ঠাকুরগাঁওয়ে মাদকসহ মামা-ভাগনে গ্রেপ্তার

উপজেলা প্রতিনিধি, রাণীশংকৈল (ঠাকুরগাঁও)

ঠাকুরগাঁওয়ে মাদকসহ মামা-ভাগনে গ্রেপ্তার

ঠাকুরগাঁওয়ে প্রায় ১৫ লাখ টাকা মূল্যের ৩ হাজার পিস ইয়াবাসহ রাজা হাসান রাজু (২৯) ও রাফায়েল হাসান হৃদয় (১৮) নামে দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। গ্রেপ্তার হওয়া দুজন সম্পর্কে আপন মামা-ভাগনে।

সোমবার (২৯ জুন) সদর উপজেলার রহিমানপুর ইউনিয়নের লক্ষ্মীপুর গ্রামের ঠাকুরগাঁও-বালিয়াডাঙ্গীগামী পাকা সড়কে একটি ব্যাটারিচালিত ইজিবাইকে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

বিজ্ঞাপন

বিষয়টি নিশ্চিত করেছেন জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক হারুন আর রশিদ।

গ্রেপ্তারকৃত রাজা হাসান রাজু বালিয়াডাঙ্গী উপজেলার কালমেঘ এলাকার দারাব উদ্দীনের পুত্র ও রাফায়েল হাসান হৃদয় ঠাকুরগাঁও পৌর শহরের নিশ্চিন্তপুর এলাকার নবীর হোসেনের পুত্র।

জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে একটি ব্যাটারিচালিত ইজিবাইকের গতিরোধ করে তল্লাশি চালানো হয়। এ সময় রাজা হাসানের প্যান্টের পকেট থেকে ১ হাজার ৫০০ পিস এবং রাফায়েল হাসান হৃদয়ের প্যান্টের পকেট থেকে আরও ১ হাজার ৫০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া ৩ হাজার পিস ইয়াবার আনুমানিক বাজারমূল্য প্রায় ১৫ লাখ টাকা।

সহকারী পরিচালক হারুন আর রশিদ বলেন, “প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, গ্রেপ্তার হওয়া মামা-ভাগনে দীর্ঘদিন ধরে পরস্পরের যোগসাজশে ইয়াবা ট্যাবলেটের অবৈধ ব্যবসা পরিচালনা করে আসছিলেন। এই ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) সারণির ১০(খ)/৪১ ধারায় ঠাকুরগাঁও সদর থানায় মামলা করা হয়েছে।"

এ প্রসঙ্গে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহজাহান আলী বলেন, “মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর এই মামলাটি তদন্ত করবে। আমাদের থানায় শুধু মামলাটি রেকর্ডভুক্ত হয়েছে এবং গ্রেপ্তারকৃত দুজনকে আদালতে সোপর্দ করা হয়েছে।”

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন