শেকৃবি শিক্ষার্থীর বায়োনাইট প্ল্যাটফর্ম

সেকেন্ডেই মিলবে প্রাণীর প্রেসক্রিপশন

প্রতিনিধি, শেকৃবি

সেকেন্ডেই মিলবে প্রাণীর প্রেসক্রিপশন

ভেটেরিনারি চিকিৎসায় প্রাণীর প্রজাতি, ওজন ও শারীরিক অবস্থাভেদে ওষুধের ডোজ নির্ধারণ একটি জটিল ও সময়সাপেক্ষ কাজ। এ প্রক্রিয়াকে সহজ ও দ্রুত করতে এআইভিত্তিক ভেটেরিনারি প্রেসক্রিপশন প্ল্যাটফর্ম ‘বায়োনাইট’ তৈরি করেছেন শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের (শেকৃবি) শিক্ষার্থী আনিসুর রহমান খান।

বায়োনাইট প্ল্যাটফর্মটি ব্যবহার করে কেউ প্রাণীর প্রজাতি, ওজন, রোগের ইতিহাস ও ক্লিনিক্যাল লক্ষণ ইনপুট দিলে কয়েক সেকেন্ডের মধ্যে সম্ভাব্য রোগ, ক্লিনিক্যাল পর্যবেক্ষণ এবং প্রয়োজনীয় ওষুধ ও ডোজসংক্রান্ত পরামর্শ পাওয়া যাবে। ব্যবহারকারীরা চাইলে ম্যানুয়ালভাবেও রোগ নির্বাচন করে প্রেসক্রিপশন তৈরি করতে পারেন বলে জানান আনিসুর।

বিজ্ঞাপন

বিশ্ববিদ্যালয়ের অ্যানিম্যাল সায়েন্স অ্যান্ড ভেটেরিনারি মেডিসিন অনুষদে কোর্স করার সময় প্রাণীর ওজন অনুযায়ী একই ওষুধের ডোজ বারবার হিসাব করার প্রয়োজনীয়তা থেকেই এ উদ্যোগের ধারণা আসে আনিসুরের মাথায়। এর পাশাপাশি প্রোগ্রামিংয়ের প্রতি আগ্রহ থাকায় তিনি প্রযুক্তির মাধ্যমে সমস্যাটির সমাধান খুঁজতে শুরু করেন। প্রায় দেড় বছরের গবেষণা, পরিকল্পনা, সফটওয়্যার উন্নয়ন ও তথ্যভান্ডার তৈরির পর যাত্রা শুরু করে বায়োনাইট। বর্তমানে পরীক্ষামূলক ও সীমিত ব্যবহার পর্যায়ে থাকা প্ল্যাটফর্মটিতে ইতোমধ্যে প্রায় ৬৮৩ বার ড্রাগ রিডিং সম্পন্ন হয়েছে।

আনিসুর বলেন, প্রযুক্তির মাধ্যমে ভেটেরিনারি চিকিৎসকদের দৈনন্দিন কাজ আরো সহজ, দ্রুত ও কার্যকর করাই আমাদের লক্ষ্য। বাংলাদেশে ভেটেরিনারি চিকিৎসাব্যবস্থাকে আরো তথ্যভিত্তিক ও প্রযুক্তিনির্ভর করতে আমরা কাজ করছি।

এ বিষয়ে শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের সার্জারি ও থেরিওজেনোলজি বিভাগের সহযোগী অধ্যাপক ড. রাশেদুল ইসলাম বলেন, বায়োনাইট একটি প্রশংসনীয় উদ্যোগ। প্ল্যাটফর্মটি কার্যকর মনে হয়েছে। ভবিষ্যতে আরো যাচাই-বাছাই ও উন্নয়নের মাধ্যমে এটি ভেটেরিনারি চিকিৎসা খাতে গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারে।

বর্তমানে বায়োনাইট বিনামূল্যে ব্যবহার করা যাচ্ছে। ভবিষ্যতে ভেটেরিনারি ক্লিনিক ও হাসপাতাল ব্যবস্থাপনা, রোগের প্রবণতা বিশ্লেষণ, ডেটাচালিত রোগ পর্যবেক্ষণ ব্যবস্থা, সম্ভাব্য জুওনোটিক ঝুঁকি শনাক্তকরণ এবং অ্যান্ড্রয়েড ও আইওএস অ্যাপ চালুর পরিকল্পনা রয়েছে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন