পুলিশ পরিচয়ে ইজিবাইক চুরি, চাকরিচ্যুত সেনা ও পুলিশ সদস্য গ্রেপ্তার

উপজেলা প্রতিনিধি, রাজৈর (মাদারীপুর)

পুলিশ পরিচয়ে ইজিবাইক চুরি, চাকরিচ্যুত সেনা ও পুলিশ সদস্য গ্রেপ্তার

মাদারীপুরের রাজৈর উপজেলায় পুলিশ পরিচয়ে ইজিবাইক চুরির ঘটনায় চাকরিচ্যুত এক সেনা ও পুলিশ সদস্যসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার সকালে তথ্যপ্রযুক্তির সহায়তায় তাদের গ্রেপ্তার করা হয়। পরে দুপুরে আদালতের মাধ্যমে তাদের জেলহাজতে পাঠানো হয়েছে।

বিজ্ঞাপন

তারা হলেন—চাকরিচ্যুত সেনা সদস্য মো. সুজন মোল্লা (২৮),চাকরিচ্যুত পুলিশ সদস্য মো. লিমন মিয়া (৩৫), এবং মো. সাকায়েত মুন্সী (৩৫)। তাদের বাড়ি গোপালগঞ্জ জেলার মুকসুদপুর উপজেলায়।

পুলিশ জানায়, গত ১২ জুন দুপুরে রাজৈর উপজেলার সাধুর ব্রিজের পূর্ব ঢালে নিজেকে পুলিশ সদস্য পরিচয় দিয়ে রাজৈর থানার মোড়ে যাওয়ার জন্য ইজিবাইক ভাড়া করেন। সেখানে পৌঁছানোর পর আরও একজন পুলিশ পরিচয়ে এসে মজুমদারকান্দি এলাকায় অভিযান পরিচালনার কথা বলেন।

কিছুদুর যাওয়ার পর মোটরসাইকেলে এসে আরও দুই সহযোগীর সহায়তায় ব্যাটারিচালিত ইজিবাইকটি নিয়ে যান। পরে ১৩ জুন রাজৈর থানায় একটি মামলা দায়ের করেন তিনি।

মামলার পর তথ্যপ্রযুক্তির সহায়তায় রাজৈর থানা পুলিশ ও জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের যৌথ অভিযানে তিন আসামিকে গ্রেপ্তার করা হয়।

প্রেস ব্রিফিংয়ে সহকারী পুলিশ সুপার (শিবচর সার্কেল) মো. সালাহ উদ্দিন কাদের জানান, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে দেশের বিভিন্ন জেলায় চুরি, ছিনতাই ও ডাকাতির একাধিক মামলা রয়েছে। তারা দীর্ঘদিন ধরে পুলিশ পরিচয়ে সাধারণ মানুষকে প্রতারণার ফাঁদে ফেলে বিভিন্ন অপরাধ সংঘটিত করে আসছিল। এ চক্রের অন্যান্য সদস্যদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

পুলিশ জানিয়েছে, চক্রটির সঙ্গে জড়িত অন্য সদস্যদেরও দ্রুত আইনের আওতায় আনার চেষ্টা চলছে।

এমই

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ

এলাকার খবর
Loading...