হাইকোর্ট বিভাগে দীর্ঘদিন ধরে ঝুলে থাকা পুরোনো মামলা নিষ্পত্তির বিশেষ কার্যক্রমে আরও অগ্রগতি হয়েছে। বৃহস্পতিবার একদিনেই ক্রিমিনাল মিস ও রিট—দুই ধরনের মিলিয়ে ২ হাজার ৪১১টি পুরোনো মামলার নিষ্পত্তি হয়েছে।
এর মধ্যে হাইকোর্ট বিভাগের ক্রিমিনাল মোশন বেঞ্চে ১ হাজার ৬৫৫টি পুরোনো ক্রিমিনাল মিস মামলা এবং রিট মোশন বেঞ্চে ৭৫৬টি পুরোনো রিট মামলার নিষ্পত্তি করা হয়েছে।
এ নিয়ে বিশেষ কার্যক্রম শুরুর পর ছয় কার্যদিবসে মোট ২৬ হাজার ৫৬০টি পুরোনো মামলার নিষ্পত্তি হয়েছে। এর মধ্যে ১৯ হাজার ৮৩৬টি ক্রিমিনাল মিস মামলা এবং ৬ হাজার ৭২৪টি রিট মামলা রয়েছে।
প্রধান বিচারপতির নির্দেশনায় হাইকোর্ট বিভাগের ক্রিমিনাল মোশন ও রিট মোশন বেঞ্চে দীর্ঘদিনের পুরোনো মামলা নিষ্পত্তির এ বিশেষ কার্যক্রম চলছে। বিচারপ্রার্থীদের দ্রুত ন্যায়বিচার নিশ্চিত করা, মামলা জট কমানো এবং বিচারব্যবস্থার কার্যকারিতা বাড়ানোর লক্ষ্যেই এ উদ্যোগ নেওয়া হয়েছে।
গত ৭ মে থেকে হাইকোর্ট বিভাগের ক্রিমিনাল মোশন ও রিট মোশন বেঞ্চের বিচারপতিরা প্রতি সপ্তাহের নির্ধারিত একদিন পুরোনো ক্রিমিনাল মিস ও রিট মামলার শুনানি ও নিষ্পত্তিকে অগ্রাধিকার দিয়ে এ কার্যক্রম পরিচালনা করছেন।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

