর্যোগ হলে এলাকার মানুষ জরুরি সেবা থেকে বঞ্চিত হবে। আন্ডারপাস মৃত্যুফাঁদে পরিণত হয়েছে।

অনুসন্ধানে জানা গেছে, প্রকল্প হস্তান্তরের পর আন্ডারপাসের মূল নকশা, অ্যাজ-বিল্ট ড্রয়িং এবং গুরুত্বপূর্ণ কারিগরি ও ব্যয়ের নথিপত্র সংশ্লিষ্ট দপ্তরগুলোতে খুঁজে পাওয়া যাচ্ছে না। এই নথি নিখোঁজ হওয়াকে ঘিরে স্থানীয়দের মধ্যে প্রশ্ন আরো ঘনীভূত হয়েছে, এটি কি কেবল প্রশাসনিক ব্যর্থতা, নাকি বৃহৎ কোনো অনিয়ম ও দুর্নীতি আড়াল করার প্রচেষ্টা।

সীতাকুণ্ড পৌরসভার প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা ফখরুল ইসলাম বলেন, পৌরসভার কোনো ত্রুটির কারণে এই সমস্যা সৃষ্টি হয়নি। সড়ক ও জনপথ (সওজ) বিভাগের বাইপাস সড়কের নকশাতেই গুরুতর ত্রুটি ছিল।

চট্টগ্রাম সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী মোসলেহ উদ্দিন চৌধুরী বলেন, প্রকল্পটি সিনোহাইড্রো কর্পোরেশনের ৯ নম্বর প্যাকেজের অধীনে বাস্তবায়িত হলেও নকশা ও ব্যয়ের গুরুত্বপূর্ণ নথিপত্র বর্তমানে দপ্তরে খুঁজে পাওয়া যাচ্ছে না। জনদুর্ভোগ লাঘবে কারিগরি পর্যায়ে সম্ভাব্য সমাধানের উদ্যোগ নেওয়া হবে।

চট্টগ্রাম সওজের অতিরিক্ত প্রধান প্রকৌশলী আব্দুল হালিম বলেন, মহাসড়কের বিভিন্ন সমস্যাগুলো চিহ্নিত করে অবৈধ স্থাপনা উচ্ছেদ এবং পৌরসভার বাইপাস সড়কের আন্ডারপাস দিয়ে ফায়ার সার্ভিসসহ জরুরি সেবার যানবাহন চলাচল নির্বিঘ্ন করতে প্রয়োজনীয় সংস্কার কার্যক্রমের উদ্যোগ নেয়া হবে।

জেডএম

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন