মূল্যস্ফীতি টানা তিন মাস ৯ শতাংশের বেশি

অর্থনৈতিক রিপোর্টার

মূল্যস্ফীতি টানা তিন মাস ৯ শতাংশের বেশি

চলতি বছরের জুন মাসে দেশের সামগ্রিক মূল্যস্ফীতি কমেছে। পয়েন্ট-টু-পয়েন্ট ভিত্তিতে জাতীয় পর্যায়ে সাধারণ মূল্যস্ফীতি কমে দাঁড়িয়েছে ৯ দশমিক ১৬ শতাংশে। তবে টানা তিন মাস মূল্যস্ফীতি ৯ শতাংশের বেশি আছে। এর আগে মে মাসে এই হার বেড়ে ১৬ মাসের মধ্যে সর্বোচ্চ ৯ দশমিক ৪২ শতাংশে পৌঁছেছিল। সর্বশেষ মার্চ মাসে সার্বিক মূল্যস্ফীতি ছিল ৮ দশমিক ৭১ শতাংশ।

দেশের বাজারে নিত্যপণ্য এবং জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রভাব মূল্যস্ফীতিতে প্রতিফলিত হয়েছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। ফলে সীমিত আয়ের ও মধ্যবিত্ত পরিবারগুলো ক্রমবর্ধমান ব্যয়ভার সামলাতে বাড়তি চাপের মুখে আছে।

বিজ্ঞাপন

গতকাল সোমবার বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) জুন মাসের মূল্যস্ফীতির হালনাগাদ তথ্য প্রকাশ করে।

বিবিএসের তথ্য অনুযায়ী, জুন মাসে দেশের সার্বিক মূল্যস্ফীতি শূন্য দশমিক ২৬ শতাংশ কমে ৯ দশমিক ১৬ শতাংশ হয়েছে, গত মে মাসে যেটি ছিল ৯ দশমিক ৪২ শতাংশ। এর আগে টানা চার মাস মূল্যস্ফীতি বৃদ্ধির পর চলতি বছরের মার্চে মূল্যস্ফীতি কিছুটা কমেছিল। এপ্রিল, মে ও জুন পরপর তিন মাস আবার বাড়ল। ২০২৫ সালের জুন মাসে সাধারণ মূল্যস্ফীতি ছিল ৮ দশমিক ৪৮ শতাংশ।

খাতভিত্তিক বিশ্লেষণে দেখা যায়, জুন মাসে খাদ্য ও খাদ্যবহির্ভূত—উভয় খাতেই মূল্যস্ফীতি কমেছে। উল্লিখিত মাসে খাদ্য মূল্যস্ফীতি শূন্য দশমিক ৪৬ শতাংশ কমে দাঁড়িয়েছে ৮ দশমিক ৬০ শতাংশে। মে মাসে যেটি ছিল ৯ দশমিক ০৬ শতাংশ। এর আগে, ২০২৫ সালের জুনে খাদ্য মূল্যস্ফীতি ছিল ৭ দশমিক ৩৯ শতাংশ। অন্যদিকে মে মাসে সার্বিক খাদ্যবহির্ভূত মূল্যস্ফীতি ৯ দশমিক ৭১ শতাংশ থাকলেও জুন মাসে সেটি কমে ৯ দশমিক ৬১ শতাংশে দাঁড়িয়েছে। কমেছে শূন্য দশমিক ১০ শতাংশ। এক বছর আগে ২০২৫ সালের জুন মাসে এ হার ছিল ৯ দশমিক ৩৭ শতাংশ।

বিবিএসের তথ্য বলছে, গ্রাম ও শহর—উভয় এলাকায় মূল্যস্ফীতি কমেছে। জুন মাসে গ্রামাঞ্চলে সার্বিক মূল্যস্ফীতি কমে ৯ দশমিক ২৩ শতাংশে নেমেছে, যা আগের মাসের তুলনায় শূন্য দশমিক ২৫ শতাংশ কম। এ সময়ে গ্রামে খাদ্য মূল্যস্ফীতি ছিল ৮ দশমিক ৫২ শতাংশ এবং খাদ্যবহির্ভূত মূল্যস্ফীতি দাঁড়ায় ৯ দশমিক ৮৯ শতাংশে। অন্যদিকে শহরাঞ্চলেও মূল্যস্ফীতি হ্রাস পেয়ে জুনে সার্বিক মূল্যস্ফীতি কমে ৯ দশমিক ০১ শতাংশে এসেছে, যা আগের মাসের তুলনায় শূন্য দশমিক ২৪ শতাংশ পয়েন্ট কম। এ সময়ে শহরে খাদ্য মূল্যস্ফীতি ছিল ৮ দশমিক ৭৬ শতাংশ এবং খাদ্যবহির্ভূত মূল্যস্ফীতি দাঁড়িয়েছে ৯ দশমিক ১৬ শতাংশে।

বিবিএসের ১২ মাসের চলন্ত গড় মূল্যস্ফীতির তথ্য বিশ্লেষণে দেখা যায়, ২০২৫ সালের জুলাই থেকে ২০২৬ সালের জুন পর্যন্ত ১২ মাসে দেশের গড় মূল্যস্ফীতি হয়েছে ৮ দশমিক ৬৮ শতাংশ। এর আগের ১২ মাসে, অর্থাৎ ২০২৪ সালের জুলাই থেকে ২০২৫ সালের জুন পর্যন্ত এ হার ছিল ১০ দশমিক ০৩ শতাংশ। ফলে আগের বছরের তুলনায় চলতি অর্থবছরে বার্ষিক গড় মূল্যস্ফীতি কিছুটা হ্রাস পেয়েছে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ

এলাকার খবর
Loading...