আ.লীগ আমলের মামলায় জামায়াত নেতা গ্রেপ্তার

উপজেলা প্রতিনিধি, কুলাউড়া (মৌলভীবাজার)

আ.লীগ আমলের মামলায় জামায়াত নেতা গ্রেপ্তার

মৌলভীবাজারের বড়লেখা উপজেলায় পতিত আওয়ামী লীগ সরকারের আমলে দায়ের করা একটি হত্যা মামলার পরোয়ানাভুক্ত (ওয়ারেন্ট) আসামি জামায়াত নেতা খিজির আহমেদকে গ্রেপ্তার করেছে বড়লেখা থানা পুলিশ।

গত শুক্রবার রাত ১১টার দিকে বড়লেখা বাজারের আলভীন রেস্টুরেন্ট থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

বিজ্ঞাপন

পুলিশ ও দলীয় সূত্রে জানা গেছে, ২০১৩ সালের ২৮ ফেব্রুয়ারি তৎকালীন জামায়াতে ইসলামীর নায়েবে আমির দেলাওয়ার হোসাইন সাঈদীকে আন্তর্জাতিক যুদ্ধাপরাধ ট্রাইব্যুনালে দোষীসাব্যস্ত করে আমৃত্যু কারাদণ্ড দেওয়া হয়। ওই রায়ের প্রতিবাদে বড়লেখায় জামায়াতে ইসলামী ও তৌহিদী জনতার মিছিলে আওয়ামী লীগ নেতাদের নেতৃত্বে পুলিশ হামলা ও গুলি চালায়। এ সময় জামায়াতে ইসলামীর কর্মী লোকমান আহমদ নিহত হন। এ ঘটনায় খিজির আহমদসহ জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্র শিবিরের ৬৫ জনসহ অজ্ঞাত নেতাকর্মীদের বিরুদ্ধে পুলিশ বাদী হয়ে একটি হত্যা মামলা করে। ১৩ বছর আগের সেই মামলার ওয়ারেন্ট জারি থাকায় তাকে গ্রেপ্তার করা হয়েছে।

গ্রেপ্তারকৃত খিজির আহমদের ছোট ভাই তারেক আহমদ জানান, আমার বড় ভাই দীর্ঘদিন থেকে কাতারে অবস্থান করছেন, সেখানে তিনি ব্যবসার সঙ্গে জড়িত। ৫ আগস্ট পরবর্তী তিনি দেশে নিয়মিত আসা-যাওয়া করছেন। ২০১৩ সালের একটি রাজনৈতিক মিথ্যা মামলার ওয়ারেন্ট দেখিয়ে আমার ভাইকে গ্রেপ্তার করা হয়েছে।

বড়লেখা উপজেলা শাখার সাবেক আমির ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান এমাদুল ইসলাম বলেন, সাবেক ছাত্রনেতা খিজির আহমেদ দীর্ঘদিন থেকে প্রবাসে অবস্থান করছেন। সেখানে তিনি বিভিন্ন ব্যবসার সঙ্গে জড়িত এবং অত্র এলাকার জননন্দিত জামায়াত নেতা। এর আগে তিনি পৌর মেয়র নির্বাচন করে বিপুল ভোটে নির্বাচিত হলেও পতিত স্বৈরাচার সরকার তার বিজয় ছিনতাই করে। এমতাবস্থায় তাকে ২০১৩ সালের রাজনৈতিক হয়রানি মামলায় গ্রেপ্তার করা খুবই দুঃখজনক। বর্তমানে অনেক মামলা প্রত্যাহার করা হচ্ছে। আইনশৃঙ্খলা বাহিনী বা পুলিশ প্রশাসন অতি উৎসাহী হয়ে এভাবে অভিযান ও গ্রেপ্তার করা খুবই দুঃখজনক। এই জন্য তীব্র নিন্দা জানাচ্ছি।

স্থানীয় এলাকার বেশ কয়েকজন ক্ষোভ প্রকাশ করে জানান, একজন জননন্দিত জামায়াত নেতাকে বাজার থেকে এভাবে ১৩ বছর আগের রাজনৈতিক মিথ্যা মামলার ওয়ারেন্ট দেখিয়ে গ্রেপ্তার করে নিয়ে যাওয়া ঠিক হয়নি।

গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে বড়লেখা থানার ওসি মনিরুজ্জামান খান আমার দেশকে বলেন, খিজির আহমদের বিরুদ্ধে জিআর ৬২/২০১৩ মামলা নং ২৭ (২৮-০২-১৩) আদালতের গ্রেপ্তারি পরোয়ানা থাকায়, তাকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে জেলে পাঠানো হয়েছে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন