ফরিদপুরের চরভদ্রাসন সরকারি কলেজের নবনির্মিত কেন্দ্রীয় জামে মসজিদের উদ্বোধন করা হয়েছে। শনিবার দুপুর ১২টায় কলেজ ক্যাম্পাসে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে মসজিদটির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য মো. শহিদুল ইসলাম বাবুল। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চরভদ্রাসন সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর চন্দ্র মোহন সরকার।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজের সাবেক অধ্যক্ষ শীলা রানী মণ্ডল ও বেলাল হোসেন।
অনুষ্ঠানে আরও বক্তব্য দেন চরভদ্রাসন থানার ওসি মো. আনোয়ার হোসেন, সহযোগী অধ্যাপক ফরিদুল ইসলাম, মমিনুল হক, উপজেলা ছাত্রদলের কলেজ শাখার সভাপতি মো. আল-আমিন মোল্যা, শিক্ষার্থী আনিসা আলমগীর এবং ওবায়দুর রহমান সাজিদ।
প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য মো. শহিদুল ইসলাম বাবুল বলেন, দেশকে এগিয়ে নিতে হলে জাতিকে শিক্ষিত করে গড়ে তুলতে হবে। মানসম্মত ও উদ্ভাবনী শিক্ষা অর্জনের মাধ্যমে দেশের বেকারত্ব সমস্যা অনেকাংশে দূর করা সম্ভব। তিনি যুবসমাজকে সৃজনশীল, প্রযুক্তিনির্ভর ও উৎপাদনমুখী শিক্ষা গ্রহণের আহ্বান জানান।
তিনি আরও বলেন, শিক্ষা প্রতিষ্ঠানে আধুনিক অবকাঠামো ও ধর্মীয় মূল্যবোধ চর্চার পরিবেশ নিশ্চিত করা হলে শিক্ষার্থীরা নৈতিক ও আদর্শবান নাগরিক হিসেবে গড়ে উঠবে, যা দেশ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
অনুষ্ঠান শেষে প্রধান অতিথি লাল ফিতা কেটে চরভদ্রাসন সরকারি কলেজের নবনির্মিত কেন্দ্রীয় জামে মসজিদের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। এ সময় কলেজের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
নবনির্মিত মসজিদটি কলেজের শিক্ষার্থী, শিক্ষক ও কর্মচারীদের ধর্মীয় অনুশীলনের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেছেন।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

