৮২২ কোটি টাকার ভোজ্যতেল ও ডাল কেনার অনুমোদন দিল সরকার

স্টাফ রিপোর্টার

৮২২ কোটি টাকার ভোজ্যতেল ও ডাল কেনার অনুমোদন দিল সরকার

সরকারি বিপণন সংস্থা ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) জন্য চার কোটি লিটার ভোজ্যতেল ও ২২ হাজার ৫০০ টন মসুর ডাল কেনার অনুমোদন দিয়েছে সরকার। এতে ব্যয় হবে ৮২২ কোটি ৩১ লাখ টাকা। সরকার এই তেল ও ডাল টিসিবি মাধ্যমে নিম্ন আয়ের পরিবারের কাছে সাশ্রয়ী দামে বিক্রি করবে জানা গেছে।

বুধবার সচিবালয়ে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে এ দুই পণ্যসহ সার আমদানি, অবকাঠামো উন্নয়ন, মৎস্যসম্পদ অনুসন্ধান, যুব কর্মসংস্থান কর্মসূচি ইত্যাদি ২৩টি ক্রয় প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে। বৈঠক শেষে অর্থ মন্ত্রণালয় এ তথ্য জানায়।

বিজ্ঞাপন

স্থানীয় উন্মুক্ত দরপত্রের মাধ্যমে এক প্রস্তাবে ১০ হাজার টন মসুর ডাল সরবরাহের কাজ পেয়েছে চট্টগ্রামের পায়েল অটোমেটিক ফুড প্রসেসিং মিলস। প্রতি কেজি ৮১ টাকা ৪৭ পয়সা দরে এ ডাল কেনা হবে। এতে ব্যয় হবে ৮১ কোটি ৪৭ লাখ টাকা।

অন্য প্রস্তাবের পরিপ্রেক্ষিতে আন্তর্জাতিক উন্মুক্ত দরপত্রের মাধ্যমে ১২ হাজার ৫০০ টন মসুর ডাল সরবরাহের কাজ পেয়েছে অস্ট্রেলিয়াভিত্তিক এমসিজি ইন্টারন্যাশনাল পিটিওয়াই লিমিটেড। প্রতি টন ৫৫৯ মার্কিন ডলার দরে এ ডাল কেনা হবে। এতে মোট ব্যয় হবে ৮৫ কোটি ৭৭ লাখ টাকা। টিসিবির গুদাম পর্যন্ত পরিবহন ব্যয়সহ প্রতি কেজি ডালের মূল্য দাঁড়াবে ৭৪ টাকা ৮৬ পয়সা।

এদিকে টিসিবির জন্যই দুই কোটি লিটার পরিশোধিত পাম অলিন কেনার একটি প্রস্তাব অনুমোদন দিয়েছে ক্রয় কমিটি। স্থানীয় উন্মুক্ত দরপত্রের মাধ্যমে ঢাকার শবনম ভেজিটেবল অয়েল ইন্ডাস্ট্রিজ লিমিটেড থেকে এ তেল কেনা হবে। এতে ব্যয় হবে ৩৬৭ কোটি ৯০ লাখ টাকা। টিসিবির গুদাম পর্যন্ত পরিবহন ব্যয়সহ প্রতি লিটার পাম অলিনের মূল্য হবে ১৮৩ টাকা ৯৫ পয়সা।

বৈঠকে এ ছাড়া আন্তর্জাতিক উন্মুক্ত দরপত্রের মাধ্যমে আরও দুই কোটি লিটার পরিশোধিত সয়াবিন তেল কেনার আরেকটি প্রস্তাব অনুমোদিত হয়। অস্ট্রেলিয়াভিত্তিক এমসিজি ইন্টারন্যাশনাল পিটিওয়াই লিমিটেড থেকে এ তেল কেনা হবে। এতে ব্যয় হবে ২৭৭ কোটি ১৭ লাখ টাকা। পরিবহন ব্যয়সহ টিসিবির গুদাম পর্যন্ত প্রতি লিটার সয়াবিন তেলের মূল্য দাঁড়াবে ১৬৪ টাকা ৭৭ পয়সা।

এএস

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
Loading...