জৈব সার বিতরণে অনিয়ম, কৃষি কর্মকর্তা বদলি

উপজেলা প্রতিনিধি, কামারখন্দ (সিরাজগঞ্জ)

জৈব সার বিতরণে অনিয়ম, কৃষি কর্মকর্তা বদলি

সরকারি বৃক্ষরোপণ কর্মসূচির আওতায় গাছের চারা ও জৈব সার বিতরণের অনিয়ম সেই সঙ্গে বিতর্কের জেরে সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলা কৃষি কর্মকর্তা রতন চন্দ্র বর্মনকে খাগড়াছড়ির লক্ষ্মীছড়ি উপজেলায় বদলি করা হয়েছে। একই সঙ্গে ঘটনাটি তদন্তে তিন সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে।

সোমবার (২৯ জুন) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক এ কে এম মনজুরে মাওলা। গত রবিবার এক অফিস আদেশে রতন চন্দ্র বর্মনকে খাগড়াছড়ির লক্ষীছড়ি উপজেলা কৃষি কর্মকর্তা হিসেবে বদলির আদেশ জারি করেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মহাপরিচালক মো. আব্দুর রহিম।

বিজ্ঞাপন

অফিস আদেশে উল্লেখ করা হয়েছে, কামারখন্দ উপজেলা কৃষি কর্মকর্তা রতন চন্দ্র বর্মনকে আগামী ১লা জুলাইয়ের মধ্যে বর্তমান কর্মস্থল হতে অবমুক্ত হয়ে বদলিকৃত কর্মস্থলে যোগদান করতে হবে অন্যথায় ২ জুলাই হতে তিনি স্ট্যান্ড রিলিজ বলে গণ্য হবেন।

গত বুধবার (২৪ জুন) প্রধানমন্ত্রীর ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে কামারখন্দে গাছের চারা ও সার বিতরণে জৈব সারের পরিবর্তে পলিথিন মেশানো মাটি, ময়লা-আবর্জনা বিতরণের অভিযোগ তোলেন কৃষকরা। বিতরণ চলাকালে উপকারভোগী কৃষকরা সারের বস্তা খুলে দেখেন, পুরো বস্তা ময়লা-আবর্জনাযুক্ত বর্জ্য গোবর মাটিতে ভরা।

এ নিয়ে কৃষকদের মাঝে তীব্র ক্ষোভের সৃষ্টি হয় এবং অনেকেই ক্ষোভে সার না নিয়ে শুধু চারা গাছ নিয়ে বাড়ি ফিরে যান। এই ঘটনায় গত বুধবার ''২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচিতে পলিথিন মেশানো ভেজাল সার বিতরণ'' বিভিন্ন শিরোনামে প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় সংবাদ প্রকাশ হয়।

বৃহস্পতিবার (২৫ জুন) অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট জহুরুল ইসলামকে প্রধান করে তিন সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়। কমিটির অন্য সদস্যরা হলেন, জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপপরিচালক (পিপি) আনোয়ার সাদাত,সদর উপজেলা ভেটেরিনারি সার্জন ডা. মেরাজ হোসেন মিসবাহ। কমিটিকে আগামী তিন কর্মদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন দাখিলের সময় বেধে দেয় জেলা প্রশাসন।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন