প্রধানমন্ত্রীর বরিশাল সফর ঘিরে শিবচরে উৎসবের আমেজ

উপজেলা প্রতিনিধি, শিবচর (মাদারীপুর)

প্রধানমন্ত্রীর বরিশাল সফর ঘিরে শিবচরে উৎসবের আমেজ
ছবি: আমার দেশ

প্রধানমন্ত্রীর বরিশাল সফরকে কেন্দ্র করে মাদারীপুরের শিবচর উপজেলায় সোমবার সকাল থেকেই সৃষ্টি হয় উৎসবমুখর পরিবেশ। রাজধানী ঢাকা থেকে সড়কপথে বরিশালের উদ্দেশ্যে যাত্রাকালে ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের শিবচরের পাচ্চর গোলচত্বরে প্রধানমন্ত্রী তারেক রহমানকে একনজর দেখতে এবং শুভেচ্ছা জানাতে সকাল থেকেই ভিড় করেন উপজেলা বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মী, সমর্থক এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

সোমবার সকাল প্রায় ৭টা ৩০ মিনিটে প্রধানমন্ত্রীর গাড়িবহর পাচ্চর গোলচত্বর অতিক্রম করার সময় তিনি গাড়ি থেকে উপস্থিত জনতার উদ্দেশে হাত নেড়ে শুভেচ্ছা জানান। এ সময় স্লোগানে মুখরিত হয়ে ওঠে পুরো এলাকা। জাতীয় ও দলীয় পতাকা হাতে উপস্থিত নেতাকর্মীরা উচ্ছ্বাসের সঙ্গে প্রধানমন্ত্রীকে স্বাগত জানান।

বিজ্ঞাপন

দলীয় সূত্রে জানা যায়, প্রধানমন্ত্রীকে সংবর্ধনা জানাতে সকাল থেকেই পাচ্চর গোলচত্বরে নেতাকর্মীরা জড়ো হতে থাকেন। শিবচর উপজেলা বিএনপির আহ্বায়ক শাহাদাত হোসেন খানের আহ্বানে উপজেলা বিএনপি, ইউনিয়ন বিএনপি এবং বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা নির্ধারিত সময়ের আগেই উপস্থিত হয়ে সুশৃঙ্খলভাবে সারিবদ্ধ অবস্থান গ্রহণ করেন। কর্মসূচিকে সফল করতে দায়িত্বশীল নেতারা সার্বক্ষণিক তদারকি করেন এবং সাধারণ জনগণকেও অনুষ্ঠানে অংশ নেওয়ার আহ্বান জানান।

মাদারীপুর জেলা বিএনপির নির্দেশনায় আয়োজিত এ কর্মসূচিতে উপজেলা আহ্বায়ক কমিটির সদস্য, ইউনিয়ন পর্যায়ের নেতৃবৃন্দ এবং বিভিন্ন সহযোগী সংগঠনের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন। শিবচর উপজেলা বিএনপির আহ্বায়ক শাহাদাত হোসেন খান ও সদস্য সচিব সোহেল রানাকে নেতাকর্মীদের শৃঙ্খলাবদ্ধভাবে অবস্থান নিশ্চিত করতে সক্রিয় ভূমিকা পালন করতে দেখা যায়।

এদিকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারম্যান প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের সফরকে কেন্দ্র করে ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের পুরো এলাকায় প্রশাসনের পক্ষ থেকে নেওয়া হয় নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা। মহাসড়কের গুরুত্বপূর্ণ পয়েন্টে স্থাপন করা হয় পুলিশি চেকপোস্ট। গোয়েন্দা সংস্থার নজরদারি জোরদারের পাশাপাশি সিসিটিভি ক্যামেরা সার্বক্ষণিক সচল রাখা হয়। পোশাকধারী ও সাদাপোশাকধারী আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের মহাসড়কের বিভিন্ন স্থানে দায়িত্ব পালন করতে দেখা যায়। নিরাপত্তা ব্যবস্থার কারণে পুরো সফরপথে শৃঙ্খলাপূর্ণ পরিবেশ বজায় ছিল।

সফরসূচি অনুযায়ী সোমবার সকাল সাড়ে ৬টায় রাজধানী থেকে সড়কপথে বরিশালের উদ্দেশ্যে রওনা দেন প্রধানমন্ত্রী। বরিশাল পৌঁছে গৌরনদী উপজেলার বাটাজোর এলাকায় বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নেওয়ার পাশাপাশি বরিশাল নগরীর ত্রিশ গোডাউন বধ্যভূমি সংলগ্ন এলাকায় আয়োজিত বিভিন্ন কর্মসূচি ও জেলা সাংগঠনিক সভায় যোগ দেওয়ার কথা রয়েছে।

শিবচর উপজেলা বিএনপির সদস্য সচিব সোহেল রানা বলেন, শিবচরবাসী অধীর আগ্রহে প্রধানমন্ত্রীকে বরণ করে নিতে অপেক্ষা করেছে। আমাদের সেই অপেক্ষার প্রহর শেষ হয়েছে। তার এই সফর দক্ষিণাঞ্চলের পাশাপাশি শিবচরের উন্নয়ন এবং সাংগঠনিক কার্যক্রমে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করবে বলে আমরা আশাবাদী।

সকাল থেকেই শিবচরের বিভিন্ন ইউনিয়ন ও গ্রামাঞ্চল থেকে নেতাকর্মী, সমর্থক এবং সাধারণ মানুষ পাচ্চর গোলচত্বরে এসে জড়ো হন। শিশু, নারী ও প্রবীণসহ বিভিন্ন বয়সী মানুষের উপস্থিতিতে পুরো এলাকা উৎসবের আমেজে ভরে ওঠে। অনেকেই জাতীয় ও দলীয় পতাকা হাতে দাঁড়িয়ে প্রধানমন্ত্রীর গাড়িবহরের অপেক্ষা করেন। দীর্ঘ প্রতীক্ষার পর প্রধানমন্ত্রী হাত নেড়ে শুভেচ্ছা জানালে উপস্থিত জনতার মধ্যে আনন্দ-উচ্ছ্বাস ছড়িয়ে পড়ে।

সংশ্লিষ্টরা জানান, প্রশাসনের কঠোর নিরাপত্তা ব্যবস্থা এবং দলীয় নেতাকর্মীদের সমন্বিত প্রস্তুতির ফলে পুরো কর্মসূচি শান্তিপূর্ণ, সুশৃঙ্খল ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়।

এ কর্মসূচিতে উপস্থিত ছিলেন মাদারীপুর-১ (শিবচর) আসনের ধানের শীষের মনোনীত প্রার্থী নাদিরা মিঠু চৌধুরী, যুগ্ম আহ্বায়ক (দপ্তরের দায়িত্বে) শহিদুল ইসলাম হাওলাদার (দিপু), ঢাকা বিশ্ববিদ্যালয় সাবেক সাধারণ সম্পাদক আবুল বাসার সিদ্দিকী, শিবচর উপজেলা বিএনপির সাবেক শ্রমবিষয়ক সম্পাদক আজমুল হুদা চৌধুরী (ইথু), শিবচর উপজেলা ছাত্রদলের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি সাওন চৌধুরী, সাবেক সাধারণ সম্পাদক সজিব খান, উপজেলা যুবদল নেতা রুবেল শিকদারসহ উপজেলা বিএনপি এবং অঙ্গ-সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী।

এমএইচ

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন