যুবদল কর্মীদের হামলায় নিহত

শহীদ সাইফুল্লাহ বারীর কবর জিয়ারত করলেন জামায়াত নেতারা

আমার দেশ অনলাইন
আমার দেশ অনলাইন

শহীদ সাইফুল্লাহ বারীর কবর জিয়ারত করলেন জামায়াত নেতারা

গাইবান্ধায় যুবদলের প্রকাশ্য দিবালোকে ছুরিকাঘাতে নিহত বোনারপাড়া ইউনিয়ন ছাত্র শিবিরের সভাপতি শহীদ সাইফুল্লাহ বারীর কবর জিয়ারত এবং তার শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করেছেন জামায়াতের নেতৃবৃন্দ।

মঙ্গলবার স্থানীয় নেতৃবৃন্দ, বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক ব্যক্তিবর্গ এবং এলাকাবাসী সাইফুল্লাহ বারীর কবর জিয়ারত করেন। পরে তারা নিহতের পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করে গভীর সমবেদনা জানান এবং তার আত্মার মাগফিরাত কামনা করেন।

বিজ্ঞাপন

এ সময় বক্তারা বলেন, সাইফুল্লাহ বারী ছিলেন একজন আদর্শবান, মেধাবী ও সংগঠননিষ্ঠ তরুণ নেতা। তার অকাল মৃত্যু এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে। তারা ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত দোষীদের চিহ্নিত করে দ্রুত বিচারের আওতায় আনার দাবি জানান।

পরিবারের সদস্যদের সঙ্গে মতবিনিময়কালে নেতৃবৃন্দ তাদের খোঁজখবর নেন এবং সব ধরনের সহযোগিতার আশ্বাস প্রদান করেন। এ সময় শহীদের পরিবারের সদস্যরা ঘটনার সুষ্ঠু বিচার ও তাদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান। তারা বলেন, প্রিয়জন হারানোর বেদনা কোনোভাবেই পূরণ হওয়ার নয়, তবে দোষীদের বিচারের মাধ্যমে ন্যায়বিচার প্রতিষ্ঠা করা সম্ভব।

কবর জিয়ারত শেষে শহীদ সাইফুল্লাহ বারীর রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। এতে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী এবং এলাকাবাসী অংশগ্রহণ করেন।

এসময় উপস্থিত ছিলেন সাবেক জেলা আমির ডা. আব্দুর রহিম, শহীদের পিতা মাওলানা হাবিবুর রহমান, উপজেলা জামায়াতের আমির মাওলানা ইব্রাহিম হোসেন, ঘুড়িদহ ইউনিয়ন যুব বিভাগের সেক্রেটারি মো. শীলন, শহীদের বড় ভাই ফারুক আজম, উপজেলা ছাত্রশিবির সভাপতি হাফেজ সাজেদুর রহমান, উপজেলা প্রশিক্ষণ সম্পাদক মাওলানা জাহিদুল ইসলাম, উপজেলা জামে মসজিদের ইমাম হাফেজ মোত্তালিব, উপজেলা সেক্রেটারি মো. আব্দুল গফুর, উপজেলা বায়তুলমাল সম্পাদক আব্দুর রাজ্জাক এবং বোনারপাড়া ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি মো. আজাহার আলীসহ অন্যান্য নেতৃবৃন্দ।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ

এলাকার খবর
Loading...