ফরিদপুরের সদরপুর উপজেলায় পৃথক ঘটনায় একই দিনে দুই নারীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। রোববার বিকেল ও সন্ধ্যায় উপজেলার ভাষানচর ও কৃষ্ণপুর ইউনিয়নে এ দুটি ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার কৃষ্ণপুর ইউনিয়নের নিজ গ্রামের ওবায়দুল মুন্সীর স্ত্রী লিপি আক্তার (৪২) দীর্ঘদিন ধরে ক্যান্সারে আক্রান্ত ছিলেন। অসুস্থতার কারণে তিনি মানসিক অবসাদে ভুগছিলেন বলে পরিবারের দাবি। রোববার সন্ধ্যায় নিজ বাড়ির গোয়ালঘরের আড়ার সঙ্গে গলায় ওড়না পেঁচানো অবস্থায় তার ঝুলন্ত মরদেহ দেখতে পান স্বজনরা। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।
অপরদিকে, ভাষানচর ইউনিয়নের ছমির হাজী কান্দি গ্রামের বুলু মুন্সীর মানসিক ভারসাম্যহীন কন্যা নাছরীন আক্তার (১৩) ছোটবেলা থেকেই মানসিক সমস্যায় ভুগছিল বলে জানা গেছে। রোববার বিকেলে তিনি খাবার না খেয়ে নিজ কক্ষে দরজা বন্ধ করে ছিলেন। পরে তার মা নাজমা বেগম ডাকাডাকি করে কোনো সাড়া না পেয়ে পরিবারের অন্য সদস্যদের সহায়তায় দরজা ভেঙে ভেতরে প্রবেশ করেন। সেখানে নাছরীনের ঝুলন্ত মরদেহ দেখতে পান তারা। পরে পুলিশকে খবর দেওয়া হলে মরদেহ উদ্ধার করা হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে সদরপুর থানার উপ-পরিদর্শক (এসআই) আসাদুজ্জামান রিপন জানান, দুটি লাশ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করা হয়েছে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

