বিচারক দম্পতির বাসায় চুরি, সাবেক স্বেচ্ছাসেবক দলের দুই নেতাসহ গ্রেপ্তার ৫

জেলা প্রতিনিধি, জামালপুর

বিচারক দম্পতির বাসায় চুরি, সাবেক স্বেচ্ছাসেবক দলের দুই নেতাসহ গ্রেপ্তার ৫

জামালপুর শহরে বিচারক দম্পতির ভাড়া বাসায় দুঃসাহসিক চুরির ঘটনায় সাবেক স্বেচ্ছাসেবক দলের দুই নেতাসহ পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারদের মধ্যে দুইজন গৃহকর্মীও রয়েছেন। ঘটনায় জড়িতদের শনাক্ত, চোরাই মালামাল উদ্ধার ও চক্রের অন্যান্য সদস্যদের খুঁজে বের করতে চারজনকে সাত দিনের রিমান্ড আবেদন করে শুক্রবার বিকেলে আদালতে পাঠানো হলে আদালত তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

মামলার এজাহার সূত্রে জানা যায়, বিচারক আহমাদুল কবির সাকিল ও বিচারক নুসরাত জেরিন জেনী প্রায় সাত মাস ধরে জামালপুর শহরের আমলাপাড়া এলাকার একটি ভাড়া বাসায় বসবাস করছেন। তারা যথাক্রমে মেলান্দহ ও দেওয়ানগঞ্জ সিভিল জজ আদালতে কর্মরত।

বিজ্ঞাপন

গত ৩০ জুন বিকেলে বিচারক আহমাদুল কবির সাকিল তার স্ত্রীকে জামথল ঘাটে পৌঁছে দিতে যান। পরে রাত প্রায় ৮টার দিকে বাসায় ফিরে তিনি মূল দরজা খুলতে না পেরে প্রতিবেশীদের সহায়তায় দরজা ভেঙে ভেতরে প্রবেশ করেন। এরপর দেখা যায়, দুর্বৃত্তরা শয়নকক্ষের জানালার গ্রিল কেটে ভেতরে ঢুকে আলমারির ড্রয়ার ভেঙে নগদ এক লাখ টাকা, স্বর্ণালঙ্কার, একটি হীরার আংটিসহ মোট ১৯ লাখ ১৭ হাজার ৯৮৩ টাকার মালামাল চুরি করে নিয়ে গেছে।

ঘটনার পরদিন জামালপুর জেলা ও দায়রা জজ আদালতের ভারপ্রাপ্ত প্রশাসনিক কর্মকর্তা এ.কে.এম. ছরওয়ার জাহান সিদ্দিকী বাদী হয়ে জামালপুর থানায় মামলা দায়ের করেন।

তদন্তের অগ্রগতিতে বৃহস্পতিবার রাতে একই ভবনের অপর একটি বাসার গৃহকর্মী নিলুফাকে গ্রেপ্তার করে পুলিশ। তার দেওয়া তথ্যের ভিত্তিতে বিচারক দম্পতির বাসার গৃহকর্মী হাওয়া বেগমকে আটক করা হয়। পরে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে আরও তিনজনকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—মেলান্দহ উপজেলার চর পলিশা গ্রামের নিলুফা (৩২), সদর উপজেলার তিতপল্লা সরদারপাড়া গ্রামের হাওয়া বেগম (৩০), শহরের আমলাপাড়া এলাকার চাঁন মিয়া ওরফে কালাচাঁন (৫০), গোলাপবাগ এলাকার সুমন মিয়া (৩৯) এবং কলেজ রোড এলাকার নাজমুল ইবনে হোসেন ওরফে বিপ্লব (৩৯)।

পুলিশ জানায়, গ্রেপ্তার সুমন মিয়া জামালপুর জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক ত্রাণ ও পুনর্বাসন বিষয়ক সম্পাদক এবং নাজমুল ইবনে হোসেন ওরফে বিপ্লব সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক ছিলেন।

জামালপুর থানার ওসি (তদন্ত) নূর মোহাম্মদ বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার ব্যক্তিরা চুরির ঘটনায় জড়িত থাকার কথা স্বীকার করেছেন। চক্রের মূল পরিকল্পনাকারী ও পলাতক সদস্যদের শনাক্ত এবং চোরাই মালামাল উদ্ধারের জন্য চারজনকে সাত দিনের রিমান্ড চেয়ে আদালতে পাঠানো হয়েছে। একইসঙ্গে গৃহকর্মী নিলুফা আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দিয়েছেন।

এ বিষয়ে জামালপুর জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মঞ্জুরুল করিম সুমন বলেন, গ্রেপ্তার হওয়া দুই ব্যক্তি অতীতে সংগঠনের পদে থাকলেও বর্তমানে তারা জেলা স্বেচ্ছাসেবক দলের কোনো দায়িত্বে নেই।

তবে স্থানীয় সূত্রে জানা গেছে, গ্রেপ্তার হওয়া সুমন মিয়া ও নাজমুল ইবনে হোসেন (বিপ্লব) সংগঠনের সর্বশেষ কমিটিতেও দায়িত্ব পালন করেছিলেন।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
Loading...