স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন বকুল বলেছেন, যেখানেই দুর্নীতি, সেখানেই চাকরিচ্যুতি; যেখানেই অনিয়ম, সেখানেই চাকরিচ্যুতি। দুর্নীতি করলে বদলি নয়, চাকরিই থাকবে না। কোনো অন্যায়-অনিয়মের সুপারিশ আমরা মানব না, এ ধরনের সুযোগও আর থাকবে না।
শনিবার নরসিংদী ডায়াবেটিক হাসপাতালের বার্ষিক সাধারণ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, দেশের স্বাস্থ্যসেবার মান উন্নয়নে প্রতিটি উপজেলার ৫০ শয্যার হাসপাতালকে পর্যায়ক্রমে ১০১ শয্যায় উন্নীত করা হবে। পাশাপাশি চীনের সহায়তায় দেশে ২০টি আধুনিক হাসপাতাল নির্মাণ করা হবে, যার মধ্যে দুটি হবে অত্যাধুনিক মানের। এসব হাসপাতালের একটি নরসিংদীতে স্থাপন করা হবে বলেও তিনি ঘোষণা দেন।
তিনি আরও জানান, প্রতিটি উপজেলা হাসপাতালে ১০টি করে কিডনি ডায়ালাইসিস মেশিন স্থাপন করা হবে, যাতে গ্রামের অসহায় ও দরিদ্র মানুষ নিজ এলাকায় চিকিৎসাসেবা পেতে পারেন।
বেসরকারি হাসপাতালগুলোর প্রসঙ্গে মন্ত্রী বলেন, আগামী এক সপ্তাহের মধ্যে নরসিংদীর সব বেসরকারি হাসপাতালে ১০ শয্যার লেবার ওয়ার্ড স্থাপন করা হয়েছে কি না, সে বিষয়ে প্রতিবেদন দিতে সিভিল সার্জনকে নির্দেশ দেওয়া হয়েছে। কোনো হাসপাতাল আইন অমান্য করলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। প্রয়োজনে হাসপাতাল বন্ধ করে লাইসেন্স বাতিলও করা হবে।
তিনি বলেন, কোনো হাসপাতাল মানুষের জীবন নিয়ে খেলতে পারবে না। সম্প্রতি একটি বড় হাসপাতালের ঘটনায় শিশু মৃত্যুর পর আমরা তাৎক্ষণিকভাবে ওই প্রতিষ্ঠানের লাইসেন্স বাতিল করেছি। এ ঘটনা থেকে দেশের সব হাসপাতালের শিক্ষা নেওয়া উচিত।
মন্ত্রী হাসপাতালগুলোকে দালালমুক্ত করার ওপরও গুরুত্বারোপ করে বলেন, রোগীদের যেন কোনো দালালের খপ্পরে পড়তে না হয়, সে জন্য সিভিল সার্জনকে কার্যকর ব্যবস্থা নিতে হবে।
জেলা প্রশাসক ইসরাত জাহান কেয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন নরসিংদী-১ আসনের সংসদ সদস্য ও বিএনপির কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন, নরসিংদী-৫ আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন বকুল, নরসিংদী-৩ আসনের সংসদ সদস্য মনজুর এলাহী, জেলা পরিষদের চেয়ারম্যান তোফাজ্জল হোসেন মাস্টার, নরসিংদী প্রেসক্লাবের সভাপতি মাখন দাস এবং নরসিংদী ডায়াবেটিক হাসপাতালের সাধারণ সম্পাদক নুরুজ্জামান।
অনুষ্ঠানে স্বাস্থ্যমন্ত্রী স্বাস্থ্য খাতের পাশাপাশি নরসিংদী জেলাকে দুর্নীতি ও মাদকমুক্ত করতে প্রশাসনকে আন্তরিকভাবে কাজ করার আহ্বান জানান।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

