নারায়ণগঞ্জের ফতুল্লায় একটি ঝুটের গুদামে ভয়াবহ আগুনে প্রায় ৪০ লাখ টাকার ক্ষতি হয়েছে। খবর পেয়ে শিবু মার্কেট মডার্ন ফায়ার স্টেশনের চারটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে প্রায় দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বিদ্যুতের শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে।
বুধবার সকাল সাড়ে ৭টার দিকে ফতুল্লার দক্ষিণ সস্তাপুর এলাকায় মা মারজান এন্টারপ্রাইজ নামের ঝুটের গুদামে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক আব্দুল্লাহ আল আরিফিন বলেন, প্রায় ১৫০ ফুট দীর্ঘ ঝুটের গুদামটি আগুনে পুড়ে গেছে। এ ছাড়া পাশের একটি চায়ের দোকান ও একটি কাঠের দোকানের আংশিক ক্ষতি হয়েছে। প্রাথমিকভাবে ক্ষতির পরিমাণ প্রায় ৪০ লাখ টাকা বলে ধারণা করা হচ্ছে। আগুনের কারণ হিসেবে বিদ্যুতের শর্টসার্কিটকে প্রাথমিকভাবে সন্দেহ করা হচ্ছে।
স্থানীয় বাসিন্দারা জানান, সকালে গুদাম থেকে ধোঁয়া বের হতে দেখে তারা এগিয়ে যান। কিছুক্ষণের মধ্যেই আগুনের লেলিহান শিখা পুরো গুদামে ছড়িয়ে পড়ে। আগুন পাশের কয়েকটি স্থাপনায়ও ছড়িয়ে পড়ায় এলাকায় আতঙ্ক সৃষ্টি হয়। এ সময় আশপাশের বাড়ির লোকজন নিরাপত্তার জন্য তাদের ঘরের আসবাব সরিয়ে নেন।
ফায়ার সার্ভিসের সদস্যরা প্রায় দুই ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। আগুনের সঠিক কারণ ও ক্ষতির পরিমাণ নির্ধারণে তদন্ত চলছে।
এমএইচ
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

