বিচারপতি খায়রুলের জামিন বহাল, ‘মুক্তিতে বাধা নেই’

বিচারপতি খায়রুলের জামিন বহাল, ‘মুক্তিতে বাধা নেই’
সাবেক প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হক

হত্যাচেষ্টা ও বিস্ফোরকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে বনানী থানায় করা মামলায় আওয়ামীপন্থি সাবেক প্রধান বিচারপতি খায়রুল হককে হাইকোর্টের দেওয়া জামিন বহাল রেখেছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। ফলে খায়রুল হকের কারামুক্তিতে বাধা নেই বলে জানিয়েছেন তার আইনজীবীরা।

বিজ্ঞাপন

জামিন স্থগিত চেয়ে রাষ্ট্রপক্ষের আবেদনের শুনানি নিয়ে সোমবার আপিল বিভাগের বিচারপতি মো. রেজাউল হকের চেম্বার জজ আদালত এ আদেশ দেন। আদালতে খায়রুল হকের পক্ষে শুনানিতে ছিলেন আইনজীবী মোহাম্মদ মোতাহার হোসেন সাজু। সঙ্গে ছিলেন আইনজীবী মোনায়েম নবী শাহীন। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল সৈয়দা সাজিয়া শারমিন।

হত্যাচেষ্টা ও বিস্ফোরকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে বনানী থানায় করা মামলায় ১০ আগস্ট খায়রুল হককে অন্তর্বর্তীকালীন জামিন দেন হাইকোর্ট। পৃথক আট মামলায় জামিনের পর বনানী থানার মামলায় খায়রুল হককে গ্রেপ্তার করতে গত ২ জুলাই আদালতে আবেদন করেন তদন্ত কর্মকর্তা। এ মামলায় ৮ জুলাই খায়রুল হককে গ্রেপ্তার দেখানো হয়। গত ২৭ জুলাই এই মামলায় নিম্ন আদালতে খায়রুল হকের জামিনের আবেদন নামঞ্জুর হয়। এর পরিপ্রেক্ষিতে গত ৯ আগস্ট হাইকোর্টে জামিন চেয়ে তিনি আবেদন করেন। আবেদনটির ওপর শুনানি শেষে আদালত আদেশ দেন।

ওই মামলার এজাহারের ভাষ্য, ২০২৪ সালের ৪ আগস্ট রাজধানীর মহাখালীর সেতু ভবনের সামনে আন্দোলনকারীরা অবস্থান করছিলেন। সেখান থেকে শাহবাগের দিকে যাওয়ার পথে তাদের ওপর হামলা, গুলিবর্ষণ, ককটেল নিক্ষেপ করা হয়। এ সময় উজ্জ্বল মিয়াসহ ২৫ থেকে ৩০ জন আহত হন। এ ঘটনায় উজ্জ্বল মিয়া বনানী থানায় হত্যাচেষ্টা ও বিস্ফোরকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করেন।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন