নগদ থেকে ডাক বিভাগের রাজস্ব আয় সাড়ে ১৮ কোটি টাকা

নগদ থেকে ডাক বিভাগের রাজস্ব আয় সাড়ে ১৮ কোটি টাকা

মোবাইল আর্থিক সেবা প্রতিষ্ঠান নগদ ২০২৫-২০২৬ অর্থবছরের রাজস্ব ভাগাভাগির অংশ হিসেবে বাংলাদেশ ডাক বিভাগকে ১৮ কোটি ৫৬ লাখ ৮৬ হাজার ১৭৮ টাকা প্রদান করেছে। আগের অর্থবছরের তুলনায় এ রাজস্ব প্রায় ৫ কোটি টাকা বা ৩৪ শতাংশের বেশি বৃদ্ধি পেয়েছে।

বিজ্ঞাপন

বুধবার রাজধানীর আগারগাঁওয়ের ডাক ভবনে আয়োজিত এক অনুষ্ঠানে ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের মন্ত্রী ফকির মাহবুব আনাম-এর হাতে রাজস্বের চেক তুলে দেন বাংলাদেশ ব্যাংকনিযুক্ত নগদের প্রশাসক মো. মোতাছিম বিল্লাহ।

এ সময় ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিব বিলকিস জাহান রিমি, ডাক অধিদপ্তরের মহাপরিচালক কাজী আসাদুল ইসলামসহ ডাক বিভাগ ও নগদের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে মন্ত্রী ফকির মাহবুব আনাম বলেন, “নগদ না থাকলে বাজারে একচেটিয়া অবস্থা (মনোপলি) তৈরি হবে। আমরা তা হতে দেব না। নগদকে প্রতিযোগিতামূলক বাজারে টিকে থাকতে হবে এবং আরও লাভজনক হতে হবে।” তিনি নগদকে ঘিরে গুজবে কান না দেওয়ার জন্য সাংবাদিকদের প্রতি আহ্বান জানান।

মন্ত্রী আরও বলেন, দেশের প্রত্যন্ত অঞ্চলের মানুষ, শিক্ষার্থী এবং সাধারণ জনগণের জন্য ডিজিটাল আর্থিক লেনদেনের বিকল্প নেই। সরকারি প্রতিষ্ঠান হিসেবে নগদের প্রতি মানুষের আস্থা রয়েছে, তাই সেবার মান আরও উন্নত করে প্রতিষ্ঠানটিকে এগিয়ে নিতে হবে।

ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিব বিলকিস জাহান রিমি বলেন, “আজকের দিনটি আমাদের জন্য আনন্দের। নগদের মাধ্যমে সরকার উল্লেখযোগ্য পরিমাণ রাজস্ব পেয়েছে। ভবিষ্যতে ডাক বিভাগ ও নগদের মধ্যে সহযোগিতা আরও বাড়ানোর বিষয়ে কাজ করা হবে।”

ডাক অধিদপ্তরের মহাপরিচালক কাজী আসাদুল ইসলাম বলেন, “সরকারি প্রতিষ্ঠান লাভ করতে পারে না—এই ধারণা নগদ ভুল প্রমাণ করেছে। আমরা দেখিয়েছি, সরকারি সেবাও লাভজনক হতে পারে।”

তিনি জানান, নগদের যাত্রা শুরুর পর থেকে প্রতিষ্ঠানটি সরকারকে ৯৪৬ কোটি টাকা কর এবং ডাক বিভাগকে ৪৭ কোটি টাকা রাজস্ব দিয়েছে। ফলে সরকার মোট প্রায় এক হাজার কোটি টাকার আর্থিক সুবিধা পেয়েছে।

নগদের প্রশাসক মো. মোতাছিম বিল্লাহ বলেন, প্রযুক্তির মাধ্যমে দেশের প্রান্তিক জনগোষ্ঠীকে আর্থিক সেবার আওতায় আনার ক্ষেত্রে নগদের ভূমিকা গুরুত্বপূর্ণ। পাশাপাশি বাজারে প্রতিযোগিতা সৃষ্টি, গ্রাহকস্বার্থ রক্ষা এবং সরকারের রাজস্ব বৃদ্ধিতেও প্রতিষ্ঠানটি উল্লেখযোগ্য অবদান রেখে চলেছে।

২০১৯ সালের মার্চে যাত্রা শুরু করা নগদ বাংলাদেশ ডাক বিভাগের সঙ্গে চুক্তির আওতায় পরিচালিত হচ্ছে। চুক্তি অনুযায়ী, ব্যবসা পরিচালনার জন্য প্রয়োজনীয় প্রযুক্তি ও বিনিয়োগ নগদ লিমিটেড বহন করে এবং ডাক বিভাগের কোনো আর্থিক বিনিয়োগ থাকে না। সেবা থেকে অর্জিত আয়ের ৫১ শতাংশ বাংলাদেশ ডাক বিভাগ এবং ৪৯ শতাংশ নগদ লিমিটেড পেয়ে থাকে।

নগদ জানিয়েছে, চলতি অর্থবছরের প্রথম ১১ মাসে ভ্যাট ও অন্যান্য কর বাবদ ৩১৩ কোটি টাকা সরকারকে পরিশোধ করেছে।

ব্যবসায়িক প্রবৃদ্ধির তথ্য তুলে ধরে প্রতিষ্ঠানটি জানায়, ২০২৫-২৬ অর্থবছরে নগদের মাধ্যমে ৪ লাখ ২৭ হাজার কোটি টাকার লেনদেন হয়েছে, যা আগের অর্থবছরের ৩ লাখ ৪০ হাজার কোটি টাকা থেকে ২৫ দশমিক ৫০ শতাংশ বেশি। একই সময়ে নগদের সক্রিয় (অ্যাকটিভ) গ্রাহক সংখ্যা ৩ কোটি ছাড়িয়েছে এবং অ্যাপ ব্যবহারকারীর সংখ্যা সোয়া দুই কোটিরও বেশি হয়েছে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন