শর্ত পূরণে ব্যর্থ ৬২১ কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানের ভর্তি স্থগিত

স্টাফ রিপোর্টার

শর্ত পূরণে ব্যর্থ ৬২১ কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানের ভর্তি স্থগিত
ফাইল ছবি

দীর্ঘদিন ধরে কোনো শিক্ষার্থী ভর্তি না করায় দেশের ৬২১টি ভোকেশনাল শিক্ষা প্রতিষ্ঠানের ভর্তি কার্যক্রম স্থগিত করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। একই সঙ্গে বিধি মোতাবেক এ সকল প্রতিষ্ঠানের পাঠদানের অনুমোদন কেন বাতিল বা প্রত্যাহার করা হবে না তা জানতে চেয়ে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার কারিগরি শিক্ষা বোর্ডের সচিব ও পরিদর্শক (অতিরিক্ত দায়িত্ব) মো. আল মাসুদ করিম স্বাক্ষরিত এক আদেশে এ কথা জানানো হয়।

বিজ্ঞাপন

বোর্ডের প্রকাশিত তালিকায় দেখা গেছে, মোট ৬২১টি কারিগরি প্রতিষ্ঠানের মধ্যে এসএসসি (ভোকেশনাল) শিক্ষাক্রমের ৪৪৩টি এবং দাখিল (ভোকেশনাল) শিক্ষাক্রমের ১৭৮টি প্রতিষ্ঠান রয়েছে।

আদেশে জানানো হয়, যেসকল কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানে দীর্ঘ দিন যাবৎ কোনো শিক্ষার্থী ভর্তি করা হচ্ছে না, সে সকল প্রতিষ্ঠানে আগামী ২০২৬-২৭ শিক্ষাবর্ষ থেকে সব ধরনের ভর্তি কার্যক্রম স্থগিত থাকবে। একই সঙ্গে প্রতিষ্ঠানের পাঠদান অনুমোদন কেন বাতিল করা হবে না, তার যৌক্তিক ব্যাখ্যা আগামী ২২ জুলাইয়ের মধ্যে বোর্ডে জমা দিতে বলা হয়েছে।

কারিগরি বোর্ড জানিয়েছে, বেসরকারি কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান স্থাপন, পাঠদান ও স্বীকৃতি প্রদান সংক্রান্ত নীতিমালা-২০২৪’ এর শর্ত পূরণে ব্যর্থ প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে এই ব্যবস্থা নেওয়া হচ্ছে।

নীতিমালা অনুযায়ী, নির্ধারিত সময়ের মধ্যে প্রতিষ্ঠানের ভর্তি, ফলাফল, অবকাঠামো, শিক্ষক-কর্মচারী নিয়োগ, ব্যবস্থাপনা কমিটি, আসবাবপত্র, যন্ত্রপাতি, লাইব্রেরি এবং পাঠদানের অনুমতি প্রদানকালে আরোপিত অন্যান্য শর্তাবলি পূরণে ব্যর্থ হলে সরকারের অনুমোদনক্রমে বোর্ড যেকোনো প্রতিষ্ঠানের পাঠদানের অনুমতি বাতিল বা প্রত্যাহার করতে পারবে।

কারিগরির নবম শ্রেণিতে ভর্তির বয়স কমিয়ে ১২ বছর নির্ধারণ

দেশের এসএসসি (ভোকেশনাল) ও দাখিল (ভোকেশনাল) শিক্ষাক্রমে নবম শ্রেণিতে শিক্ষার্থী ভর্তির ন্যূনতম বয়সসীমা কমানো হয়েছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ভর্তির ন্যূনতম বয়স ১৩ বছর পরিবর্তন করে ১২ বছর নির্ধারণ করা হয়েছে। বৃহস্পতিবার কারিগরি শিক্ষা বোর্ডের এক বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বোর্ডের গত ২৩ মে প্রকাশিত ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের মূল রেজিস্ট্রেশন কার্যক্রমের বিজ্ঞপ্তিতে নবম শ্রেণিতে শিক্ষার্থী ভর্তির ন্যূনতম বয়সের যোগ্যতা গত বছরের ৩১ ডিসেম্বর ন্যূনতম ১৩ বছর নির্ধারণ করা হয়েছিল। কর্তৃপক্ষের অনুমোদনক্রমে তা সংশোধন করে এখন ১২ বছর করা হলো।

কর্তৃপক্ষ জানিয়েছে, বয়সের এই সংশোধন ব্যতীত পূর্বের বিজ্ঞপ্তিতে উল্লিখিত সকল নির্দেশনা অপরিবর্তিত থাকবে।

সব কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানে বৃক্ষরোপণের নির্দেশ

জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলা এবং সবুজায়নের লক্ষ্যে সরকারের ‘৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ’ কর্মসূচির আওতায় দেশের সকল কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানে ফলজ ও বনজ বৃক্ষরোপণের নির্দেশ দেওয়া হয়েছে।

একই সঙ্গে বর্তমান সরকার দায়িত্ব গ্রহণের পর থেকে এ পর্যন্ত রোপণকৃত গাছের সার্বিক তথ্য আগামী ৩০ জুনের মধ্যে বোর্ডে পাঠানোর তাগিদ দেওয়া হয়েছে। কারিগরি শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য কথা বলা হয়। বিজ্ঞপ্তিতে বোর্ডের আওতাধীন সকল শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানদের এ নির্দেশনা দেওয়া হয়েছে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন