স্কুলছাত্রী হত্যাকারীদের গ্রেপ্তার ও বিচারের দাবিতে মানববন্ধন

উপজেলা প্রতিনিধি, সিংগাইর (মানিকগঞ্জ)

স্কুলছাত্রী হত্যাকারীদের গ্রেপ্তার ও বিচারের দাবিতে মানববন্ধন
ছবি: আমার দেশ

মানিকগঞ্জের সিংগাইরে স্কুলছাত্রী মারিয়া (১৪) হত্যাকাণ্ডে জরিতদের গ্রেপ্তার ও বিচারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকাল ১১টায় সাহরাইল উচ্চ বিদ্যালয়ের সামনের সড়কে স্থানীয় এলাকাবাসী ও বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের উদ্যোগে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

এতে অংশগ্রহণ করে নিহত মারিয়া সহপাঠী, বিদ্যালয়ের শিক্ষার্থী, অভিভাবক, জনপ্রতিনিধি, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। মানববন্ধন থেকে পলাতক আসামিদের গ্রেপ্তার ও দ্রুত আইনে বিচার সম্পন্ন করে প্রকৃত অপরাধীদের সর্বোচ্চ শাস্তি ফঁসি নিশ্চিত করার দাবি জানানো হয়।

বিজ্ঞাপন

গত ১০ জুন উপজেলার সাহরাইল উচ্চ বিদ্যালয়ের মধ্যাহ্ন বিরতির সময়ে একটি শ্রেণিকক্ষে দশম শ্রেণির ছাত্র আলিফ ও অষ্টম শ্রেণির ছাত্রী মারিয়ার আপত্তিকর আচরণের অভিযোগ ওঠে। এ ঘটনার প্রেক্ষিতে গত ১৫ জুন অভিভাবকদের মুচলেকা নিয়ে উভয় শিক্ষার্থীকে বাধ্যতামুলক স্থানান্তর সনদ (টিসি) দেন স্কুল কর্তৃপক্ষ। এরপর থেকে নিখোঁজ ছিল মারিয়া মাহি।

অনেক খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাননি পরিবার। এ ঘটনায় নিখোঁজ ছাত্রীর পরিবারের পক্ষ থেকে থানায় লিখিত অভিযোগ করা হয়। এরপর গত রোববার বিকেলে উপজেলার চন্দননগর কবরস্থানের পাশে বাঁশের ঝোঁপ থেকে ঝুলন্ত অবস্থায় তার অর্ধগলিত খণ্ডিত লাশ উদ্ধার হয়। লাশের ওপরের অংশ একটি গাছের সঙ্গে গলায় ওড়না প্যাঁচানো অবস্থায় ছিল এবং পাশে কোমরের নিচের অংশ মাটিতে পড়ে ছিল।

এ ঘটনায় প্রধান শিক্ষকসহ ১৫ জনের নাম উল্লেখ ও অজ্ঞাতনামা আরও ৫-৬ জনকে আসামি করে থানায় এই মামলা করেন নিহত স্কুলছাত্রীর মা কামরুন্নাহার। এর মধ্যে ৮ জনকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ।

পলাতক আসামিদের গ্রেপ্তার ও বিচারের দাবিতে মঙ্গলবার মানববন্ধন করে বিদ্যালয়ের শিক্ষার্থী ও এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য রাখেন, স্থানীয় বাসিন্দা সেখ সোবহান, আমিনুর মৃধা, আবুবকর, উছমান গনি, মাহমুদুল হাসান গোলাপ ও দেলোয়ার হোসেন প্রমুখ।

বক্তারা বলেন, স্কুলছাত্রী মারিয়া মাহি হত্যাকাণ্ডে সহপাঠী, বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকসহ এলাকার মানুষ শোকে স্তব্ধ ও ক্ষুব্ধ। এই নৃশংস হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের বিচার ও শাস্তি নিশ্চিত না হলে সমাজে অপরাধ প্রবণতা বৃদ্ধি পাবে। পলাতক আসামিদের গ্রেপ্তার ও দ্রুত আইনে বিচার সম্পন্ন করে প্রকৃত অপরাধীদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার দাবি জানান তারা।

এমএই

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন