সুনামগঞ্জের মধ্যনগর উপজেলায় মাছ ধরতে গিয়ে নৌকা থেকে পড়ে এক কিশোর নিখোঁজ হয়ে পড়েছে। শনিবার দুপুর ২টার দিকে সদর ইউনিয়নের নোয়াপাড়া গ্রামে বাড়ির পাশের হাওরে এ ঘটনা ঘটে।
নিখোঁজ জয় সরকার (১৭) ওই গ্রামের বিনয় সরকারের ছেলে।
পরিবারের সদস্য ও স্থানীয়রা জানান, জয় একটি নৌকা নিয়ে বাড়ির পাশেই জাল দিয়ে মাছ ধরতে যায়। একপর্যায়ে সে হঠাৎ নৌকা থেকে পানিতে পড়ে যায়। স্থানীয়রা তাৎক্ষণিক নৌকা নিয়ে তাকে উদ্ধারের চেষ্টা শুরু করেন। তবে বিকেল সাড়ে ৫টা পর্যন্ত তার কোনো সন্ধান পাওয়া যায়নি।
ধর্মপাশা ফায়ার সার্ভিসের ফায়ার ফাইটার আলমগীর হোসেন জানান, উদ্ধারকাজে ডুবুরি দলের সহায়তার জন্য ময়মনসিংহে খবর দেওয়া হয়েছে। ডুবুরি দল ঘটনাস্থলে পৌঁছানোর পর আনুষ্ঠানিকভাবে উদ্ধার অভিযান শুরু হবে।
মধ্যনগর থানার ওসি একেএম শাহাব উদ্দিন বলেন, আমরা ঘটনাস্থলে যাচ্ছি। বিষয়টি সম্পর্কে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।
জেডএম
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

