ইলিয়াস আলী গুম: উইং কমান্ডার সাইফুরের বিরুদ্ধে পরোয়ানা

ইলিয়াস আলী গুম: উইং কমান্ডার সাইফুরের বিরুদ্ধে পরোয়ানা
ছবি: উইং কমান্ডার সাইফুর রহমান ও এম ইলিয়াস আলী।

বিএনপির কেন্দ্রীয় নেতা এম ইলিয়াস আলীকে ২০১২ সালের ১৭ এপ্রিল গুমের ঘটনায় উইং কমান্ডার সাইফুর রহমানের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে ট্রাইব্যুনাল।

রোববার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ প্রসিকিউশনের আবেদনের পরিপ্রেক্ষিতে এই আদেশ দেয়।

বিজ্ঞাপন

মামলার প্রসিকিউটর শাইখ মাহদি আমার দেশকে বলেন, প্রাথমিক তদন্ত ও সাক্ষীর জবানবন্দিতে ইলিয়াস আলীকে অপহরণের ঘটনায় উইং কমান্ডার সাইফুরের সরাসরি সম্পৃক্ততার প্রমাণ পাওয়া গেছে। গত কয়েকদিন ধরে তাকে গ্রেপ্তার করে বিমানবাহিনীর হেফাজতে রাখা হয়েছে, এমন খবর সোশ্যাল মিডিয়ায় দেখা গেছে। বাস্তবে এর কোনো সত্যতা পাওয়া যায়নি। আমরা আজ সাইফুরের গ্রেপ্তারি পরোয়ানার আবেদন করলে ট্রাইব্যুনাল তা মঞ্জুর করে।

প্রসিকিউশন সূত্রে জানা যায়, দেড় দশক আগে বিএনপি নেতা ইলিয়াস আলীকে অপহরণের প্রথম চেষ্টা ব্যর্থ হওয়ার পর সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসানের নেতৃত্বে দ্বিতীয় চেষ্টায় তাকে তুলে নিয়ে যাওয়ার তথ্য পেয়েছে ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা।

ওই সময় বিমান বাহিনীর তখনকার স্কোয়াড্রন লিডার সাইফুর রহমান র‌্যাবের গোয়েন্দা শাখায় কর্মরত ছিলেন। আর তখনকার লেফটেন্যান্ট কর্নেল জিয়াউল আহসান ছিলেন র‌্যাবের গোয়েন্দা শাখার পরিচালক।

সাবেক সেনাপ্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদের জামাতা সাইফুর সর্বশেষ বিমান সদর দপ্তরের ‘ডিরেক্টরেট অব এয়ার ট্রেনিং’ ডেপুটি ডিরেক্টর হিসেবে কর্মরত ছিলেন।

গত ২১ জুন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শতাধিক গুম-খুনের ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় সেনাবাহিনীর ওয়ারেন্ট অফিসার ইমরুল কায়েসের জবানবন্দিতে ইলিয়াস আলীর গুম ও হত্যার ঘটনায় সাইফুর রহমানের নাম আসে। এই মামলায় বরখাস্ত মেজর জেনারেল জিয়াউল আহসান গ্রেপ্তার রয়েছেন।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন