কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ, তার অঙ্গ ও সহযোগী সংগঠনের দেশব্যাপী নৈরাজ্য ও অস্থিতিশীলতা সৃষ্টির অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে মাটিরাঙ্গা উপজেলা ও পৌর বিএনপি এবং অঙ্গ সংগঠন।
সোমবার বিকেলের দিকে মাটিরাঙ্গা বিএনপির দলীয় কার্যালয় থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়ে প্রধান প্রধান সড়ক ঘুওে দলীয় কার্যালয়ে গিয়ে শেষ হয়।
এ সময় ‘আওয়ামী লীগের সন্ত্রাসীরা-হুঁশিয়ার সাবধান, ছাত্রলীগের ঠিকানা-বাংলাদেশে হবে না, যুবলীগের সন্ত্রাসীরা-হুঁশিয়ার সাবধান ও একটা একটা লীগ ধর-ধইরা ধইরা জেলে ভর’ ইত্যাদি স্লোগানে মাটিরাঙ্গার রাজপথ প্রকম্পিত হয়ে উঠে।
পরে বিএনপির দলীয় কার্যালয়ের সামনে মাটিরাঙ্গা পৌর বিএনপির সভাপতি শাহজালাল কাজলের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে মাটিরাঙ্গা পৌর বিএনপির সাধারণ সম্পাদক ইব্রাহিম পাটোয়ারী ও মাটিরাঙ্গা উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক জিয়াউর রহমান প্রমুখ বক্তব্য রাখেন।
বিক্ষোভ মিছিল পরবর্তী সমাবেশে বক্তারা বলেন, ১৭ বছর ক্ষমতায় থেকে আওয়ামী লীগ এ দেশের হাজার হাজার রাজনৈতিক কর্মীকে হত্যা করেছে। হাজার হাজার কোটি টাকা পাচার করেছে। বাংলাদেশের বাক স্বাধীনতা বলতে কিছুই ছিল না। জুলাই গণঅভুত্থানের মাধ্যমে দীর্ঘ ১৭ বছর পর ফ্যাসিবাদের বিদায় শেষে ১২ ফেব্রুয়ারির নির্বাচনে তারেক রহমানের নেতৃত্বে গণতান্ত্রিক সরকার ক্ষমতা গ্রহণের পর তারা আবারও ফ্যাসিবাদি আচরণ শুরু করেছে। প্রকাশ্যে পুলিশকে হত্যার হুমকি দিতেও তারা দ্বিধা করেনি।
তারা বলেন, যত দিন পর্যন্ত গণতন্ত্রকামী জনগণ জীবিত থাকবে, ততদিন পর্যন্ত বাংলাদেশের মাটিতে পতিত স্বৈরাচার শেখ হাসিনা এবং তার দোসরদের কোনো ধরনের সন্ত্রাসী কার্যক্রম করা তো দূরের কথা রাজনীতি করার কোনো সুযোগ দেওয়া হবে না। তাদের যেখানেই পাওয়া যাবে সেখানেই প্রতিহত করা হবে।
এ সময় খাগড়াছড়ি জেলা বিএনপির ত্রাণ ও পুর্নবাসনবিষয়ক সম্পাদক বাদশা মিয়া,
মাটিরাঙ্গা উপজেলা বিএনপির সহসভাপতি ললিত বিকাশ ত্রিপুরা, মাটিরাঙ্গা পৌর বিএনপির সিনিয়র সহসভাপতি নারায়ণ ত্রিপুরা, মাটিরাঙ্গা উপজেলা যুবদলের আহ্বায়ক জয়নাল আবেদীন সরকার, সদস্য সচিব ফোরকান ইমামী, মাটিরাঙ্গা পৌর যুবদলের আহ্বায়ক মো. গিয়াসউদ্দিন, মাটিরাঙ্গা উপজেলা শ্রমিক দলের সভাপতি তরিকুল ইসলাম সনি, মাটিরাঙ্গা উপজেলা ছাত্রদলের সদস্য সচিব মনজু চৌধুরী ও মাটিরাঙ্গা পৌর ছাত্রদলের আহ্বায়ক নুর মোহাম্মদ রাব্বি প্রমুখ উপস্থিত ছিলেন।
এমইএইচ
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

