বগুড়ার শেরপুরে পিকআপ ভ্যানের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে আবু সুফিয়ান (১৭) নামে এক কিশোর নিহত হয়েছে। এ ঘটনায় মোটরসাইকেলে থাকা আরও একজন গুরুতর আহত হয়েছে। বুধবার রাত সাড়ে ৮টার দিকে শেরপুর-ধুনট আঞ্চলিক সড়কে উপজেলার গাড়িদহ ইউনিয়নের রণবীরবালা এলাকায় বশির পাগলার মাজারের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত আবু সুফিয়ান মির্জাপুর ইউনিয়নের সরকারপাড়া গ্রামের শাহীন রানার ছেলে। এ ঘটনায় আহত ব্যক্তির পরিচয় জানা যায়নি।
স্থানীয় সূত্রে জানা যায়, দুই যুবক একটি মোটরসাইকেলে করে দ্রুতগতিতে শেরপুর-ধুনট আঞ্চলিক সড়ক দিয়ে যাচ্ছিলেন। এ সময় একটি পিকআপ ভ্যান ইউটার্ন নেওয়ার চেষ্টা করলে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে পিকআপের সঙ্গে সংঘর্ষ হয়। সংঘর্ষের তীব্রতায় দুই আরোহী সড়কে ছিটকে পড়ে। এতে ঘটনাস্থলেই আবু সুফিয়ানের মৃত্যু হয় এবং অপর আরোহী গুরুতর আহত হয়।
পরে স্থানীয়রা আহত ব্যক্তিকে উদ্ধার করে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।
প্রত্যক্ষদর্শী রাকিব জানান, পিকআপটি ইন্ডিকেটর দিয়ে ইউটার্ন নিচ্ছিল। তবে মোটরসাইকেলটি অতিরিক্ত গতিতে থাকায় চালক নিয়ন্ত্রণ হারিয়ে পিকআপের সঙ্গে ধাক্কা দেয়। দুর্ঘটনায় মোটরসাইকেলটি দুমড়ে-মুচড়ে যায়। ঘটনার পর পিকআপটি ঘটনাস্থল থেকে চলে যায়।
শেরপুর থানার ওসি এস এম মঈনুদ্দিন জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছেছে। আইনি প্রক্রিয়া শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
এমএইচ
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

